ভোরবেলা ছিনতাই
ঘড়িতে তখন সকাল ছয়টা বেজে ২০ মিনিট। মোহাম্মদপুরের শাহজাহান রোড থেকে রিকশায় চড়ে মিতা ও তাঁর ভাই যাচ্ছিলেন কলেজগেটের হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারে। সেখান থেকে বাসে রাজশাহী যাবেন তাঁরা। রিকশা রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশ দিয়ে যাওয়ার সময় একটি হলুদ ট্যাক্সিক্যাব থেকে এক ছিনতাইকারী টান দিয়ে মিতার ব্যাগটি ছিনিয়ে নেয়। চোখের পলকেই উধাও হয় ট্যাক্সিক্যাবটি। মিতার ব্যাগে ছিল ১২ হাজার টাকা, জাতীয় পরিচয়পত্র ও দরকারি কিছু কাগজ।দূরপাল্লার বাস কাউন্টারকে কেন্দ্র করে মিরপুর সড়কের গাবতলীর টেকনিক্যাল মোড়, কল্যাণপুর, কলেজগেট ও আসাদগেট অংশে ভোরবেলা ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে গেছে। ভোরে বাসা থেকে বাস কাউন্টারে রওনা দিয়ে মিরপুর সড়ক ও এর আশপাশের গলিতে ছিনতাইয়ের শিকার হচ্ছেন অনেক যাত্রী। ছিনতাইকারীরা ছিনতাইয়ের কাজে কালো, নীল ও হলুদ রঙের ট্যাক্সিক্যাব ব্যবহার করছে। ছিনতাইয়ের সময় বাধা দিতে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে দূরপাল্লার একাধিক বাসযাত্রী জানান। তাঁদের অভিযোগ, থানার পুলিশ ও পরিবহন ব্যবসায়ীরা তেমন কোনো উদ্যোগ নিচ্ছেন না।ধানমন্ডির মোহাম্মদ শাহজাহান জানান, ১৬ এপ্রিল সকালে তিনি গাবতলীর টেকনিক্যাল থেকে আল হামরা বাসে গাইবান্ধায় যাওয়ার জন্য ধানমন্ডি থেকে সস্ত্রীক রওনা হন। রিকশা আসাদগেটের কাছে আসতেই একটি হলুদ ট্যাক্সিক্যাবে থাকা ছিনতাইকারীরা শাহজাহানের স্ত্রীর ব্যাগটি ছিনিয়ে নেয়। গাইবান্ধায় না গিয়ে তাঁরা বাসায় ফিরে আসেন।একাধিক দূরপাল্লার বাস কাউন্টারে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, মাস তিনেক ধরে সকালে ছিনতাইয়ের সংখ্যা বেড়ে গেছে। হানিফ এন্টারপ্রাইজের কলেজগেট শাখার ব্যবস্থাপক ওয়াদুজ্জামান বলেন, ‘আমরা প্রায়ই যাত্রীদের ব্যাগ ছিনতাইয়ের কথা শুনি। কিন্তু ছিনতাই প্রতিরোধে কাউন্টারের বাইরে আমাদের পক্ষে লোক রাখা সম্ভব নয়। এভাবে যদি ছিনতাই চলতে থাকে, তবে সকালে আমাদের যাত্রীর সংখ্যা কমে যাবে।’নাবিল পরিবহনের কল্যাণপুরের কাউন্টারমাস্টার জানান, কল্যাণপুরের রাস্তায় প্রায়ই ছিনতাই হচ্ছে। ছিনতাইয়ের শিকার যাত্রীরা বাসে ওঠার টিকিট দেখাতে পারেন না। টিকিট আগেই ‘বুকিং’ করা থাকে বলে মানবিক দিক বিবেচনা করে বসে উঠতে দেওয়া হয়। তিনি বলেন, যাত্রীরা যদি ছিনতাইয়ের শিকার হতে থাকেন, তবে পরিবহন ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন। পুলিশ প্রশাসনের উচিত মিরপুর সড়ক ও আশপাশের গলিতে রাত ১০টা থেকে সকাল আটটা পর্যন্ত টহল বাড়ানো।এ প্রসঙ্গে গণভবনের পাশে মিরপুর সড়কের সিগন্যালে দায়িত্বরত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক ট্রাফিক সার্জেন্ট বলেন, ‘ভোরের দিকে যানবাহন একেবারে কম থাকে বলে ছিনতাই বেশি হয়। দায়িত্বরত অবস্থায় কেউ অভিযোগ করলে মোটরসাইকেল দিয়ে ছিনতাইকারীদের ক্যাব ধরার চেষ্টা করি। কোনো কোনো সময় ধরতে পারি। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই ছোঁ মেরে নেওয়ার ঘটনা এত দ্রুত ঘটে যে অ্যাকশনে যাওয়ার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। ট্রাফিক কনস্টেবলের হাতে তেমন কোনো অস্ত্র না থাকায় তাঁরা অপরাধীদের সঙ্গে পেরে ওঠেন না।’ছিনতাই প্রতিরোধে কী করা হচ্ছে—এমন প্রশ্নে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ভূঁইয়া মাহবুব হাসান দাবি করেন, সকাল ছয়টা থেকে রাত দুইটা পর্যন্ত বিভিন্ন মোড়ে থানার পুলিশ থাকে। সাদা পোশাকেও একটি দল টহলে থাকে। তবে মোহাম্মদপুর থানায় প্রয়োজনের তুলনায় পুলিশের সংখ্যা অনেক কম। আবার থানার নিজস্ব যানবাহনের সংখ্যাও কম। এ জন্য টহলে ঘাটতি আছে। আবার যানের অভাবে ছিনতাইকারীদের সব সময় ধাওয়া করা যায় না।