ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনে ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে, ভোটারদের মধ্যে উৎসাহ ততই বাড়ছে। এত দিন প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে ব্যস্ত ছিলেন। নির্বাচনের আর মাত্র পাঁচ দিন বাকি, তাই এখন তাঁরা ভোটারদের মন জয় করতে এলাকায় জনসংযোগ, পথসভা ও সমাবেশ শুরু করেছেন বেশ জোরেশোরে। আওয়ামী লীগের প্রার্থী নূরনবী চৌধুরী ‘উন্নয়নের স্বার্থে’ নৌকা মার্কায় ভোট চাইছেন। আর ‘প্রতিপক্ষের একের পর এক হামলার’ কথা বলে ভোটারদের সহানুভূতি আদায়ের চেষ্টা রয়েছে বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদের। আওয়ামী লীগের পক্ষ থেকে ভোটারদের বলা হচ্ছে, এই নির্বাচনের ফলাফল যা-ই হোক, তাতে রাষ্ট্রক্ষমতার কোনো পরিবর্তন হবে না। বর্তমান সরকার আরও সাড়ে তিন বছর ক্ষমতায় থাকবে। তাই স্থানীয় সাংসদ বিরোধী দলের হলে তিনি এলাকার কোনো উন্নয়ন করতে পারবেন না। এ কারণে উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকেই ভোট দেওয়া উচিত। বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে কথা বলে জানা যায়, আওয়ামী লীগের এই প্রচারণা মানুষকে কম-বেশি প্রভাবিত করছে। লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, ‘ভাবছি বিরোধী দলের প্রার্থীকে ভোট দিয়ে কী লাভ?’ লালমোহনের পাঙ্গাসিয়া গ্রামের বাসিন্দা কামাল হোসেন বলেন, ‘আওয়ামী লীগকে ভোট দেব। যাতে ভবিষ্যতে আরও উন্নয়ন হয়।’তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহিদুল্লাহ্ প্রথম আলোকে বলেন, ‘আমাদের দল ক্ষমতায়। নির্বাচনে জিতলে আমরাই উন্নয়ন করতে পারব।’বিএনপি তাদের ওপর হামলার ঘটনা প্রচারের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উচ্চমূল্যের বিষয়টি তুলে ধরছে। একই সঙ্গে তারা অতীতে এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজের উন্নয়নে হাফিজ উদ্দিনের অবদানের কথা প্রচারও করছে। লালমোহনের রায়চাঁদ গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, ‘ইলেকশন এলে কিছু ঠেসাঠেসি হবেই। এইডা তেমন কিছু না।...এহন সবাই ফিল্ডে (মাঠে) আছে। দুই পার্টিই বাড়ি বাড়ি যায়, ভোট চায়।’লালমোহন উপজেলার যুবদলের সেক্রেটারি হারুন অর রশিদ বলেন, ‘লালমোহনে যে রাস্তাঘাট দেখছেন, সবই হাফিজ ভাইয়ের সময় হয়েছে। জনগণ তাঁকে ভোট দেবে না তো কাকে দেবে?’গ্রামের বাজারের দোকানপাটে অতীতের উন্নয়নকাজ নিয়েও আলোচনা কম নয়। চরউমেদ ইউনিয়নের গজারিয়া গ্রামের কাপড় ব্যবসায়ী মাসুদুর রহমান বিএনপির একনিষ্ঠ সমর্থক। তিনি বলেন, ‘আমার পরিবারের আটজন ভোটারের সবাই ভোট দিতে যাইব। এই ইলেকশনে সরকার পরিবর্তন হবে না। তার পরও আশা করি সিটটা যেন আমাদের থাকে। হেরা (আওয়ামী লীগ) ৩০ বছর এই সিট পায় নাই। ২০০৯ সালে পাইছিল, হেরাও এইবার ধরে রাখার চেষ্টা করছে। যদি পরিবেশ ভালো থাকে, হাড্ডাহাড্ডি লড়াই হবে।’ তজুমদ্দিন বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম মহিবুল্লাহ্ বলেন, ‘হাফিজ উদ্দিন এর আগে এমপি হয়ে এলাকায় অনেক উন্নয়নকাজ করেছেন। তাই তিনি যেখানেই যান, ভোটাররা হুমড়ি খেয়ে পড়েন।’তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাজিকান্দি গ্রামের বাসিন্দা মো. ইব্রাহিম বলেন, ‘নৌকায় ভোট দিতে কইলে কই দিমু, ধানের শীষে দিতে কইলেও কই দিমু। কারে দিমু হেইডা তো মনেই আছে।’ভোলার উপনির্বাচনের প্রচারে জাতীয় বা স্থানীয় কোনো বিষয় স্থান পায়নি। এর মধ্যে দেশব্যাপী বিদ্যুৎ-সংকট নাগরিক দুর্ভোগের বড় কারণ হলেও ভোলায় এই সংকট নেই। ভোলায় ৩৪ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র আছে, আর এখানকার চাহিদা ১৬ মেগাওয়াট। বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার ব্যবস্থা না থাকায় এই দ্বীপ জেলাটি এখন বিদ্যুৎ-উদ্বৃত্ত জেলা।দুই প্রার্থীর কথা শুনলেন নির্বাচন কমিশনার: নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে ভোলায় অবস্থানকারী নির্বাচন কমিশনার ছহুল হোসাইন গতকাল শনিবার লালমোহনে আসেন। উপজেলা মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি প্রধান অতিথি ছিলেন। সভায় তিনি প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর নানা অভিযোগ শোনেন। সভায় হাফিজ উদ্দিন ভোটের দিন সেনা মোতায়েন এবং নূরনবী চৌধুরী প্রত্যেক ভোটকেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট দেওয়ার দাবি জানান। নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, তাঁরা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের সব ধরনের উদ্যোগ নিয়েছেন। সেনাবাহিনী আনলেই এর চেয়ে ভালো কিছু হবে না। দুই প্রার্থী সহযোগিতা করলেই নির্বাচন সুষ্ঠু হবে।সংখ্যালঘুদের দোকানে আগুন: গত শুক্রবার গভীর রাতে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের কালীবাজারে শ্রীবাশ বিশ্বাস ও স্বপন মজুমদারের দুটি মুদির দোকান দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. এরফান প্রথম আলোকে বলেন, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের নিরাপত্তার জন্য তাঁরা ব্যবস্থা নিচ্ছেন।এদিকে গতকাল সন্ধ্যায় লালমোহনে হাফিজ উদ্দিনের বাড়ির সামনে ছাত্রলীগের স্থানীয় নেতা জাকির মৃধাকে ধরে মারধর করেছেন বিএনপি কর্মীরা। এ সময় আরও দুজনসহ জাকির মোটরসাইকেলে ওই পথ দিয়ে যাচ্ছিলেন বলে স্থানীয় সূত্রগুলো জানায়। গত বৃহস্পতিবার বিএনপির প্রার্থীর নির্বাচন সমন্বয়কারী নাজিমউদ্দিন আলমের ওপর হামলার ঘটনায় এই জাকির নেতৃত্ব দিয়েছেন বলে তাঁরা অভিযোগ করেছিলেন।