আসছে ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরো শহরে এখন নির্বাচনী আমেজ। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। অবশ্য তফসিল ঘোষণার পর থেকেই মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীরা জনসংযোগ শুরু করেছেন। ভোটাররা এলাকার নাগরিক সমস্যাগুলো তুলে ধরছেন তাঁদের কাছে। সমস্যার সমাধানে প্রতিশ্রুতিও দিচ্ছেন প্রার্থীরা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১, ২, ৩, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার নাগরিক সমস্যা নিয়ে আয়োজন। ওয়ার্ড-৪এলাকা: শিমরাইল, আটি, উত্তর আজিবপুর (উত্তর ও দক্ষিণাংশ)।চাঁদাবাজি বন্ধ করবে কেনারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে ৪ নম্বর ওয়ার্ড। কারণ এই ওয়ার্ডে রয়েছে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের ব্যস্ততম শিমরাইল মোড়। এ ছাড়া এখানে রয়েছে কাঁচপুর সেতু। এটি শিল্পকারখানা অধ্যুষিত একটি ওয়ার্ড। তবে এখানকার শিল্পমালিক ও ব্যবসায়ীরা খুব একটা স্বস্তিতে নেই। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানালেন, এ এলাকায় ব্যবসায়ীদের মোটা অঙ্কের চাঁদা দিয়ে ব্যবসা করতে হয়। এই চাঁদাবাজির ভাগ স্থানীয় চাঁদাবাজদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও দিতে হয় চাঁদা। ঘুরে দেখা গেছে, ওয়ার্ডের এলাকাগুলোর অবকাঠামো খুব একটা উন্নত নয়। শিমরাইল ড্যানিশ রাস্তা, সিদ্ধিরগঞ্জ হাউজিং রাস্তাসহ অনেক রাস্তাই এবড়োথেবড়ো হয়ে গেছে। হাউজিং এলাকার বাসিন্দা আমিন উদ্দিন বলেন, ‘সিদ্ধিরগঞ্জ হাউজিং রাস্তাটি এতই করুণ যে এটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙা রাস্তার কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। আমরা আশা করব, নির্বাচিত হওয়ার পর মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর আমাদের এলাকার রাস্তাঘাট উন্নয়নে নজর দেবেন। নির্বাচিত হওয়ার পর আমাদের সমস্যার কথা ভুলে গেলে তার পরের নির্বাচনে আমরাও তাদের আর ভোট দেব না।’ ওয়ার্ড-২এলাকা: পাইনাদী পশ্চিমাংশ, মিজমিজি দক্ষিণপাড়া, মিজমিজি পশ্চিমপাড়া।মশার উৎপাতদেশের বিভিন্ন স্থান থেকে আসা লোকজন জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস করছেন ২ নম্বর ওয়ার্ডের এলাকাগুলোয়। স্থানীয় আদি পরিবারের সংখ্যা এখানে হাতেগোনা।এলাকাবাসী জানান, তাঁদের এখানকার রাস্তাঘাট উন্নয়নের মুখ দেখেনি। সামান্য বৃষ্টিতে জনভোগান্তি চরমে পৌঁছায়। এ ছাড়া চাঁদাবাজদের দৌরাত্ম্যে তাঁদের জীবন অসহনীয় হয়ে পড়েছে।স্থানীয় বাসিন্দা রহমান জাহিদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃষ্টি হলে তাঁদের এলাকার প্রায় সব সড়কে পানি জমে যায়। চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে। ঘুরে দেখা গেছে, মিজমিজি মধ্যপাড়ার ওপর দিয়ে যাওয়া কংস নদ এখন সরু নালায় পরিণত হয়েছে। সেই নালাও এখন আবর্জনা ও লতাগুল্মে ভরে আছে। ফলে এটি দিয়ে পানিপ্রবাহে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। আবার এটি মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। এই নালা পরিচ্ছন্ন করার দাবি এলাকাবাসীর।মিজমিজির বাসিন্দা হাবিবুর রহমান জানালেন, তাঁদের এলাকায় রাস্তা ও ড্রেনেজ নির্মাণকাজে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করেছিলেন। এ জন্য অল্প কয়েক দিনের মধ্যে এগুলো ভেঙে গেছে। সানারপাড় এলাকার বাসিন্দা বেসরকারি ব্যাংকের কর্মকর্তা তানভীর হাসান বললেন, ‘যিনি এলাকার রাস্তাঘাটসহ নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করবেন তাঁকেই আমরা মেয়র ও কাউন্সিলর হিসেবে দেখতে চাই।’ ওয়ার্ড-৬এলাকা: সুমিলপাড়া, আদমজী ইপিজেড, সোনামিয়া বাজার, বাগপাড়া, মণ্ডলপাড়ামাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য‘সোনামিয়া বাজারের রেললাইনের রাস্তাটির বিভিন্ন অংশ ভেঙে গেছে। আমাদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়। আমাদের এলাকার রাস্তাগুলো মেরামত করা জরুরি। এই কাজ করার যে অঙ্গীকার করবে, তাকেই ভোট দেব।’ বলছিলেন সোনামিয়া বাজার এলাকার বাসিন্দা ইব্রাহিম খান।এই ওয়ার্ডের এলাকাগুলো ঘিঞ্জি। সোনামিয়া বাজার ও এর আশপাশ এলাকায় রয়েছে ঘনবসতি। বেহাল রাস্তাঘাটের কারণে এলাকাবাসী দুর্ভোগে রয়েছে। যেখানে-সেখানে মাদকের আখড়া থাকায় এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে বলে এলাকাবাসী জানান। তাঁরা আরও জানালেন, সোনামিয়া বাজার, এসও রোড ও বার্মাস্ট্যান্ড এলাকায় মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেশি।বাগপাড়া এলাকার বাসিন্দা আমেনা বেগম বলেন, ‘উঠতি বয়সীরা মাদকাসক্ত হয়ে পড়েছে। মাদক সহজলভ্য হওয়ায় এটা হচ্ছে। আমরা চাই, মাদক ব্যবসা বন্ধে প্রশাসন তৎপর হয়ে উঠবে। নতুন মেয়র ও কাউন্সিলর হবেন যাঁরা, তাঁরা এসব বিষয়ে নজর দেবেন বলে আশা করছি। কারণ সাধারণ মানুষের কথায় থানা-পুলিশ তেমন একটা গুরুত্ব দেয় না।’ ওয়ার্ড-৫এলাকা: আজিবপুর দক্ষিণ, সিদ্ধিরগঞ্জ কলাবাগ পূর্ব, সিদ্ধিরগঞ্জ কলাবাগ পশ্চিম, সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্র, সিদ্ধিরগঞ্জ সাইলো।বায়ুদূষণে নাকাল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডকে বলা যায় জলাবদ্ধ এক ওয়ার্ড। কেননা পানিনিষ্কাশনব্যবস্থা বেহালে থাকায় বছরের সাত-আট মাস পানিতে ডুবে থাকে এখানকার বেশির ভাগ রাস্তা।আজিবপুর এলাকার ব্যবসায়ী রেহান উদ্দিন জানালেন, তাঁদের এলাকার ভাঙা রাস্তাগুলো মেরামত করার আগে পানিনিষ্কাশনব্যবস্থা আগে উন্নত করতে হবে। নইলে রাস্তাগুলো মেরামত করা হলেও আবার আগের মতোই পানি জমে এগুলো ভেঙে যাবে।ঘুরে দেখা গেছে, ৫ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ বাজার, সিদ্ধিরগঞ্জ আজিবপুর রেললাইন, সাবেক ইউপি কার্যালয়ের সামনের রাস্তা, সাইলোগেট রাস্তাসহ অনেক রাস্তা ভেঙেচুরে রয়েছে।