নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন ৩০ অক্টোবর। নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল পৌরসভা বিলুপ্ত করে ২৭টি ওয়ার্ড নিয়ে এই সিটি করপোরেশন গঠিত হয়েছে। নাগরিক সুযোগ-সুবিধার দিক দিয়ে নারায়ণগঞ্জ পৌরসভার তুলনায় সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল পৌরসভার এলাকাগুলো পিছিয়ে আছে। মেয়র ও কাউন্সিলরদের কাছে নাগরিক সেবা বাড়ানোর দাবি করছেন ভোটাররা। নতুন এই সিটি করপোরেশনের ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের নাগরিক সমস্যা নিয়ে এই আয়োজন। লিখেছেন আসিফ হোসেন। ছবি তুলেছেন পাপ্পু ভট্টাচার্য্য ওয়ার্ড-১৬এলাকা: ১ ও ২ নম্বর বাবুরাইল, দেওভোগ পাক্কা রোড, লক্ষ্মীনারায়ণ আখড়া (এলএনএ) রোড, শেরেবাংলা রোড, পুরাতন জিমখানা।মাদকমুক্ত ওয়ার্ড চাইবিদ্যুৎ, পানি ও গ্যাস-সংকটের পাশাপাশি মাদক এই ওয়ার্ডের অন্যতম প্রধান সমস্যা। এ ছাড়া ছিঁচকে চোরের উৎপাতও রয়েছে কোনো কোনো এলাকায়। দিনের বেলায়ও অনেক বাসায় চুরির ঘটনা ঘটছে। ২ নম্বর বাবুরাইল এলাকার বাসিন্দা সামসুল হক জানালেন, পুরাতন জিমখানায় রেলওয়ের পরিত্যক্ত জমিতে গড়ে ওঠা বস্তিতে মাদক বেচাবিক্রি হচ্ছে। এই বস্তিতে অপরাধীরা বসবাস করে। মাদক ব্যবসা দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তেমন সচেষ্ট নয়।এলএনএ রোডের বাসিন্দা অঞ্জলী রানী জানান, এখানে কিছু কিছু এলাকায় জলাবদ্ধতার সমস্যা প্রকট। বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে থাকে। তখন চলাচলে অনেক দুর্ভোগ পোহাতে হয়। এসব বিষয় মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের কাছে তাঁরা তুলে ধরছেন। ১ নম্বর বাবুরাইলের বাসিন্দা শওকত জাহান জানান, জিমখানা থেকে বউবাজার পর্যন্ত রাস্তাটি বিগত পৌর মেয়র প্রশস্ত করায় এলাকাবাসীর দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান হয়েছে। যাঁরা নির্বাচিত হয়ে আসবেন, তাঁরাও এভাবে এলাকাগুলোর নাগরিক সেবার উন্নয়নে কাজ করবেন বলে তিনি আশা করছেন।এদিকে দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা সুমাইয়া আক্তার জানান, বাড়ির মালিকেরা কোনো নিয়মনীতি ছাড়াই যখন-তখন বাসাভাড়া বাড়িয়ে দেওয়ায় সীমিত আয়ের মানুষকে বিপাকে পড়তে হয়। বাড়িভাড়া নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের নজরদারি থাকা উচিত। ওয়ার্ড-১৫এলাকা: পুরাতন কোর্ট এলাকা, দ্বিগুবাবুর বাজার, টিঅ্যান্ডটি অফিস, মীরজুমলা রোড, সনাতন পাল লেন, চেম্বার রোড, টানবাজার এলাকা, কুটিপাড়া, আর কে মিত্র রোড, বংশাল রোড, বি দাস রোড, আর কে দাস রোড, নতুন জিমখানা, বঙ্গবন্ধু রোড, ভিক্টোরিয়া হাসপাতাল, নগর ভবন, মণ্ডলপাড়া।