ভোটারদের পথে পথে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্ষিপ্ত হামলার ঘটনা ও ভয়ভীতি প্রদর্শনের মধ্য দিয়ে গতকাল অনুষ্ঠিত হয়েছে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের উপনির্বাচন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রস্তুতি ও টহলের মধ্যেও বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে ও আশপাশে ভোটারদের বাধা দেওয়া, হামলা এবং কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ১৩ জন আহত হন। নির্বাচন কমিশন নয়টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করলে আওয়ামী লীগের কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সন্ধ্যার পরপর র‌্যাব-পুলিশ লালমোহন সদরে দোকানপাট বন্ধ করে দিয়েছে।সকাল আটটায় ভোট গ্রহণ শুরুর পর কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ভালো থাকলেও বেলা ১১টার পর তা ফাঁকা হতে থাকে। তবে প্রাথমিক হিসাবে ৭০ শতাংশ ভোট পড়েছে বলে সরকারি সূত্র দাবি করেছে। নির্বাচন কমিশন বলেছে, শতভাগ না হলেও নির্বাচন সফল হয়েছে।নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ ছিল। নৌকা মার্কার ব্যাজ লাগিয়ে কেন্দ্রগুলোতে তাঁদের সরব উপস্থিতি দেখা গেছে। তবে বিএনপির লোকজন মাঠে ছিল কম। ভোটকেন্দ্র বা এর আশপাশে বিএনপির কর্মী-সমর্থকদের তেমন দেখা যায়নি। অনেককে দূরে অবস্থান নিয়ে সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নালিশ করতে দেখা গেছে।বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ অভিযোগ করেন, কেন্দ্রে না যাওয়ার জন্য তাঁর ভোটারদের আগের রাতে হুমকি, হামলা ও ভোটের দিন পথে পথে বাধা দেওয়া হয়। তাঁরা টহলরত র‌্যাব-পুলিশের সাহায্য চেয়েও পাননি। তিনি এ নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন।অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী নূরনবী চৌধুরীর প্রধান নির্বাচন সমন্বয়কারী তোফায়েল আহমেদ বিকেলে সংবাদ সম্মেলন করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলে দাবি করেন।পথে পথে বাধা: সকাল সাড়ে ১০টা। লালমোহনের চরভুতা ইউনিয়নের বাংলাবাজার কেন্দ্রে যাওয়ার পথে দেখা গেছে, রাস্তার পাশে জনা বিশেক নারী অপেক্ষা করছেন। জিজ্ঞেস করলে হুনুফা, তাজিয়া ও রেখা বেগম প্রথম আলোকে জানান, তাঁরা ভোটকেন্দ্রে যাচ্ছিলেন। কিন্তু আওয়ামী লীগের একদল কর্মী লাঠি নিয়ে তাড়া করেছেন। বলেছেন, চরভুতার লোকজনের ভোট দিতে হবে না।আরেকটু ভেতরে গিয়ে দেখা যায়, এ রকম বাধার মুখে কেন্দ্রে যেতে না পারা অনেকে রাস্তার পাশে বিভিন্ন বাড়ির সামনে জটলা করে আছেন। ওই পথে যাওয়ার পথে বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন তাঁদের সঙ্গে নিয়ে বাংলাবাজার কেন্দ্রে যান। তখন বেলা ১১টা, কেন্দ্রটি প্রায় ভোটারশূন্য। নারী ভোটারদের রেখে হাফিজ কেন্দ্র থেকে চলে যাওয়ার পরপর কয়েক শ লোক কেন্দ্রের বাইরে অবস্থান নেয়। তারা অনেক নারী ভোটারকে আটকাতে চেষ্টা করে। তাঁদের মধ্যে কুলসুম, মোমেনাসহ কয়েকজন জানান, নৌকায় ভোট দিয়েছেন বলার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।প্রিসাইডিং কর্মকর্তা জানান, ওই কেন্দ্রে ভোটারসংখ্যা দুই হাজার ১২১। বেলা ১১টার মধ্যে সাড়ে ৭০০ ভোট নেওয়া হয়েছে। সকালের দিকে ভোটারদের লাইন কিছুটা বড় ছিল।বাংলাবাজার কেন্দ্র থেকে একটু এগোনোর পর দেখা যায়, রাস্তায় কিছু যুবক লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলে ওই যুবকেরা দাবি করে, বিএনপির প্রার্থীর লোকেরা তাদের মারধর করেছে। তাই আত্মরক্ষার জন্য তারা লাঠি নিয়ে অবস্থান নিয়েছে।