ভোটারদের দাবিদাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন। এই সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডেই দেখা যাচ্ছে নির্বাচনী আমেজ। আজ থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচারণা। অবশ্য তফসিল ঘোষণার পর থেকেই মেয়র, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদের প্রার্থীরা জনসংযোগ শুরু করেছেন। ভোটাররা এলাকার নাগরিক সমস্যাগুলো তুলে ধরছেন তাঁদের কাছে। সমস্যার সমাধানে প্রতিশ্রুতিও দিচ্ছেন প্রার্থীরা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার নাগরিক সমস্যা নিয়ে এই আয়োজন। লিখেছেন আসিফ হোসেন।  ওয়ার্ড-৭এলাকা: কদমতলী (উত্তর ও দক্ষিণ), নয়াপাড়াপথে পথে ভোগান্তিএই ওয়ার্ডের প্রায় সব এলাকার রাস্তাঘাটেই খানাখন্দ দেখা গেছে। এ বিষয়ে নয়াপাড়ার বাসিন্দা শাহজাহান বলেন, কদমতলী পশ্চিম নয়াপাড়া থেকে সুলতান ফকিরের বাড়ি পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে ইট উঠে যাওয়ায় এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়ার সময় বেশি ভোগান্তিতে পড়ে।স্থানীয় আরেক বাসিন্দা সোবহান হাওলাদার জানান, নাভানা হাউজিং থেকে কবরস্থান হয়ে ডিএনডি খালের পশ্চিম পাড় পর্যন্ত সড়কের অবস্থা নাজুক। কদমতলী কলেজের সড়কটিরও বেহাল অবস্থা। স্থানীয় ব্যবসায়ী আবদুল করিম অভিযোগ করেন, ঠিকাদারেরা ভালোভাবে কাজ না করায় কিছুদিন যেতে না-যেতেই পানিনিষ্কাশনের নালা ভেঙে যায়। এর ফলে পানিনিষ্কাশনের ব্যবস্থা ভেঙে পড়ে।ওয়ার্ডবাসী জানান, বর্ষাকালে বেশ কিছু এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। অনেক রাস্তা ডুবে থাকে। এলাকাবাসীকে চলাচলে বর্ষা মৌসুম দুর্ভোগে কাটাতে হয়। ডিএনডি খালের পাশের রাস্তাটি ভেঙে অনেক স্থান দিয়ে গ্যাসের পাইপ বের হয়ে পড়ায় গ্যাসলাইনটি নাজুক অবস্থায় রয়েছে। ৭ নম্বর ওয়ার্ডের কোনো কোনো এলাকায় চাঁদাবাজ ও দখলদারদের দৌরাত্ম্য রয়েছে। এসব প্রতিরোধে তাঁরা প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেন। ওয়ার্ড-১০এলাকা: বাগপাড়া, ২ নম্বর ঢাকেশ্বরী কটন মিলস, আরামবাগ, রসুলবাগ, মীরপাড়া, চিত্তরঞ্জন কটন মিল এলাকা, আজিম মার্কেট, কো-অপারেটিভ, পাঠানটুলি, ওয়াটার ওয়ার্কস সড়কের একাংশ (আজিম মার্কেটের খাল থেকে এসিআইয়ের উত্তর পাশ পর্যন্ত)পানি-বিদ্যুৎ-গ্যাসসংকটব্রিটিশ আমলে এই ওয়ার্ডে গড়ে উঠেছিল ঢাকেশ্বরী কটন মিল ও চিত্তরঞ্জন কটন মিল। এগুলো আর নেই। পাট ব্যবসার খ্যাতির জন্য নারায়ণগঞ্জকে একসময় ‘প্রাচ্যের ডান্ডি’ বলা হতো। শীতলক্ষ্যার তীর ঘেঁষে এই এলাকায় সে সময় অনেক ব্রিটিশ কোম্পানি পাট কেনার জন্য তাদের অফিস খুলেছিল। ব্রিটিশ আমলে নির্মিত দু-একটি বাংলো এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। পাটের বিপর্যয়ের পর আগের সব শিল্প-স্থাপনায় একালে গড়ে উঠেছে ডাইং ও তৈরি পোশাকের কারখানা। তাই এই ১০ নম্বর ওয়ার্ডের এলাকাগুলোয় পোশাককর্মীদের বসবাস বেশি। তৈরি পোশাককর্মী শফিউল আলম জানান, স্থানীয় বাড়ির মালিকেরা যখন-তখন বাড়িভাড়া বাড়িয়ে দেন। গ্যাস ও বিদ্যুতের সমস্যায়ও তাঁরা ভোগান্তির মধ্যে আছেন।মীরপাড়ার বাসিন্দা শুক্কুর আলী জানান, এ এলাকায় একসময় অনেক বড় বড় জলাশয় ছিল। শিল্পায়নের কারণে এখন আর সেগুলো নেই। ডাইং কারখানার বিষাক্ত বর্জ্যে এলাকার জলাশয়গুলোর পানি থেকে দুর্গন্ধ ছড়ায়।ওয়াটার ওয়ার্কস রোডে ঢাকা ওয়াসার নারায়ণগঞ্জের একমাত্র পানি পরিশোধনাগার, যেখানে শীতলক্ষ্যা নদী থেকে পানি তুলে পরিশোধনের পর সরবরাহ করা হয়। অথচ এই ওয়ার্ডের অনেক এলাকায় পানিসংকট রয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেন। ওয়ার্ড-১৩এলাকা: কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট, আমলাপাড়া, মাছুয়াপাড়া, কলেজ রোড, আল্লামা ইকবাল রোড, নবাব সলিমুল্লাহ রোড, কালীরবাজার, ডিএন রোড (বাড়ি-৯৮ থেকে ১৩৫)ফুটপাতের অভাবএলাকার নাগরিক সমস্যার বিষয়ে জানতে চাইলে আমলাপাড়ার বাসিন্দা শংকর দাস জানান, এলাকায় নারায়ণগঞ্জের সেরা শিক্ষাপ্রতিষ্ঠান আইডিয়াল স্কুল রয়েছে। রাস্তা সরু হওয়ায় এই স্কুলে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্কুল শুরু ও ছুটির সময়ে যানজটে পড়তে হয়।এই ওয়ার্ডে সরকারি তোলারাম কলেজ ও সরকারি মহিলা কলেজ রয়েছে। সরকারি মহিলা কলেজের গেটের সামনে অবৈধ বেবিট্যাক্সির স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের চাষাঢ়া রেললাইন থেকে সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পর্যন্ত রাস্তার দুই পাশে কোনো ফুটপাত না থাকায় শিক্ষার্থী ও পথচারীদের চলতে সমস্যা হয়। এদিকে আল্লামা ইকবাল রোড ও কলেজ রোড এলাকায় অনেক বছর ধরে জলাবদ্ধতার সমস্যা রয়েছে। সম্প্রতি ছিঁচকে চোরদের দৌরাত্ম্য বেড়েছে বলে এলাকাবাসী জানান। ওয়ার্ড-৯এলাকা: জালকুড়ি (পশ্চিমপাড়া, মাঝপাড়া ও উত্তরপাড়া)মশার যন্ত্রণা‘আমাদের এলাকায় জলাবদ্ধতার সমস্যা রয়েছে। এ ছাড়া আমরা মশার যন্ত্রণায় অতিষ্ঠ। পৌরসভার সময় কোনো মশার ওষুধ ছিটানো হয়নি। আশা করি, সিটি করপোরেশন থেকে মশক নিধন করা হবে।’ বলছিলেন জালকুড়ির বাসিন্দা ব্যবসায়ী মনিরুজ্জামান।