বিভিন্ন শ্রেণীর ভোটারদের কুশল বিনিময়, কোলাকুলি, ভোটকেন্দ্র ঘিরে বসা দোকান—সব মিলে উৎসবের আমেজ। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে এমন অবস্থা গতকাল বুধবার দেখা গেছে পটুয়াখালীর দশমিনা উপজেলায়। গতকাল এ উপজেলার ছয়টি ইউনিয়নে ভোট গ্রহণ হয়েছে।সকাল হতে না-হতেই নারী-পুরুষেরা ভোটকেন্দ্রের দিকে রওনা হন। অনেকে সঙ্গে করে ছোট শিশুদেরও নিয়ে আসেন। অনেক স্থানে ভোটকেন্দ্রের কিছু দূরে রীতিমতো বাজার বসে যায়। আর বাজারের কাছের ভোটকেন্দ্রগুলো হয়ে ওঠে আরও জমজমাট। ভোট দেওয়ার পাশাপাশি বিভিন্ন শ্রেণীর মানুষ পরস্পরের সঙ্গে কুশল বিনিময়েও ব্যস্ত হয়ে পড়েন। কেউ কেউ কোলাকুলিও করেন। ৯০-৯৫ বছর বয়সী নারীরাও এসেছিলেন কেন্দ্রে।পটুয়াখালী জেলা সদর থেকে ২২ কিলোমিটার দূরে দশমিনার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে ভোটারদের দীর্ঘ সারি চোখে পড়ে। সকালের দিকে নারী ভোটারের সংখ্যাই ছিল বেশি। দুপুরের পর কেন্দ্রগুলোতে পুরুষদের ভিড় বাড়তে থাকে।গতকাল যে ছয়টি ইউনিয়নে ভোট গ্রহণ হয়েছে সেগুলো হলো রনগোপালদী, আলীপুর, বেতাগী সানকিপুর, বহরমপুর, দশমিনা সদর ও বাঁশবাড়িয়া। এসব ইউনিয়নের ৫৪টি কেন্দ্রে মোট ভোটার ৭৪ হাজার ৭২ জন। ইউনিয়নগুলোতে চেয়ারম্যান পদে ৪৭ জন, সংরক্ষিত নারী সদস্যপদে ১৭৩ জন এবং সাধারণ সদস্যপদে ৫৫৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। দু-একটি বিচ্ছিন্ন অভিযোগ ছাড়া ভোটার, প্রার্থী এবং ভোট গ্রহণে দায়িত্বরত কর্মকর্তারা নির্বাচন সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন।সকাল আটটা ৩৪ মিনিটে বেতাগী সানকিপুরের মধ্য বেতাগী কেন্দ্রে ছিল নারীদের দীর্ঘ সারি, পাশে পুরুষের সারিটি ছিল ছোট। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সঞ্জীব মৃধা বলেন, কোনো সমস্যা নেই।আটটা ৪৭ মিনিটে একই ইউনিয়নের ঠাকুরেরহাট কেন্দ্রে গিয়েও একই দৃশ্য দেখা যায়। তবে ভোট গ্রহণে ছিল ধীরগতি। এক ঘণ্টা পর ওই কেন্দ্রে ভোট গ্রহণ হয় মাত্র ৫১টি। কেন্দ্রের মোট ভোটার এক হাজার ২১২ জন।নয়টা এক মিনিটে ওই ইউনিয়নের বড় গোপালদী কেন্দ্রে দেখা যায়, পুরুষের চেয়ে নারী ভোটারের সারি দীর্ঘ। ছোট কক্ষে ভোট গ্রহণকারীদের সঙ্গে রয়েছেন প্রার্থীদের এজেন্টরাও। এর মধ্যেই ভোট দিচ্ছিলেন ভোটাররা। ওই সময় পর্যন্ত সেখানে ভোট পড়েছে ১৫০টি।নয়টা ১১ মিনিটে একই ইউনিয়নের মাছুয়াখালী কেন্দ্রে গিয়ে দেখা যায়, কে কার আগে ভোট দিতে যাবেন, এ নিয়ে ভোটারদের হুড়োহুড়ি। তাঁদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। প্রিসাইডিং কর্মকর্তা সৈয়দ আবদুস সোবাহান জানান, স্থানসংকটের কারণে ভোট গ্রহণে একটু বিলম্ব হচ্ছে।নয়টা ২৬ মিনিট। সদর ইউনিয়নের গোপালদী নিজাবাদ কেন্দ্রে দেখা যায় হইহুল্লোড়। পুলিশ ধাওয়া করছে কেন্দ্রের পাশে দাঁড়ানো লোকদের। পুলিশের একজন সদস্য অভিযোগ করেন, লাইনে দাঁড়ানো ভোটারদের কাছে সদস্যপদের প্রার্থী লাল মিয়ার পক্ষে ভোট চাইছিলেন নুরুজ্জামান নামের এক ব্যক্তি। এতে সমস্যা হওয়ায় তাঁকে সরে যেতে বলায় এ ঘটনা ঘটে। প্রিসাইডিং কর্মকর্তা আবদুর রশিদ খান বলেন, ভোট গ্রহণ শুরুর পর থেকে প্রার্থীর সমর্থকেরা এ ধরনের সমস্যা করছেন।নয়টা ৫৫ মিনিটে আরজবেগী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের ভোট গ্রহণে ধীরগতি দেখা যায়। সংরক্ষিত নারী আসনের প্রার্থী আলেয়া বেগম বলেন, এ ছাড়া এখানে অন্য কোনো সমস্যা নেই। একই কথা বলেন আরও কয়েকজন প্রার্থী।বেলা ১১টা ৪৫ মিনিটে দশমিনা ইউনিয়নের পূর্ব দশমিনা কেন্দ্রে দেখা যায় মানুষের ভিড়। রাস্তায়ও অনেক ভোটার দাঁড়িয়ে আছেন। গোলখালীর নাজমা বেগম, চরহাদির রেখা বেগম ও কাটাখালীর আন্না বেগম অনেক আগে সারিতে দাঁড়িয়ে তখনও ভোট দিতে পারেননি। প্রিসাইডিং কর্মকর্তা আবদুল মালেক বলেন, ভোট দ্রুত নিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই সময় পর্যন্ত ভোট গ্রহণ হয় ৭০২টি।ঠাকুরেরহাট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল ওহাব প্রথম আলোকে বলেন, ভোট দেওয়ার জন্য ব্যবহূত স্ট্যাম্প প্যাডের কালি শুকিয়ে যাওয়ায় কিছু সমস্যা হয়। পরে স্থানীয় বাজার থেকে কালি আনা হয়। এ কারণে ভোট গ্রহণ বিলম্বিত হয়।