চরভুতা ইউনিয়নের হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বদরপুরের চরকচ্চপিয়া প্রাথমিক বিদ্যালয়, কালমা ইউনিয়নের ডাওরীবাজার স্কুলসহ বিভিন্ন কেন্দ্রে বিএনপির ভোটারদের যেতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।সকাল সাড়ে নয়টার দিকে ফরাশগঞ্জ ইউনিয়নের উত্তর কিশোরগঞ্জ কেন্দ্রে যাওয়ার পথে কানু, লিটন, ইউসুফ, মুসা, মতলবসহ নয়জনকে রক্তাক্ত অবস্থায় রিকশাযোগে চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখা যায়। জানতে চাইলে স্থানীয় লোকজন জানান, তাঁরা ভোট দিতে যাওয়ার পথে আওয়ামী লীগের কর্মীরা পিটিয়ে ও কুপিয়ে তাঁদের আহত করেছেন।কচুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাওয়ার পথে কুপিয়ে আহত করা হয়েছে বিএনপির সমর্থক কামালকে। গণেশপুরের তৈয়বা বেগম, দিদার ও আনিস মোল্লা অভিযোগ করেন, তাঁদের গ্রামের বিএনপির সমর্থক কাউকে কেন্দ্রে যেতে দেওয়া হয়নি।আগের রাতে হামলা: ভোটের আগের মধ্যরাতে পশ্চিম চরউমেদ ইউনিয়নের কচুয়াখালী বাজারে সন্ত্রাসীরা বিএনপির সমর্থকদের দুটি বাড়ি ও চারটি দোকানে হামলা-ভাঙচুর করেছে। এ সময় একটি ট্রলার ও একটি মাছের আড়ত পুড়িয়ে দেয় তারা।এর মধ্যে স্থানীয় বিএনপির নেতা নান্নু মেম্বারের পরিবারের সদস্যরা এবং আশপাশের প্রায় ২৫ জন ভোট দিতে পারেননি। নান্নু মেম্বারের বোন রাহেলা অভিযোগ করেন, তাঁদের ভোটকেন্দ্রে না যেতে সন্ত্রাসীরা হুমকি দিয়ে গেছে।সর্বত্র নৌকার ব্যাজ: অনেক কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্ট পাওয়া যায়নি। কিছু কেন্দ্রে পোলিং কর্মকর্তার সামনেই কয়েকজনকে ব্যালট পেপারে সিল মারতে দেখা গেছে।বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সন্ত্রাসীরা বিএনপির কর্মীদের মারধর করেছে। র‌্যাবের কাছে অভিযোগ করলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।বদরপুর ইউনিয়ন কেন্দ্রের চারপাশ ও ভেতরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবাধ চলাচল লক্ষ করা গেছে। এসব কেন্দ্রের আশপাশে বিএনপির কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। কেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটার ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বেলায় সেই নিষেধাজ্ঞা মানা হয়নি। লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে মমিন নামের আওয়ামী লীগের এক কর্মী জানান, বিএনপির কেউ এখানে আসেননি। এখানে কোনো সমস্যা হচ্ছে না।প্রথম আলোর সাতজন সাংবাদিক গতকাল লালমোহন ও তজুমদ্দিনের অন্তত ৩৫টি কেন্দ্র ঘুরে ধানের শীষের ব্যাজধারী কাউকে দেখতে পাননি।চরভুতা ইউনিয়ন বিএনপি-অধ্যুষিত হিসেবে পরিচিত। এ ইউনিয়নের পূজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে একজন আটক হন।সকালে লালমোহন সদরের পাবলিক লাইব্রেরি-সংলগ্ন মহিলা কলেজ কেন্দ্রে গিয়ে ভোটারদের বড় সারি দেখা গেছে। সেখানে ৭০ বছর বয়সী শরীফা খাতুন একজনের কাঁধে ভর করে ভোট দিতে আসেন। এত কষ্ট করে ভোট দিতে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘দেশের উন্নয়ন লাগব না জে।’ ওই কেন্দ্রের দুটি বুথে সকালে বিএনপির এজেন্ট ছিল না। অবশ্য পরে কারচুপির অভিযোগে এই কেন্দ্রের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।কালমা ইউনিয়নের ডাওরীহাট স্কুল কেন্দ্রের বিএনপির এজেন্ট ফখরুল আলম অভিযোগ করেন, বিএনপির কর্মীদের রাস্তার মোড়ে মোড়ে বাধা দেওয়া হচ্ছে।