ওয়ার্ড ঘুরে দেখা গেছে, বেশির ভাগ এলাকাই নিচু। ডিএনডি বাঁধের খালের একাংশ এসব এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে। বৃষ্টি হলেই খালের দুই পাড় ছাপিয়ে পানি উঠে আসে এলাকায়। খালের তলদেশ আবর্জনায় ভরাট হয়ে গেছে। আবার খাল দখল করে অবৈধ স্থাপনাও গড়ে উঠেছে। এই খালেই প্রবাহিত হচ্ছে বিভিন্ন ডাইং কারখানার শিল্পবর্জ্য। পানি ও মাটিদূষণের কারণে এলাকার জমিতে ঠিকমতো ফসল ফলানো যাচ্ছে না। দূষিত পানি ব্যবহার করে অনেকে চর্মরোগে আক্রান্ত হচ্ছেন বলে জানান। জালকুড়ি উত্তরপাড়ার বাসিন্দা শাহজাহান জানান, উত্তরপাড়া থেকে তালতলা পর্যন্ত রাস্তাটির জায়গায় জায়গায় ভাঙাচোরা। একই অবস্থা শিমরাইল-নারায়ণগঞ্জ সড়কের ২ নম্বর বাসস্ট্যান্ড থেকে জালকুড়িতে আসা রাস্তাও। এলাকাবাসী রাস্তা মেরামতের দাবি করেন। ওয়ার্ড-১২এলাকা: সরদারপাড়া অংশ, মজিদ খানপুর, নিউ খানপুর (ব্যাংক কলোনি), ইসদাইর, মিশনপাড়া, উত্তর চাষাঢ়াসরু গলিতে যানজটমজিদ খানপুর এলাকার বাসিন্দা আবদুর রহমান জানান, নারায়ণগঞ্জ পৌরসভার সময় তাঁদের এলাকার রাস্তাঘাট ও ড্রেনব্যবস্থার উন্নতি হয়েছে। কিন্তু ঢাকা ওয়াসার পানি সরবরাহ কম। আবার পানিতে দুর্গন্ধ থাকায় তাঁরা ভোগান্তিতে আছেন।ইসদাইর এলাকার বাসিন্দা সালেহীন তুহিন জানান, চাষাঢ়া রেলস্টেশনের উত্তরে মাদক ব্যবসার আখড়া রয়েছে। এটা বন্ধ করা উচিত। শহরের উত্তর চাষাঢ়া এলাকার বাসিন্দা পারভীন সুলতানা জানান, ঘনবসতিপূর্ণ এই এলাকায় রাস্তা সরু হওয়ায় দিনের বেশির ভাগ সময় যানজট লেগে থাকে। মিশনপাড়ার বাসিন্দা আনোয়ার হোসেন জানান, তাঁদের এলাকায় ঢাকা ওয়াসার পানিতে দুর্গন্ধ রয়েছে।ডনচেম্বার এলাকার বাসিন্দা আবুল হোসেন জানান, এলাকায় ফার্নিচার ও কাঠের ব্যবসার অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে। এসব ব্যবসাপ্রতিষ্ঠান ফুটপাত দখল করে তাদের পণ্য রাখায় পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। ওয়ার্ড-১১এলাকা: ওয়াটার ওয়ার্কস রোড (বিআইডব্লিউটিসি অংশ), খন্দকারপাড়া, নিউ হাজীগঞ্জ রোড, এসিআই, ঈশা খান রোড, হাজীগঞ্জ, তল্লা, নগর খানপুর (মোকরবা রোড), খানপুর ব্রাঞ্চ রোড (সরদারপাড়া অংশ)।অরক্ষিত হাজীগঞ্জ কেল্লামোগল আমলের ঐতিহ্যবাহী স্থাপনা হাজীগঞ্জ কেল্লা রয়েছে এই ওয়ার্ডে। কেল্লার আশপাশে অপরিকল্পিতভাবে শিল্পকারখানা গড়ে তোলা হয়েছে। নিউ হাজীগঞ্জ রোডের বাসিন্দা নাফিজ আশরাফ জানান, এলাকার রাস্তাঘাট ভাঙা। জলাবদ্ধতা সমস্যা প্রকট। হাজীগঞ্জ কেল্লা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় হলেও তা সংরক্ষণ হচ্ছে না ঠিকমতো। ঐতিহাসিক এই কেল্লাকে ঠিকমতো সংরক্ষণ করা হলে তা হতে পারে অন্যতম পর্যটনকেন্দ্র।