নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল পৌরসভা বিলুপ্ত করে ২৭টি ওয়ার্ড নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠিত হয়েছে। নাগরিক সুযোগ-সুবিধার দিক দিয়ে নারায়ণগঞ্জ পৌরসভার তুলনায় সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল পৌরসভার এলাকাগুলো পিছিয়ে আছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন ৩০ অক্টোবর। মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের কাছে নাগরিক সেবা বাড়ানোর দাবি করছেন ভোটাররা। নতুন এই সিটি করপোরেশনের ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের নাগরিক সমস্যা নিয়ে এই আয়োজন। ওয়ার্ড-২৪এলাকা: নবীগঞ্জ (উত্তরাংশ), টি হোসেন রোড (নবীগঞ্জ), শামসুদ্দিন ইলিয়াস শাহ রোড, গোলাম আসাদ রোড (উত্তরাংশ), বক্তারকান্দি দেউলী চৌড়াপাড়া (দক্ষিণাংশ), দেউলী চৌরাপাড়া (দক্ষিণাংশ), বন্দর নোয়াদ্দা, উত্তর নোয়াদ্দা, কাইতাখালী, আমিরাবাদ।বেহাল সড়ক‘আমাদের ওয়ার্ডে বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান আছে। এসব প্রতিষ্ঠানের ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থান ভেঙে গেছে। ভাঙা রাস্তাঘাট দিয়ে যাতায়াত করতে গিয়ে আমাদের ভোগান্তির মধ্যে পড়তে হয়।’ বলছিলেন দেউলীর বাসিন্দা মনির হোসেন। আরেক বাসিন্দা সোহাগ আহম্মেদ জানালেন, এই ওয়ার্ডের এলাকাগুলো ঘনবসতিপূর্ণ। অথচ নাগরিক সুযোগ-সুবিধার দিক দিয়ে পিছিয়ে আছে। নবীগঞ্জ এআই রোড, টি হোসেন রোড ভেঙেচুড়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এদিকে বক্তারকান্দির বাসিন্দা জামান আহমেদ জানান, তাঁদের এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি হয়। উঠতি বয়সীরা মাদকাসক্ত হয়ে পড়ছে। অথচ মাদক ব্যবসায়ীদের দমনে প্রশাসন তৎপর নয়। ওয়ার্ড-২৩এলাকা: স্বল্পের চক (উত্তরাংশ), উইলসন রোড (উত্তরাংশ), একরামপুর, নবীগঞ্জ (দক্ষিণাংশ), কদমরসুল রোড, গোলাম আসাদ রোড (দক্ষিণাংশ)।পানিবন্দী জীবনপানি নিষ্কাশনের ব্যবস্থা বেহালে থাকায় এই ওয়ার্ডের রাস্তাগুলো বছরের সাত-আট মাস জলাবদ্ধ থাকে। রসুলবাগ এলাকার বাসিন্দা মিন্টু মিয়া জানান, এই ওয়ার্ডে রয়েছে সিমেন্ট ফ্যাক্টরি। এর ভারী কাভার্ডভ্যানের চলাচলের কারণে সড়কগুলোর বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কগুলো মেরামত করা হলেও তা বেশি দিন ঠিক থাকে না। তাই এলাকার লোকজনের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এ ছাড়া রয়েছে পানি নিষ্কাশনের সমস্যা। বর্ষাকালে পানি সরতে না পেরে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে জানান স্থানীয় বাসিন্দা সানোয়ার হোসেন।