এই ওয়ার্ডের আবাসিক এলাকার কাছেই গড়ে উঠেছে ইটের ভাটা। ফলে এলাকাগুলোর বায়ু দূষিত হচ্ছে। এলাকাবাসী জানায়, ইটের ভাটার বিষয়ে একাধিক বার তাঁরা সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছেন। কিন্তু ইটের ভাটা সরিয়ে নেওয়ার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বায়ুদূষণ প্রতিরোধে প্রশাসনের জোরালো উদ্যোগ দাবি করেন তাঁরা। ওয়ার্ড-৩এলাকা: নিমাইকাশারী, নয়াআটি, বাঘমারা ও সানারপাড়ডিএনডি খালের সংস্কার চাইঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) পানিনিষ্কাশনের খালটি ৩ নম্বর ওয়ার্ডের এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে। কিন্তু এটি সংস্কার ও পরিষ্কার না করায় বর্ষার সময় পানি উপচে সড়কে জমে থাকে। পানি চলে আসে বাসাবাড়ি, স্কুল-কলেজের প্রাঙ্গণে। সব মিলিয়ে বর্ষার সময় খালটি এলাকাবাসীর যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়।ঘুরে দেখা গেছে, এই ওয়ার্ডের বেশির ভাগ রাস্তা ভাঙাচোরা। এ বিষয়ে নয়াআটি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন জানান, মাদানীনগর থেকে লন্ডন মার্কেট হয়ে সানারপাড় বাসস্ট্যান্ড পর্যন্ত আসা রাস্তাটি বেশি এবড়োথেবড়ো। বর্ষাকালে এলাকার রাস্তাঘাট ডুবে যায়। তখন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বেশি দুর্ভোগে পড়েন।রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার সমস্যার পাশাপাশি অন্যতম সমস্যা হচ্ছে মাদক।এদিকে ৩ নম্বর ওয়ার্ডের একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের এখানে প্রকাশ্যে মাদক বিক্রি করা হয়। মাদক সহজলভ্য হওয়ায় অভিভাবকেরা আশঙ্কার মধ্যে থাকেন। কারণ কিশোর-তরুণেরা মাদকের সর্বনাশা পথে পা বাড়াতে পারে। তাই মাদক ব্যবসা বন্ধে প্রশাসনের জোরালো ভূমিকা রাখার দাবি করেন অভিভাবকেরা। ওয়ার্ড-১এলাকা: পাইনাদী পূর্বাংশ, মিজমিজি বাতানপাড়াচলার পথ অচল‘মিজমিজি কালু হাজি সড়কের পূর্ব পাশের জাকিরের বাড়ি থেকে কমর আলীর বাড়ি পর্যন্ত সড়ক চলাচলের অনুপযোগী। সড়কের জায়গায় জায়গায় গর্ত। বৃষ্টি হলেই গর্ত ভরে থাকে পানিতে। আমাদের খুব কষ্ট করে পথ চলতে হয়।’ বলছিলেন মিজমিজি কালু হাজি রোড এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম।ঘুরে দেখা গেছে, ১ নম্বর ওয়ার্ডের এলাকাগুলোর বেশির ভাগ সড়ক বেহালে আছে। খানাখন্দের কারণে ঝাঁকুনি সয়ে লোকজনকে চলাচল করতে হয়। ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) ক্যানেল পাড়ের সড়ক দিয়ে চলাচলকারীদের নাকাল হতে দেখা গেল।মিজমিজি কালু হাজি রোড এলাকার বাসিন্দা আবদুল করিম জানালেন, মিজমিজির কৃষ্ণ খালটি ময়লা-আবর্জনায় ভরাট হয়ে পানিনিষ্কাশন ব্যাহত হচ্ছে। এতে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। কিছুদিন আগে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে খালটি সংস্কার করা হয়েছে। এখন আবার খালটি আগের অবস্থায় ফিরে যাচ্ছে।এই ওয়ার্ডের এলাকাগুলোয় চাঁদাবাজদেরও দৌরাত্ম্য রয়েছে বলে অভিযোগ করলেন স্থানীয় একাধিক বাসিন্দা। তাঁরা জানালেন, হীরাঝিল ও বাতানপাড়া এলাকায় বাড়ি নির্মাণ করতে হলে মোটা অঙ্কের চাঁদা দিতে হয়। ওয়ার্ডবাসী আশা করছেন, নির্বাচিত হওয়ার পর মেয়র ও ওয়ার্ড কাউন্সিলররা তাঁদের সমস্যা সমাধানে এগিয়ে আসবেন।