‘স্থানীয় সরকার, স্থানীয় সরকার বলে যতই প্রচার করা হোক, আসলে নির্বাচন হবে ১৪ দল ও ১৮-দলীয় জোটের মধ্যে। এ জন্যই আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র প্রার্থীর পক্ষে দুই জোটের নেতা-কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন। ফলে নির্বাচন স্থানীয় সরকারের হলেও প্রাধান্য পাচ্ছে জাতীয় বিষয়।’ রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে কথাগুলো বলেছেন রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি আবু বাক্কার আলী। রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১৪ দলের সমর্থন পেয়েছেন সদ্য সাবেক মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এইচ এম খায়রুজ্জামান। রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন পেয়েছেন ১৮-দলীয় জোটের সমর্থন। মোসাদ্দেক হোসেনকে আনুষ্ঠানিকভাবে হেফাজতে ইসলামের নেতারাও সমর্থন দিয়েছেন। বিএনপির নেতা-কর্মীরা বলছেন, এই নির্বাচন তাঁদের অস্তিত্বের লড়াই। এর ওপর জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ নির্ভর করছে। এ জন্য তাঁরা জাতীয় ইস্যুগুলো নিয়ে মাঠে নেমেছেন। তাঁরা তত্ত্বাবধায়ক ইস্যু ও শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ নিয়ে সরকারের বিরুদ্ধে চালানো নেতিবাচক প্রচারণাকে কাজে লাগানোর চেষ্টা করছেন। অপরদিকে ১৪-দলীয় জোটের পক্ষ থেকে গত সাড়ে চার বছরের দৃশ্যমান উন্নয়নকাজ তুলে ধরে প্রচারণার চেষ্টা চলছে। তারা যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছে বলে প্রচারণা চালাচ্ছে। গত শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজশাহীতে গণসংযোগ করতে গিয়ে বলেছেন, সরকার বড় বাজেট দিয়ে ভোটারদের ভোলানোর চেষ্টা করেছে, কিন্তু এসব কোনো কিছুই কাজে আসবে না। খায়রুজ্জামান গত সাড়ে চার বছরে তাঁর উন্নয়নের বিষয়গুলো সামনে এনে ভোটারদের মন কাড়ার চেষ্টা করছেন। ইতিমধ্যে রাজশাহীতে বহু প্রতীক্ষিত গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে। তিনি মনে করছেন, ভোটাররা তাঁর এ কাজের মূল্যায়ন করবে।খায়রুজ্জামান বলেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রচারণায় স্থানীয় ইস্যু সামনে আনা উচিত। কিন্তু তাঁর প্রতিপক্ষ জাতীয় বিষয় সামনে এনে তাঁর বিরুদ্ধে প্রচারণা চালা চ্ছে। তবে এতে তারা সফল হবে না।তবে অপর প্রার্থী মোসাদ্দেক হোসেন বলেন, যেহেতু জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে এবং তত্ত্বাবধায়ক ইস্যু এখন জ্বলন্ত। সে কারণে জাতীয় বিষয় এই নির্বাচনে প্রভাব ফেলবে।