ভোটারদের জন্য প্রতিশ্রুতি নেই, কেবল পাশে থাকার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপাসিয়া বাজারের ফিউচার কম্পিউটার নামের একটি দোকানের মালিক শাব্বীর আহমেদ। উপনির্বাচন প্রসঙ্গে শাব্বীর প্রথম আলোকে বলেন, এ এলাকা থেকে অনেকে মন্ত্রী-সাংসদ হয়েছেন। কিন্তু এলাকাবাসীর প্রত্যাশা কেউ পূরণ করেননি।‘কাপাসিয়া এখনো পৌরসভা হয়নি, ঢাকার এত কাছে হলেও সব ইউনিয়নে বিদ্যুৎ নেই। একটা ভালো মানের কলেজ নেই, গ্যাস-সংযোগ আসেনি’, জানালেন শাব্বীর। তিনি আরও বলেন, প্রার্থীরা তো এক বছরের জন্য সাংসদ হচ্ছেন। তাঁদের কাছে আর কী চাওয়ার থাকবে? প্রার্থীদের কাছে শাব্বীরের যেমন কিছু চাওয়ার নেই, তেমনি গাজীপুর-৪ (কাপাসিয়া) উপনির্বাচনে অংশ নেওয়া তিন প্রার্থীর কারোরই ভোটারদের কাছে সুস্পষ্ট প্রতিশ্রুতি নেই। তাঁরা কেবল এলাকাবাসীর পাশে থাকার অঙ্গীকার করে ভোট চাইছেন।৩০ সেপ্টেম্বর এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাংসদ তানজিম আহমদ সোহেল তাজের পদত্যাগের কারণে আসনটি শূন্য হয়। উপনির্বাচনে মোট তিনজন প্রার্থী অংশ নিচ্ছেন। নির্বাচনী গণসংযোগে গিয়ে দেখা গেছে, তিন প্রার্থীই কেবল ভোট চাইছেন অথবা দোয়া করতে বলছেন। দুই দলীয় প্রার্থীর কেউ-ই দলের নির্বাচনী ইশতেহার তুলে ধরছেন না। সভা-সমাবেশে বা বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা এলাকার জন্য অথবা আইনপ্রণেতা হিসেবে অথবা নির্বাচিত হলে কী করবেন, তা বলছেন না। স্বতন্ত্র প্রার্থী কোনো ইশতেহার তৈরি করেননি। কোনো প্রতিশ্রুতিও দিচ্ছেন না। দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ বাজারে কথা হয় মরিয়ম বেগমের সঙ্গে। তিনি একটি স্কুলে শিক্ষকতা করেন। প্রথম আলোকে তিনি বলেন, ঢাকার এত কাছে হওয়া সত্ত্বেও কাপাসিয়ার একটি ইউনিয়ন বারিসাবতে বিদ্যুৎ যায়নি। ভালো মানের স্কুল-কলেজ নেই। তিনি বলেন, জনপ্রতিনিধিরা এলাকার রাস্তা তৈরি ছাড়া অন্য কিছুকে উন্নয়নমূলক কাজ মনে করেন না।প্রার্থীদের মধ্যে সিমিন হোসেন রিমি ভোটারদের বলছেন, এ নির্বাচনের মাধ্যমে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন, তিনি খুব অল্প সময়ের জন্য সাংসদ থাকবেন। তাই তেমন কিছু করা সম্ভব হবে বলে তিনি মনে করছেন না। জমিরারচরে গণসংযোগের সময় সিমিন হোসেন বলেন, এ নির্বাচন তাঁর জন্য একটা পরীক্ষা। তিনি ভোটারদের বলেন, ‘আমি আপনাদের পাশে থাকব।’ ভোটাররা আপনাকে কেন ভোট দেবে, জানতে চাইলে সিমিন হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি আগে নির্বাচন না করলেও বা সরাসরি রাজনীতিতে না থাকলেও এ এলাকার মানুষের পাশে সব সময় ছিলাম। তাদের পড়াশোনা, স্বাস্থ্যসহ বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করেছি। প্রতিবন্ধীদের জন্য কাজ করেছি। ভবিষ্যতেও তাদের পাশে থাকব।’সিমিন হোসেন রিমির পক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা মাঠে নেমেছেন। এলাকা ভাগ করে প্রতিদিনই ভোট চাচ্ছেন, গণসংযোগ করছেন। দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ প্রায় প্রতিদিনই কোনো কোনো এলাকায় গণসংযোগ করছেন। বিকেলে অংশ নিচ্ছেন জনসভায়। এ ছাড়া দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ গণসংযোগ করছেন। স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদ নির্বাচনী প্রচারের সময় ভোটারদের তাঁর অতীত কর্মকাণ্ড স্মরণ করিয়ে দিচ্ছেন। ভবিষ্যতে কী করবেন এমন কিছু বলছেন না। প্রথম আলোকে তিনি বলেন, কোনো ইশতেহার বা প্রতিশ্রুতি তাঁর নেই। ভোটাররা যা চান, সেগুলো জেনে রাখছেন। এগুলো করতে সরকারকে চাপ দেবেন তিনি। সিপিবির প্রার্থী আসাদুল্লাহ বাদল মনে করেন, সাংসদ হিসেবে এমন কাউকে দরকার, যিনি সরকারের সীমাহীন দুর্নীতি ও ব্যর্থতা সংসদে তুলে ধরতে পারেন। নির্বাচিত হলে সংসদে তিনি এসব নিয়ে কথা বলবেন। নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান বলেছেন, তাঁদের দলের প্রার্থী বিজয়ী হলে কৃষকদের জন্য কাজ করবেন। সরকারের খারাপ কাজের সমালোচনা করবেন।রিমিকে সতর্ক করেছে ইসি: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সিমিন হোসেন রিমিকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে নির্দেশনা দিয়ে গতকাল বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদকে চিঠি দিয়েছে কমিশন। চিঠিটি গতকালই রিটার্নিং কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিমিন হোসেনের কর্মীরা স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদ খানের পোস্টার টানাতে বাধা দিয়েছেন এবং টাঙানো পোস্টার ছিঁড়ে ফেলেছেন। বিষয়টি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশের আলোকে কমিশন সিমিন হোসেনকে সতর্ক করার নির্দেশ দিয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, এরপর আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ১৬ সেপ্টেম্বর সিমিন হোসেন রিমির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদ খান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন।একজনের বিরুদ্ধে কমিশনে অভিযোগ: সরকারদলীয় প্রার্থী সিমিন হোসেনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মুহামঞ্চদ শহীদুল্লাহর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন আফসারউদ্দীন। তিনি নির্বাচন তদন্ত কমিটির তাছে এই অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, শহীদুল্লাহ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার। সরকারের বেতনভুক্ত কর্মকর্তা কোনো প্রার্থীর পক্ষে প্রকাশ্যে কাজ করতে পারেন না উল্লেখ করে তিনি তদন্ত দাবি করেন। ৩২ ম্যাজিস্ট্রেট নিয়োগ: উপনির্বাচন উপলক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ নিয়োগ দিয়ে বলা হয়, ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন। সমগ্র গাজীপুর জেলাতেই তাঁরা ভ্রাম্যমাণ আদালত চালাতে পারবেন।