আদালতে ডিজিএফআইয়ের সাবেক ডিজির জবানবন্দি
ভোরে প্রধানমন্ত্রীকে ফোন করি তিনি বলেন অবগত আছি
২০০৪ সালের ২ এপ্রিল ভোরে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র-গোলাবারুদ আটকের খবর পেয়ে সকাল ছয়টায় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে টেলিফোনে বিষয়টি জানান ডিজিএফআইয়ের ওই সময়ের মহাপরিচালক মেজর জেনারেল সাদেক হাসান রুমি। জবাবে খালেদা জিয়া বলেছিলেন, তিনি বিষয়টি অবগত আছেন।রুমি গতকাল বুধবার বিকেলে মহানগর ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদের আদালতে ফৌজদারি দণ্ডবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য দিয়েছেন। এক ঘণ্টা ২০ মিনিটের জবানবন্দিতে সাক্ষী হিসেবে তিনি বলেন, অস্ত্র চোরাচালানের ঘটনায় সরকারি উচ্চপর্যায়ের লোকজন এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) উচ্চপর্যায়ের লোকজন জড়িত। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।জবানবন্দিতে জেনারেল রুমি চাঞ্চল্যকর এই অস্ত্র চোরাচালানের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ডিজিএফআই ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কয়েকজন কর্মকর্তা ও ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়ার সম্পৃক্ততার বিষয় উল্লেখ করে বলেন, ‘ডিজিএফআইয়ের পরিচালক (সিআইবি) ব্রিগেডিয়ার রেজ্জাকুল হায়দারের সঙ্গে উলফা ও পরেশ বড়ুয়ার সম্পর্ক আছে। অস্ত্র আটকের ঘটনায় সরকারি যে তদন্ত কমিটি হয়, তাতে বাবরের নির্দেশে রেজ্জাকুল হায়দার চৌধুরীকে ডিজিএফআইয়ের প্রতিনিধি হিসেবে দিতে হয়। তারা যে তদন্ত প্রতিবেদন দেয়, তাতে উলফার জন্য অস্ত্র আনার বিষয় এবং জড়িত ব্যক্তিদের নামগুলো অগ্রাহ্য করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সিআইডির জ্যেষ্ঠ সহকারী সুপার মনিরুজ্জামান চৌধুরী জেনারেল রুমির ১৬৪ ধারায় জবাববন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে তৎকালীন ডিজিএফআইয়ের প্রধান সেই সময়ের প্রধানমন্ত্রীকে ফোন করে বিষয়টি জানান। কিন্তু প্রধানমন্ত্রী বিষয়টি অবগত বলে ডিজিএফআইয়ের প্রধানকে জানিয়েছিলেন। জেনারেল রুমি এ কথা গতকাল আদালতকে বলেছেন।আদালত সূত্র জানায়, রুমি ১০ ট্রাক অস্ত্র আটক মামলার সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। এর আগে সাক্ষী হিসেবে একই ধরনের জবানবন্দি দেন সেই সময়ের স্বরাষ্ট্রসচিব ও অস্ত্র আটক ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রধান মো. ওমর ফারুক। এই তদন্ত কমিটির অপর তিন সদস্য তৎকালীন এনএসআইয়ের পরিচালক এনামুর রহমান, পুলিশের দুই ডিআইজি শামসুল ইসলাম ও ফারুক আহমেদ চৌধুরী। এই মামলার আসামি হিসেবে কারাবন্দী আছেন মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী।বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় এ মামলার অধিকতর তদন্ত শুরু হয়। সেই সময় গ্রেপ্তার করা হয় সাত ব্যক্তিকে। কারাবন্দী বাবরকেও এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন এনএসআইয়ের সাবেক দুই পরিচালক উইং কমান্ডার সাহাব উদ্দিন ও মেজর লিয়াকত হোসেন, মাঠ কর্মকর্তা আকবর হোসেন, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন তালুকদার, সাবেক মহাব্যবস্থাপক এ কে এম এনামুল হক।রুমির জবানবন্দি: ডিজিএফআইয়ের তৎকালীন প্রধান সাদেক হাসান রুমি জবানবন্দিতে বলেন, ‘ঘটনার দিন সকাল ছয়টার দিকে চট্টগ্রামের (ডিটাচমেন্ট) কর্নেল মো. রেজাউর রহমান আমাকে ফোনে জানান, সিইউএফএল জেটিঘাটে অবৈধভাবে আসা অনেক অস্ত্র-গোলাবারুদ পুলিশের হাতে ধরা পড়েছে। আমি তখন তাঁকে জিজ্ঞেস করি, “তুমি কেমন করে জানলে?” সে তখন জানায়, ফিল্ড স্টাফের মাধ্যমে সে জানতে পারে। আমি তখন তাকে জিজ্ঞেস করি, “কোথা থেকে অস্ত্র এল? কে এনেছে জানতে পেরেছ? সে বিষয়ে কি কিছু জানতে পেরেছ?” সে বলে, “আমি জানতে পারেনি।” আমি তাকে আমাকে ডিটেইল জানাতে বলি। সে পরে ফোন করবে বলে জানায়। আমি সঙ্গে সঙ্গে টেলিফোনে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিষয়টি অবহিত করি। তিনি শুনে বলেন যে তিনি অবগত আছেন। আমি আমার ডিরেক্টর (সিআইবি) ব্রিগেডিয়ার জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীকে ঘটনা সম্পর্কে বিশদ তদন্ত করে আমাকে জানানোর নির্দেশ দিই। সকাল ১০টার দিকে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব আমাকে টেলিফোনে তাