কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন
ভোটার তালিকায় দ্বৈত নাগরিকদের বাদ দেওয়ার বিষয়ে আদালতের রুল
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটার তালিকায় বিদেশি (ভারতীয়) নাগরিকদের বাদ দেওয়ায় ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে এই রুল জারি করেন। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।কাল বৃহস্পতিবার সিটি করপোরেশনটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু ভোটার তালিকায় ভারতীয় নাগরিক রয়েছে দাবি করে নির্বাচনে দোয়াত-কলম প্রতীকে মেয়র প্রার্থী সালমান সাইদ এই রিট আবেদনটি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রফিক উল হক। তাঁকে সহায়তা করেন আইনজীবী রুহুল কুদ্দুস। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল। ডেপুটি অ্যাটর্নি রাজিক আল জলিল প্রথম আলোকে বলেন, আদালত ভোটার তালিকায় থাকা দ্বৈত নাগরিকদের বাদ দেওয়ার বিষয়ে রুল জারি করেছেন। ফলে কাল নির্বাচন অনুষ্ঠানে আইনগত কোনো বাধা নেই।