যানজটে নাকালশীতলক্ষ্যা নদীতীরবর্তী এই ওয়ার্ডে অনেক হিন্দু ধর্মাবলম্বী বাস করে। এখন নদীতীরে গোসলের ঘাট নেই বললেই চলে। নদীর পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। নদীর পানি দূষণমুক্ত এবং তীরে একটি ওয়াকওয়ে করার দাবি ওয়ার্ডবাসীর। অনেকের অভিযোগ, বেদখলে থাকা মীরজুমলা রোড ও ইনস্টিটিউট রোড সর্বশেষ পৌর মেয়রের উদ্যোগে অবৈধ দখল থেকে মুক্ত করা হয়। তিনি সেখানে রাস্তা ও পয়োনালার উন্নয়ন করেছিলেন। ফলে যান চলাচল শুরু হয়। তিনি দায়িত্ব ছাড়ার কিছুদিন পরই রাস্তা দুটি বেদখল হয়ে গেছে।পুরাতন কোর্ট এলাকার বাসিন্দা আবদুস সামাদ জানালেন, পুরো ওয়ার্ডেই যানজট রয়েছে। আছে পানি ও গ্যাসের সংকট। বি দাস রোড বেহালে আছে। এই রোডের বাসিন্দা শ্যামলী রানী জানান, পৌর মেয়র দায়িত্ব ছাড়ার পর থেকে নগর ভবনের সামনের রাস্তা দখল করে অবৈধ ট্রাকস্ট্যান্ড গড়ে তুলেছেন প্রভাবশালী ব্যক্তিরা।ওয়ার্ডবাসী জানান, নতুন জিমখানা রেলওয়ে বস্তিটি মাদকের ব্যবসাসহ নানা অপরাধের স্বর্গরাজ্য। ফলে ওয়ার্ডে মাদকের বিস্তার বাড়ছে। মাদকমুক্ত ওয়ার্ড চান তাঁরা। ওয়ার্ড-১৮এলাকা: বিকে রোড, জমিদারি কাচারিগলি, নলুয়া রোড, তোলারাম সড়ক, সুলতান গিয়াসউদ্দিন রোড (তামাকপট্টি ও কদমতলী), গোপচর, শহীদনগর ডিয়ারা।পরিকল্পনার অভাবব্রিটিশ আমলে পাটের ব্যবসার জন্য খ্যাতি পেয়েছিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের এলাকাগুলো। বিভিন্ন পাট কোম্পানি শীতলক্ষ্যা নদীর তীরে অফিস ও গুদাম বানিয়ে পাট বেচাকেনা করত। এই নদীতে তখন পাটের নৌকার সারি থাকত। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাটভর্তি নৌকা নিয়ে ব্যাপারি-ফড়িয়ারা এখানে আসতেন। সময়ের বিবর্তনে পাটের শহর নারায়ণগঞ্জে এখন পাট খুব কমই দেখা যায়। তামাকপট্টি, সুলতান গিয়াসউদ্দিন রোড, তোলারাম সড়কে এখনো কিছু পাটের গুদাম ও প্রেস হাউস রয়েছে।এই ওয়ার্ডে আটা, ময়দা, ডাল, ভুট্টার কারখানা রয়েছে। নিতাইগঞ্জ, বিকে রোড, নলুয়া রোড ও জমিদারি কাচারিগলি এলাকা চাল, তেল, চিনি, আটা, ময়দার পাইকারি ব্যবসাকেন্দ্র। চট্টগ্রামের খাতুনগঞ্জের পর এটি দেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি ভোগ্যপণ্যের বাজার।স্থানীয় বাসিন্দা খালেদ হায়দার জানান, আবাসিক কাম বাণিজ্যিক এলাকা বেশি থাকায় সারা দিনই যানজট লেগে থাকে রাস্তায়। মূলত পণ্য ওঠানো-নামানোর কাজে ট্রাক, ঠেলাগাড়ি, রিকশাভ্যান রাস্তায় সব সময় যানজটের সৃষ্টি করছে। রাস্তাগুলোয় ভিড় থাকে। এতে হাঁটাচলার সময় নারীদের বেশি বিড়ম্বনায় পড়তে হয়। নগরায়ণে পরিকল্পনার অভাব থাকায় এ ধরনের সমস্যা তৈরি হচ্ছে বলে তিনি জানান। ওয়ার্ড-২০ওয়ার্ড ২০এলাকা: ফরাজীকান্দা (উত্তরাংশ), কে এন সেন রোড (মাহমুদনগর), কে এন সেন রোড (ডকইয়ার্ড দক্ষিণাংশ), সোনা বিবি রোড (বেপারীপাড়া, সোনাকান্দা), দড়িসোনাকান্দা, হাজীপুর (পশ্চিমাংশ)। মশার উৎপাত‘আমাদের ওয়ার্ডে গ্যাস ও পানি সরবরাহের অবস্থা মোটামুটি ভালো। তবে রাস্তা ও পয়োনালার অবস্থা করুণ। সরু রাস্তায় দুটি অটোরিকশা পাশাপাশি চললে যানজট লেগে যায়। তাই রাস্তা চওড়া করা উচিত। পয়োনালাগুলোও বড় করা জরুরি।’ বলছিলেন ফরাজীকান্দা এলাকার বাসিন্দা ব্যবসায়ী কামরুল আনাম।খোঁজ নিয়ে জানা গেছে, অনেক এলাকায় রাতের বেলায় রাস্তার বাতি জ্বলে না। অন্ধকারে পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। রাস্তাগুলোর যেখানে-সেখানে আবর্জনা দেখা গেছে। দুর্গন্ধে রাস্তার বাতাস ভারী হয়ে থাকে। কোনো রাস্তায়ই ফুটপাত নেই।অনেক এলাকায় দেখা গেল পুকুর ও ডোবা। এগুলোয় কচুরিপানা ও লতাগুল্মে ভর্তি। এতে অবাধে বংশবিস্তার করছে মশা। তাই মশার উৎপাতে আছে সবাই। পুকুর-ডোবা পরিষ্কার করা দরকার। এ ছাড়া মশক নিধনে সিটি করপোরেশন উদ্যোগী হবে বলে আশা করছেন ওয়ার্ডবাসী। ওয়ার্ড-১৭এলাকা: পাইকপাড়া, নয়াপাড়া, আমহাট্টা, নামাপাড়া, ভূঁইয়াপাড়া, শাহসুজা রোড, পাইকপাড়া খেলার মাঠ।ফিরিয়ে দাও খাল‘আমাদের ওয়ার্ডের সব এলাকায় গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকট রয়েছে। আমরা এই সংকট থেকে মুক্তি চাই।’ বলছিলেন আমহাট্টার বাসিন্দা রেহান শরীফ।খোঁজ নিয়ে জানা গেছে, আমহাট্টা এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হলেও শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গার সঙ্গে সংযোগ রক্ষাকারী খালটি স্বাধীনতার পর থেকে বেদখল হয়ে গেছে। দখলদারেরা এর প্রায় পুরোটাই এখন ভরাট করে ফেলেছে। একসময় এই খাল মানুষের নানা কাজে লাগত। এ ছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় এর ভূমিকা ছিল। বেহাত জায়গা উদ্ধার করে খালটি খননের দাবি করলেন অনেকে।এদিকে পাইকপাড়া খেলার মাঠকে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম করার দীর্ঘদিনের দাবি থাকলেও এলাকাবাসীর আশা পূরণ হয়নি। সাবেক জাতীয় ফুটবলার আলাউদ্দিন খান, আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, জাকিরসহ আরও অনেকের ফুটবলের হাতেখড়ি এই মাঠে। মাঠের উন্নয়ন না হওয়ায় ক্রীড়াবিমুখ হয়ে পড়ছে তরুণেরা।পাইকপাড়া এলাকার বাসিন্দা ওয়াসিউদ্দিন জানালেন, শহরের দুটি কবরস্থান এই ওয়ার্ডে পড়েছে। বিগত পৌর মেয়র কবরস্থান দুটির সংস্কার করেছেন। তবে কবরস্থানের জায়গা আরও বাড়ানো দরকার।এদিকে ওয়ার্ডের অনেক এলাকায় ভিডিও গেমসের দোকানগুলোর কারণে শিশু-কিশোরদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। দোকানগুলো নিয়ন্ত্রণ করা জরুরি। মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে অনেক তরুণ মাদকের দিকে হাত বাড়াচ্ছে। মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো অভিযান প্রয়োজন বলে ওয়ার্ডবাসী জানান। ওয়ার্ড-১৯এলাকা: লক্ষ্মারচর, শান্তিনগর (উত্তরাংশ), এম এন ঘোষাল রোড, ইসলামপুর রোড, পিএম রোড, ফরাজীকান্দা (দক্ষিণ-পশ্চিমাংশ)।