ভোর পর্যন্ত খালেদার বাড়ি ঘিরে রেখেছিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, গতকাল রোববার রাত থেকে আজ সোমবার ভোর পর্যন্ত পুলিশ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন অবরুদ্ধ করে রেখেছিল। ভোরে যাতে তিনি সাভারের স্মৃতিসৌধে শহীদদের উদ্দেশে শ্রদ্ধা জানাতে যেতে না পারেন, সে জন্যই পুলিশ এমন আচরণ করেছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল। খবর ইউএনবির।মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার সাভারে যাওয়ার পথেও পুলিশ বিভিন্ন জায়গায় বাধার সৃষ্টি করেছে। তিনি বলেন, সরকারের অগণতান্ত্রিক আচরণ সব সীমা অতিক্রম করেছে।আজ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার ৪০ বছর পরও গণতন্ত্র হুমকির মুখে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, বিএনপি অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার চায়। কিন্তু সেটা নিরপেক্ষ হতে হবে। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধাপরাধীদের বিচার হলে বিএনপি তা মেনে নেবে না।এদিকে মির্জা ফখরুলের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুত্ফুল কবির প্রথম আলোকে জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ি ঘিরে রাখা হয়নি। সেখানে ঘিরে রাখার কোনো ব্যাপার ছিল না। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাওয়ার একটি সময়সূচি পুলিশকে দেওয়া হয়েছে। সেই সময়সূচি অনুযায়ী বিরোধী দলীয় নেত্রীর বাসা থেকে বের হওয়ার কথা ছিল সকাল ছয়টায়। সাভারের স্মৃতিসৌধে পৌঁছানোর কথা ছিল সাড়ে ছয়টায়। পুলিশ শুধু সেটা মেনে চলার চেষ্টা করেছে।