নবীগঞ্জের বাসিন্দা পল্টু তরফদার জানান, এই ওয়ার্ডের রাস্তাগুলো ভাঙাচোরা। এলাকার লোকজনকে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হয়। নতুন মেয়র ও কাউন্সিলর দায়িত্ব নেওয়ার পর এলাকার সমস্যা সমাধানে নজর দেবেন, এমনটাই আশা করছেন তিনি। ওয়ার্ড-২২এলাকা: দত্তপাড়া (উত্তরাংশ), বাংলাদেশ পাড়া (উত্তরাংশ), কোটপাড়া, বন্দর ঠাকুরবাড়ী, বন্দর কলোনি, স্বল্পের চক (দক্ষিণাংশ), এস এস সাহা রোড (উত্তর-পূর্বাংশ), এইচ এম সেন রোড, উইলসন রোড (দক্ষিণাংশ)। নিত্যসঙ্গী যানজটসিটি করপোরেশনের ব্যস্ততম একটি ওয়ার্ড বলা যায় এটিকে। কারণ এখানে রয়েছে বন্দর প্রেসক্লাব, বন্দর মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় শহীদ মিনার ও বন্দর ১ নম্বর খেয়াঘাট। একসময় এই ওয়ার্ডে অনেক শিল্পকারখানা ছিল। এখন আবাসিক এলাকাই বেশি। নতুন বাড়িঘর নির্মাণ করতে হলে চাঁদা দিতে হয় বলে অভিযোগ করেন ওয়ার্ডবাসী। বন্দর এলাকার বাসিন্দা ব্যবসায়ী আবদুল হক জানান, বন্দর বাজার থেকে রাজবাড়ী পর্যন্ত রাস্তাটি জায়গায় জায়গায় ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বলা যায়, সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙা রাস্তার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দত্তপাড়া এলাকার বাসিন্দা আবুল হোসেন জানান, এই ওয়ার্ডের লোকসংখ্যা বেশি। তবে লোকসংখ্যা অনুপাতে বিগত দিনে ওয়ার্ডে তেমন কোনো উন্নয়নকাজ হয়নি। এ ছাড়া রয়েছে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা। রাস্তাগুলো সরু হওয়ায় যানজট লেগেই থাকে বলে জানান স্থানীয় বাসিন্দা সোহরাব হোসেন। ওয়ার্ড-২১এলাকা: দত্তপাড়া (দক্ষিণাংশ), বাংলাদেশ পাড়া (দক্ষিণাংশ), শাহী মসজিদ বাড়ী, সালেহনগর, কে এন সেন রোড (ডকইয়ার্ড উত্তরাংশ), সোনাবিবি রোড (এনায়েতনগর, চৌধুরীপাড়া, নোয়াদা), এস এস সাহা রোড (দক্ষিণাংশ)।বর্ষায় ভোগান্তিঐতিহ্যবাহী সোনাকান্দা কেল্লার অবস্থান এই ওয়ার্ডে। সংস্কারের অভাবে কেল্লাটির বিভিন্ন অংশ ভেঙে গেছে। এর পলেস্তারা খসে পড়েছে। ওয়ার্ডের বেশির ভাগ রাস্তাঘাট ভাঙাচোরা। এনায়েতনগরের খালে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। এ কারণে বর্ষার পানি উপচে সড়কে উঠে যায়। পানি ঢুকে পড়ে এলাকার বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও দোকানপাটে। বর্ষাকালে তাই এলাকাবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগে পড়তে হয়।সালেহনগরের বাসিন্দা জুয়েল রানা জানান, তাঁদের এলাকার রাস্তাগুলো খানাখন্দে ভরা। বর্ষাকালে এগুলো পানিতে ডুবে যায়। তাই বর্ষা মৌসুমটা তাঁদের জন্য বিরক্তিকর। বর্ষার দুর্ভোগ কমাতে হলে খাল খনন ও পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন করতে হবে। সোনাকান্দা এলাকার বাসিন্দা রাসেল আহম্মেদের অভিযোগ, এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এভাবে মাদকের ব্যবসা চলছে। অথচ প্রশাসন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো জোরালো পদক্ষেপ নিচ্ছে না। ওয়ার্ড-২৫এলাকা: চৌড়াপাড়া (উত্তরাংশ), দেউলী চৌড়াপাড়া (উত্তরাংশ), দাসেরগাঁও (পশ্চিমাংশ), লক্ষ্মণখোলা (দক্ষিণ-পশ্চিমাংশ)।