ভোটের প্রভাবক দুই দলের সাবেক-বর্তমান দুই সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে মেয়র পদের প্রধান দুই প্রার্থীর চেয়ে আলোচনায় বেশি আসছেন এখানকার সাবেক ও বর্তমান দুই সাংসদ। তাঁরা হলেন কুমিল্লা সদর আসনের আওয়ামী লীগের সাংসদ আ ক ম বাহাউদ্দিন ও সদর দক্ষিণ আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরী। স্থানীয় রাজনীতিক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, সাবেক কুমিল্লা পৌরসভা ও সদর দক্ষিণ পৌরসভা নিয়ে নবগঠিত এই সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বাহাউদ্দিন ও মনিরুল হক চৌধুরী। দুজনেরই নিজ নিজ এলাকায় নিজস্ব ভোটব্যাংক রয়েছে এবং মেয়র পদে দুজনেরই পছন্দের প্রার্থী রয়েছেন। গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক প্রহলাদ দেবনাথ প্রথম আলোকে বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নানা জটিল সমীকরণের। স্থানীয় প্রভাবশালী নেতাদের ভোটব্যাংক বড় প্রভাবক হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে মনিরুল হক চৌধুরী আর আ ক ম বাহাউদ্দিনের সমর্থন শেষ পর্যন্ত কার পক্ষে থাকে, সেদিকেই সবার দৃষ্টি।কুমিল্লা সিটি করপোরেশনে মোট ভোটার এক লাখ ৬৯ হাজার ২৭৯। এর মধ্যে কুমিল্লা শহর (সদর) এলাকায় এক লাখ ২০ হাজার এবং সদ্য বিলুপ্ত সদর দক্ষিণ পৌরসভা এলাকায় প্রায় ৫০ হাজার ভোটার রয়েছেন।১৮৬৪ সালের ৩০ নভেম্বর কুমিল্লা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এরপর গত ৪৩ বছরে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন একমাত্র আ ক ম বাহাউদ্দিন। তিনি দুই দফা চেয়ারম্যান ছিলেন। আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাহাউদ্দিন ১৯৯৫ সালের পর থেকে দলীয় কোনো পদে নেই। তার পরও কুমিল্লা শহরে ভোটের রাজনীতিতে তাঁর প্রভাব বেশি। তাই দলের কোনো পদে না থেকেও আওয়ামী লীগের মনোনয়নে গত জাতীয় নির্বাচনে তিনি সাংসদ নির্বাচিত হন। কুমিল্লা নগরের ১৮টি ওয়ার্ডে তাঁর নিজস্ব ভোটব্যাংক রয়েছে বলে মনে করা হয়। তা ছাড়া ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের একটি বড় অংশ তাঁর পক্ষে বলে প্রচার আছে।সাংসদ বাহাউদ্দিন প্রথম আলোর কাছে দাবি করেন, ‘কুমিল্লার মানুষ আমাকে দীর্ঘদিন ধরে লালন-পালন করে আসছেন। তাঁদের সুখে-দুঃখে আমি পাশে ছিলাম। এ জন্য আমার নিজস্ব একটি ভোটব্যাংক তৈরি হয়েছে।’এ অবস্থায় কুমিল্লা সিটি নির্বাচনে বাহাউদ্দিনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও একসময়ের দাপুটে নেতা আফজল খান। নির্বাচনী প্রচারে বিভিন্ন উঠান বৈঠকে আফজল খান এ-ও বলেছেন, মেয়র নির্বাচিত হলে তিনি বাহাউদ্দিনের কথামতো চলবেন। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ জামিল বাবু বলেন, ‘সিটি নির্বাচনে ভোটের ক্ষেত্রে বড় ধরনের প্রভাবক সাংসদ বাহাউদ্দিন। তাঁর নিজস্ব ভোটের দিকে তাকিয়ে থাকতে হবে প্রতিদ্বন্দ্বী মেয়র পদপ্রার্থীদের।’আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে এত দিন আফজল খান ও বাহাউদ্দিনের অবস্থান ছিল দুই মেরুতে। অবশ্য সিটি নির্বাচনে বাহাউদ্দিন দলীয় প্রার্থী আফজল খানের পক্ষে প্রচার-জনসংযোগে মাঠে নেমেছেন। কিন্তু তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতা-কর্মীদের আফজলের পক্ষে মাঠে দেখা যাচ্ছে না। অবশ্য বাহাউদ্দিন প্রথম আলোকে বলেছেন, তাঁর কর্মীরা সবাই আফজল খানের পক্ষে কাজ করছেন। অন্যদিকে ২০০৩ সালের ৩০ জুলাই সদর পৌরসভা ভেঙে সদর দক্ষিণ পৌরসভা করার ক্ষেত্রে বিএনপির সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরীর কৃতিত্ব রয়েছে বলে এলাকাবাসী মনে করেন। এর আগে সদর দক্ষিণ উপজেলা প্রতিষ্ঠায়ও তাঁর বড় ভূমিকা ছিল। তিনি এই এলাকা থেকে তিনবার সাংসদ নির্বাচিত হয়েছেন। এ কারণে এই এলাকায় তাঁর নিজস্ব ভোটব্যাংক গড়ে উঠেছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লি উন্নয়ন সম্পাদক মনিরুল হক চৌধুরী এবার সিটি নির্বাচনে সমর্থন দিয়েছেন মেয়র পদপ্রার্থী মনিরুল হক ওরফে সাক্কুকে। তিনি অসুস্থতার জন্য মাঠপর্যায়ে প্রচারে না থাকলেও তাঁর কর্মী-অনুসারীরা সাক্কুর পক্ষে তৎপর রয়েছেন।জানতে চাইলে মনিরুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমার সিদ্ধান্ত কোনো দিন অরাজনৈতিক ছিল না, যে কারণে সময় বুঝে ব্যবস্থা নিয়ে থাকি। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি না গেলেও আমার অনুসারীরা সবাই মনিরুল হক সাক্কুকে ভোট দেবেন। তাঁর জন্য নেতা-কর্মীরা মাঠে নেমেছেন। আশা করি, তাঁরা আমার বার্তা দলের সর্বস্তরের নেতা-কর্মীর কাছে পৌঁছে দেবেন।’ ইলেকট্রনিকস ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের প্রতিবাদে বিএনপি আনুষ্ঠানিকভাবে এই নির্বাচন বয়কটের ঘোষণা দিলেও মনিরুল হক সাক্কু দল থেকে অব্যাহতি নিয়ে প্রার্থী হয়েছেন। তিনি বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।