ভোটের দিন নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলেছে ১৮ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার সিটি করপোরেশন এলাকায় ভোটের দিন বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের নেতা-কর্মীদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁদের নিরাপদ অবস্থানে থেকে ভোট গ্রহণ ও ফল ঘোষণার প্রতি দৃষ্টি রাখতে এবং কারচুপি হচ্ছে—এমন আলামত পেলে তাৎক্ষণিক নিজ নিজ এলাকায় প্রতিক্রিয়া দেখাতে বলা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, বিএনপি-সমর্থিত প্রার্থীদের বিজয় সুনিশ্চিত। এটা জেনে সরকার-সমর্থকেরা কারচুপির চেষ্টা করতে পারেন। এই আশঙ্কা থেকেই দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের কারচুপি হলে সেখান থেকেই আন্দোলন শুরু হবে। অবশ্যই বিএনপি এর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাবে। কাল শনিবার রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১৮-দলীয় জোট এই নির্বাচনে মেয়র পদে একক প্রার্থীকে সমর্থন দিয়েছে। তবে মেয়র পদের চার প্রার্থীই বিএনপির নেতা। শুরুতে রাজশাহী ও সিলেটে জামায়াত-সমর্থিত প্রার্থী ছিলেন। পরে সমঝোতার ভিত্তিতে তাঁরা তা প্রত্যাহার করে নেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা জানান, ১০ জুন রাতে অনুষ্ঠিত ১৮ দলের বৈঠকে বিএনপি, জামায়াত ও ইসলামী ঐক্যজোটসহ শরিক দলগুলোর নেতা-কর্মীদের ভোটের দিন সতর্ক থাকার জন্য খালেদা জিয়া অনুরোধ করেছেন। বৈঠকে জামায়াতে ইসলামীর নেতারা বিএনপি-সমর্থিত চার মেয়র পদপ্রার্থীকে সব ধরনের সহযোগিতা দেওয়ার অঙ্গীকার করেন। এ ছাড়া ১১ ও ১২ জুন যথাক্রমে খুলনা ও সিলেটে জামায়াত ও হেফাজতে ইসলামের স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়ার পাঠানো প্রতিনিধিরা। এ বৈঠকগুলোতে ভোটের দিন ফল ঘোষণা দেওয়া পর্যন্ত সতর্ক থাকতে জামায়াত ও হেফাজতের প্রতি অনুরোধ জানানো হয় বলে দলীয় একাধিক সূত্র থেকে জানা গেছে। এর মধ্যে সিলেটে বৈঠকে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। আর খুলনায় বৈঠকে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য তরিকুল ইসলাম ও গয়েশ্বর চন্দ্র রায়। রাজশাহীতে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান নির্বাচনী কার্যক্রমের শুরুতেই জামায়াত ও হেফাজতের সঙ্গে আলোচনা করেন। পরে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও বৈঠক করেন। আর বরিশালে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী আহসান হাবিব নিজেই জামায়াত ও হেফাজতের সঙ্গে সমঝোতা করেন। তাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও হাফিজ উদ্দিন আহম্মদেরও ভূমিকা ছিল জানা গেছে।চার সিটি করপোরেশন নির্বাচনে হেফাজতে ইসলামকে গুরুত্ব দেওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গত ৫ মে হেফাজতের ওপর যে তাণ্ডব হয়েছে, তা সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। তিনি বলেন, হেফাজতের আন্দোলনের প্রতি তাঁর দলের সমর্থন আছে। এ কারণে সিটি নির্বাচনে ১৮ দল-সমর্থিত প্রার্থীদের পক্ষে থাকার জন্য হেফাজতের প্রতি আহ্বান জানানো হয়েছে।জামায়াতের ২২ কাউন্সিলর প্রার্থী: বিএনপি-সমর্থিত প্রার্থীর পক্ষে সর্বশক্তি দিয়ে কাজ করার অঙ্গীকারের বিনিময়ে তিনটি সিটি করপোরেশনে ২২টি ওয়ার্ডে কাউন্সিলর পদে থাকছেন জামায়াতের প্রার্থী। এর মধ্যে খুলনায় ১০টি, রাজশাহীতে নয়টি ও বরিশালে তিনটি ওয়ার্ডে জামায়াতের প্রার্থী আছেন। আর সিলেটে ওয়ার্ড কাউন্সিলর পদে জামায়াতের কেউ প্রার্থী হননি।বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, সমঝোতার ভিত্তিতে এই ২২টি ওয়ার্ডে কাউন্সিলর পদে বিএনপির কেউ প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তবে তাঁরা খোঁজখবর করে জেনেছেন, এর মধ্যে খুলনায় তিনটি, রাজশাহী চারটি ও বরিশালে দুটি ওয়ার্ডে জামায়াত-সমর্থিত প্রার্থীর অবস্থা ভালো। এগুলোতে বিএনপির স্থানীয় নেতাদের জামায়াতের সঙ্গে কাজ করতে বলা হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন বলেন, নির্বাচনে বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। চেয়ারপারসনের নির্দেশে ১৮ দলের সবাই মেয়র পদসহ বিজয়ী হতে পারেন—এমন কাউন্সিলর পদপ্রার্থীর পক্ষে কাজ করছেন।