পশ্চিম চরটিটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে বসবাসরত সালেহ আহম্মেদ জানান, তাঁদের ভোট দিতে যেতে নিষেধ করা হয়েছে। একই অভিযোগ করেন ওই এলাকার আরও দুই নারী।আমান লাঞ্ছিত: তজুমদ্দিন আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা একটার দিকে যুবলীগের নেতা কিরণের সঙ্গে বিএনপির প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও দলটির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশের সহায়তায় তিনি ওই স্থান থেকে চলে যান।ভোট দিতে গিয়ে আঙুল হারালেন: ইলিশাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে যাওয়ার কারণে স্থানীয় বাসিন্দা নুর রহমানের একটি আঙুল কেটে নিয়েছেন আওয়ামী লীগের কর্মীরা। দুপুরে নুর রহমানকে হাফিজউদ্দিনের বাড়িতে স্থাপিত অস্থায়ী চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।বিএনপির এজেন্ট ছিল না ১৪ কেন্দ্রে: লালমোহন মহিলা কলেজ কেন্দ্রে বিএনপির এজেন্ট লোকমানকে ঢুকতে দেওয়া হয়নি। তিনি বিএনপির এজেন্ট হিসেবে নিজের পরিচয়পত্র দেখিয়ে অভিযোগ করেন, তাঁকেসহ ওই কেন্দ্রে বিএনপির তিন পোলিং এজেন্টকে ঢুকতে দেননি আওয়ামী লীগের সমর্থকেরা।লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের আটটি কেন্দ্রের সাতটিতেই বিএনপির কোনো পোলিং এজেন্ট ছিল না।বদরপুর ইউনিয়নের আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ছাত্রলীগের নেতা জাভেদ প্রথম আলোকে বলেন, এই ইউনিয়নের ৯৯ শতাংশ ভোটই আওয়ামী লীগের। তাই হয়তো বিএনপির সমর্থক না থাকায় এজেন্ট দেওয়া হয়নি।লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে ১৪টি কেন্দ্রে বিএনপির এজেন্ট পাওয়া যায়নি। সেগুলো হলো: হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহেশখালী আশরাফিয়া সরকারি বিদ্যালয়, সাতানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঙ্গাসিয়া দাখিল মাদ্রাসা, কিশোরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাংলাবাজার প্রাথমিক বিদ্যালয়, ডা. আজহারউদ্দিন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবীরচর প্রাথমিক বিদ্যালয়, গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়, ধলীগৌরনগর স্কুল, বালুরচর প্রাথমিক বিদ্যালয়, করিমগঞ্জ মাদ্রাসা, মিজিপাড়া বিদ্যালয় ও ভেলুরিয়া কেন্দ্র।তবে এসব কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা দাবি করেন, কেন্দ্রের ভেতর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।এ ছাড়া বিএনপির এজেন্টদের মধ্যে ধলীগৌরনগর ইউনিয়নের কুন্ডের হাওলা কেন্দ্রের মো. ফারুক, সালাউদ্দিন রতন ও জাহাঙ্গীর আলম, চতলা বোর্ড মডেল কেন্দ্রের সোহাগ ও ইউসুফকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। চতলা বোর্ড মডেল কেন্দ্রে বিএনপির কর্মী ছিদ্দিকুর রহমানকে কুপিয়ে আহত করা হয়। ইউনিয়ন বিএনপির নেতা মাসুদ করিমকে পিটিয়ে বের করে দেওয়া হয়।নয়টি কেন্দ্রের ভোট স্থগিত: মোট নয়টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। কেন্দ্রগুলো হচ্ছে: লালমোহন পাবলিক লাইব্রেরি কেন্দ্র, ডা. আজহার উদ্দিন প্রাথমিক বিদ্যালয়, ভেদুরিয়া সেরাজিয়া সিনিয়র মাদ্রাসা, সাতানি প্রাথমিক বিদ্যালয়, কিশোরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহেশখালী আশরাফিয়া প্রাথমিক বিদ্যালয়, উত্তরা অন্নদাপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, লর্ড হার্ডিঞ্জ ফাজিল মাদ্রাসা ও সৈয়দাবাদ ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্র। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে বিঘ্ন ঘটায় এসব কেন্দ্র স্থগিত করা হয়েছে।