অচল পথএই ওয়ার্ডের বেশির ভাগ এলাকায় রয়েছে তুলা তৈরির কারখানা। আছে সোহাগপুর টেক্সটাইল মিল। কারখানাগুলোয় কাজ করেন অসংখ্য শ্রমিক। তাঁদের অনেকেই এই এলাকার ভাড়া বাসায় থাকেন। ওয়ার্ডবাসী জানালেন, তাঁদের ওয়ার্ডের প্রধান সমস্যা জলাবদ্ধতা ও মাদক ব্যবসা।চৌড়াপাড়ার বাসিন্দা নাজিম উদ্দিন ও দিল মোহাম্মদ দিলু জানালেন, তাঁদের ওয়ার্ডে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় বর্ষা মৌসুমে। এ ছাড়া এখানে রয়েছে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের ব্যবসা। পানিনিষ্কাশন খাল দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাই এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।উত্তর লক্ষ্মণখোলা এলাকার জহিরুল ইসলাম জানান, এলাকার প্রধান সমস্যা ভাঙা রাস্তাঘাট। সড়কের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় রিকশা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই চলাচলে তাঁদের দুর্ভোগের শেষ নেই। ওয়ার্ড-২৬এলাকা: লক্ষণখোলা রোড (উত্তর-পশ্চিমাংশ), রামনগর, সোনাচড়া, সোনাচড়াবাগ, ইস্পাহানী ডকইয়ার্ড, কুটিরবন্ধ, কুড়িপাড়া (খালপাড়)।ছিনতাই প্রতিরোধ করবে কেদিনমজুরদের সংখ্যাই বেশি ওয়ার্ডের এলাকাগুলোয়। তাঁদের প্রায় সবাই তুলার কারখানায় কাজ করেন। কারণ, এখানে প্রচুর তুলার কারখানা রয়েছে। ইস্পাহানী এলাকার হাসান ও জোবায়ের জানালেন, মদনগঞ্জ-মদনপুর সড়কটি রাতে অরক্ষিত হয়ে পড়ে। প্রতিদিন রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। টহল পুলিশ থাকলেও ছিনতাই কমছে না। লক্ষণখোলা এলাকার রহমত আলী বেপারী বলেন, দীর্ঘদিন ধরে এলাকার সড়কগুলো বেহালে আছে। সেই সঙ্গে রয়েছে মাদক ব্যবসা। অপরাধমূলক কর্মকাণ্ড বাড়লেও তা দমনে প্রশাসনের তৎপরতা কম। ওয়ার্ড-২৭এলাকা: কুড়িপাড়া, চাপাতলী, লালখারবাগ, নাজিরগঞ্জ, বঙ্গশাসন, মুরাদপুর, হরিপুর, ফুলহর (পশ্চিমাংশ)। সড়কবাতির অভাবঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড পড়েছে এই ওয়ার্ডে। বাসস্ট্যান্ডটি ঘিরে রয়েছে সন্ত্রাসীদের দৌরাত্ম্য। ওয়ার্ডবাসীর অভিযোগ, হরিপুর এলাকা মাদক বিক্রির প্রধান কেন্দ্র। এখানে সন্ত্রাসীদের আনাগোনাও বেশি। হরিপুর এলাকার বাসিন্দা তানভীর হোসেন জানালেন, তাঁদের এলাকায় কোনো সড়কবাতি নেই। যাতায়াত করতে গিয়ে প্রায়ই রাতের বেলায় দুর্ঘটনায় পড়তে হয়। এ ছাড়া ছিনতাই, ডাকাতির ঘটনা তো রয়েছেই। ব্যবসায়ীরা সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা করতে ভয় পান।