হাজীগঞ্জেই রয়েছে শীতলক্ষ্যা নদী পারাপারের বড় খেয়াঘাট। পশ্চিম পাড়ে নারায়ণগঞ্জ শহর ও পূর্ব পাড়ে বন্দর উপজেলার নবীগঞ্জ। খেয়াঘাটে হাজার হাজার যাত্রী পারাপার হলেও তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। খেয়াঘাটের সামনের রাস্তায় সব সময় যানজট লেগে থাকে। খেয়াঘাটের রাস্তাটি নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক নামে পরিচিত। এই সড়কের একটি বিপজ্জনক বাঁক রয়েছে এখানে। বিপরীত দিক থেকে আসা গাড়ি দেখা যায় না। কোনো ট্রাফিক পুলিশও নেই সেখানে। বেসরকারি বাসমালিকদের পক্ষ থেকে একজন লোক সতর্ক সিগন্যাল দেওয়ার জন্য থাকলেও তাঁকে সব সময় পাওয়া যায় না।তল্লা এলাকার বাসিন্দা সালমা সুলতানা অভিযোগ করেন, বিলুপ্ত নারায়ণগঞ্জ-আদমজী-রেললাইনের পাশে মাদক ব্যবসা গড়ে উঠেছে। মাদক সহজলভ্য হওয়ায় এলাকার তরুণেরা বিপথগামী হয়ে পড়েছে। মাদকের ব্যবসা বন্ধে প্রশাসনের জোরালো পদক্ষেপ দাবি করেন তিনি। ওয়ার্ড-৮এলাকা: ভূঁইয়াপাড়া, আরামবাগ, বাড়ৈপাড়া, তাঁতখানা, সৈয়দপাড়া, আইলপাড়া, এনায়েতনগর, ধনকুন্ডাঅপরিকল্পিত শিল্পায়নঅনেক শিল্পপ্রতিষ্ঠান রয়েছে এই ওয়ার্ডে। শিল্পপ্রতিষ্ঠানগুলোয় প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ওয়ার্ড এলাকায়, এমনকি পুরো সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই বলে জানান ওয়ার্ডের বাসিন্দা দেলোয়ার হোসেন।আরেক বাসিন্দা লুৎফর রহমান জানান, তাঁদের এলাকার অন্যতম এক সমস্যা হচ্ছে মাদক। প্রশাসনের জোরালো তৎপরতা এ এলাকাকে মাদকমুক্ত করতে পারে। ওয়ার্ড ঘুরে দেখা গেছে, চৌধুরীবাড়ি বাসস্ট্যান্ড থেকে বউবাজার পুল হয়ে ওয়াপদা পুল পর্যন্ত রাস্তা অনেক ভাঙা। বিভিন্ন ডাইং কারখানার মালবাহী যানবাহন এ সড়ক দিয়ে অতিরিক্ত মালবোঝাই করে চলাচলের কারণে এটি ভেঙে যায় বলে জানান বিমাকর্মী এমরান আলী। তিনি আরও বলেন, বউবাজার ব্রিজ থেকে এনায়েতনগর রাস্তাটিতে স্বাধীনতার পর একবার মাত্র ইট বিছানো হয়েছে। নয়মাটি থেকে স্টেডিয়াম পর্যন্ত রাস্তাটি ব্যাপক ভাঙার কারণে এলাকার লোকজনকে ভোগান্তিতে পড়তে হয়। কুতুবপুর লাকীবাজার এলাকা থেকে এনায়েতনগর বউবাজার হয়ে ডিএনডি বাঁধ পর্যন্ত খালটি সংস্কার করা হচ্ছে না। এই খাল দখল করে দোকানপাটসহ অবৈধ স্থাপনা নির্মাণ করায় এটি অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। অপরিকল্পিত শিল্পায়নের কারণে শিল্পবর্জ্যে এলাকার পরিবেশ হুমকির মুখে রয়েছে। ওয়ার্ডের বাসিন্দা নুরুন নাহার বলেন, এলাকার বিদ্যুতের খুঁটিগুলো স্থাপন করা হয়েছে অপরিকল্পিতভাবে। এ জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটছে।