ভোপাল ট্রাজেডির বিষয়ে ওবামার সহযোগিতা চেয়ে অ্যামনেস্টির চিঠি
১৯৮৪ সালে ভারতের ভোপালে গ্যাস বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মানবাধিকার ও ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সহযোহিতা চেয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আসন্ন ভারত সফরের প্রেক্ষাপটে সংগঠনটির নির্বাহী পরিচালক ল্যারি কক্স এক পত্রে এ আহ্বান জানান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওই পত্রে বলা হয়েছে, ভোপালে গ্যাস বিপর্যয়ের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য ওবামা প্রশাসন ও ভারত সরকারের এক সঙ্গে কাজ করা উচিত। ১৯৮৪ সালে ভারতের মধ্যপ্রদেশের ভোপালে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ হাজার মানুষের প্রাণহানি ঘটে। এ ছাড়াও পাঁচ লক্ষাধিক মানুষ ওই ঘটনায় শারিরীক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ট্রাজেডির শিকার হাজার হাজার মানুষ দীর্ঘ ২৫ বছর ধরে ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়ে আসছে। ভোপাল ঘটনার জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইউসিসি, ইউসিসির অধীনস্থ ভারতীয় প্রতিষ্ঠান এবং ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেডকে দায়ী করা হয়। গত ৭ জুলাই ভারতীয় একটি আদালত ইউসিসির সাত সাবেক ভারতীয় কর্মকর্তা এবং ইউসিসির অধীনস্থ ভারতীয় প্রতিষ্ঠান এবং ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেডকে ওই ঘটনার জন্য ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত করে। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইউসিসি এবং এর সাবেক চেয়ারম্যান ওয়ারেন এন্ডারসন এই বিচারের সন্মুখীন হতে অস্বীকৃতি জানিয়েছেন।—পিটিআই।