অবহেলিত এলাকা‘শীতকাল আসছে। এখন মশার উপদ্রবে ঘরেও টিকে থাকা কঠিন হয়ে পড়ে। তাই মশক নিধনে সিটি করপোরেশনের উদ্যোগ চাই।’ বলছিলেন পিএম রোডের বাসিন্দা আবদুস সালাম। ওয়ার্ডের অনেক এলাকার রাস্তার অবস্থা করুণ বলে তিনি জানান।সদ্য বিলুপ্ত কদমরসুল পৌরসভার আওতায় ছিল এই ওয়ার্ডের এলাকাগুলো। তাই এগুলো নারায়ণগঞ্জ শহরের এলাকাগুলোর চেয়ে অবকাঠামোগত দিক দিয়ে অনেক পিছিয়ে আছে। ওয়ার্ডবাসী জানান, তাঁদের প্রধান সমস্যা হচ্ছে ভাঙা রাস্তা, নাজুক পয়োনিষ্কাশনব্যবস্থা। এগুলোর উন্নয়ন করা জরুরি।ফরাজীকান্দা এলাকার বাসিন্দা মতিউর রহমান বলেন, ‘সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র থাকার সময় শহরের অনেক উন্নয়ন করেছেন, কিন্তু আমাদের এমন কোনো মেয়র ছিলেন না। আমরা চাই, এবার নির্বাচিত হওয়ার পর মেয়র ও কাউন্সিলর আমাদের এলাকার উন্নয়নে বিশেষ নজর দেবেন।’এদিকে লক্ষ্মারচরের বাসিন্দা রোকেয়া বেগম বলেন, ‘বিদ্যুৎ, গ্যাস, পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। এই সংকট থেকে পরিত্রাণ চাই।’ এই ওয়ার্ডের এলাকাগুলোয় সন্ত্রাস ও মাদকের কারণে অভিভাবকেরা চিন্তিত। কারণ, তরুণেরা এগুলোর পথে পা বাড়ালে পরিবারগুলো বিপদে পড়বে। তাই সন্ত্রাস ও মাদক ব্যবসা দমনে প্রশাসনের জোরালো পদক্ষেপ দাবি করেন তাঁরা। ওয়ার্ড-১৪এলাকা: ডিএন রোড, নন্দীপাড়া, দেওভোগ ওয়েস্ট রোড, শেরেবাংলা রোড, জিয়শ ট্যাংক রোড, বঙ্গবন্ধু রোডের পশ্চিমাংশ (উকিলপাড়া)।খড়ির চুলায় রান্নাবান্না‘আমাদের এলাকার রাস্তাঘাট সরু। তাই রিকশাজট সারা দিন লেগেই থাকে। ওয়াসার কলে ঠিকমতো পানি পাই না আমরা।’ বলছিলেন নন্দীপাড়ার বাসিন্দা সুশান্ত সাহা। এই ওয়ার্ডের উকিলপাড়ায় ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের রেলক্রসিংয়ে কোনো বৈদ্যুতিক স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি অথবা অ্যালার্ম বেল না থাকায় দুর্ঘটনার ঝুঁকি থাকে।ডিএন রোডের বাসিন্দা আবদুল হালিম জানালেন, এই ওয়ার্ডে অসংখ্য তৈরি পোশাক কারখানা রয়েছে। রয়েছে হোসিয়ারি শিল্পকারখানা। এসব কারখানায় হাজার হাজার শ্রমিক কাজ করেন। অনেক পোশাকশ্রমিক মানবেতর জীবন যাপন করছেন।দেওভোগ ওয়েস্ট রোডের বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, বিগত পৌরসভার মেয়র এলাকার রাস্তা চওড়া করেছেন। তবে এলাকার জলাশয়গুলো অপরিকল্পিতভাবে ভরাট করে জমির মালিকেরা বাড়ি নির্মাণ করেছেন। এতে কিছু কিছু মহল্লার রাস্তায় বৃষ্টি হলে পানি জমে থাকে।ঘুরে দেখা গেছে, ভূঁইয়ারবাগ ও জিউশ পুকুর দুটি ময়লা-আবর্জনায় ভরে আছে। ওয়ার্ডের সব এলাকায় এখনো গ্যাসসেবা পৌঁছায়নি। যাঁরা গ্যাসসেবা পেয়েছেন, তাঁরাও সেবার মানে সন্তুষ্ট নন। কারণ, গ্যাসের সংকট লেগেই থাকে। তাই ওয়ার্ডের অনেক বাড়িতেই খড়ির চুলার ব্যবস্থা রাখতে হয়েছে।