ভোটার হওয়ার জন্য ৬৮ হাজার আবেদন
খসড়া ভোটার তালিকা সম্পর্কে দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ শেষে সারা দেশে আরও ৬৮ হাজার ২৪১ জন ভোটার হওয়ার আবেদন করেছেন। আবেদন নিষ্পত্তি করার শেষ তারিখ ২৭ জানুয়ারি। এরপর ৩১ জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। কমিশন সচিবালয় সূত্র জানায়, তালিকার ভুল সংশোধনের জন্য আট হাজার ২৯৩, স্থানান্তরের জন্য পাঁচ হাজার ৬৮৭ এবং নাম কর্তনের জন্য এক হাজার ৬২৬ জন আবেদন করেছেন। গত বছরের ১০ মার্চ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে পর্যায়ক্রমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে ভোটার তালিকা হালনাগাদ করা হয়। ১ জানুয়ারি পর্যন্ত যাদের বয়স ১৮ বছর বা তার বেশি ছিল, তাঁদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ২ জানুয়ারি সারা দেশে হালনাগাদ করা ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়। এরপর ১৭ জানুয়ারি পর্যন্ত এ-সম্পর্কিত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হয়। খসড়া তালিকা প্রকাশের সময় পর্যন্ত ৬৯ লাখ ৩০ হাজার ৩০৩ জন নতুন ভোটার নিবন্ধিত হন। এর মধ্যে নারী ২৮ লাখ ১৮ হাজার ৬৩৮ এবং পুরুষ ৪১ হাজার ১১ লাখ ৬৬৫ জন। এ ছাড়া বিদ্যমান ভোটার তালিকা থেকে ছয় লাখ ৭৩ হাজার ৮৯৬ জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। স্থানান্তর হয়েছেন চার লাখ ৪০ হাজার ৭০৪ জন।