ভোমরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
অবিলম্বে বিডিআরের হয়রানি বন্ধসহ তিন দফা দাবিতে সাতক্ষীরার ভোমরা বন্দরে কর্মরত পাঁচটি সংগঠন অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। আজ রোববার সকাল ১০টা থেকে এ কর্মবিরতি শুরু হয়। ফলে বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বেলা ১১টায় ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করে তাদের দাবি উত্থাপন করে।সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফুজ্জামান। তিনি বলেন, ৪ নভেম্বর মেসার্স আকা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান ভারত থেকে ৩৫৪ কার্টন সিনথেটিক শাড়ি, থ্রি পিসসহ বিভিন্ন পণ্য আমদানি করে। বিডিআর ওই সব পণ্য অবৈধভাবে আটক করে ও ছয়জনকে গ্রেপ্তার করে। তাই অবিলম্বে বিডিআরের হয়রানি বন্ধ, এ-সংক্রান্ত মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃত ছয়জনের মুক্তি এবং মামলাটি কাস্টমস আইনে বিচারের দাবিতে এ পাঁচটি সংগঠন অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে। কর্মবিরতি পালন করা অন্য চারটি সংগঠন হলো—ভোমরা কর্মচারী অ্যাসোসিয়েশন, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, পরিবহন অ্যাসোসিয়েশন ও ট্রাক শ্রমিক সমিতি।ভোমরা কাস্টমস সুপার মোস্তফা হাসান জানান, আজ সকাল থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ফলে বন্দরটি কার্যত অচল হয়ে পড়েছে।