ভোটার তালিকার কার্যক্রম উদ্বোধন করবেন সাংসদ!
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকা হালনাগাদ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়েছে জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানকে। আজ মঙ্গলবার সকালে এই অনুষ্ঠান হওয়ার কথা। ইতিমধ্যে নাসিম ওসমানকে প্রধান অতিথি করে আমন্ত্রণপত্র বিলিও করা হয়েছে।জানতে চাইলে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাকিবুজ্জামান বলেন, আজ নারায়ণগঞ্জ কলেজ ক্যাম্পাসে ১৫ নম্বর ওয়ার্ডের ভোটারদের ছবি তোলার স্থান নির্ধারণ করেছেন তাঁরা। আগামীকাল বুধবার পর্যন্ত এই কাজ চলবে। এ কাজের উদ্বোধনের জন্য তাঁরা কোনো আয়োজন করেননি। তিনি বলেন, ছবি তোলার পুরো কার্যক্রম চলবে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানিয়েছে, নারায়ণগঞ্জ কলেজ কর্তৃপক্ষ এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে। তারাই উদ্বোধক হিসেবে স্থানীয় সাংসদ নাসিম ওসমানের নামসহ কার্ড ছাপিয়ে সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানিয়েছে। জানতে চাইলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিরাজ কুমার সাহা বলেন, কলেজ পরিচালনা কমিটি এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে। নারায়ণগঞ্জ কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু হাসনাত মো. শহীদ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি নাসিম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। সাংসদকে দিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধনের এই আয়োজনে আবু হাসনাতের বড় ভূমিকা রয়েছে বলে অভিযোগ রয়েছে। ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, তিনি ইতিমধ্যে ১৫ নম্বর ওয়ার্ডে মাইকিং করে ছবি তোলার প্রচারণা চালিয়েছেন। যাতে ভোটাররা নির্ধারিত সময়ে ছবি তুলতে আসেন। তবে উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপারে তিনি কিছু জানেন না। জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার বলেন, ভোটার তালিকা কার্যক্রমে সাংসদকে প্রধান অতিথি করা নজিরবিহীন ঘটনা। তাঁর অভিযোগ, সাংসদের কর্তৃত্ব ও ক্ষমতা জাহির করতে এ ধরনের বেআইনি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।জানতে চাইলে নির্বাচন কমিশনার আবু হাফিজ প্রথম আলোকে বলেন, ‘এ রকম কোনো খবর আমাদের কাছে আসেনি। তবে ভোটার তালিকার এ ধরনের কাজে রাজনৈতিক নেতাদের অংশগ্রহণ উচিত নয়।’ তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার উদ্বোধন করেছেন। এরপর সারা দেশেই কার্যক্রম শুরু হয়েছে। নতুন করে উদ্বোধনের সুযোগ নেই।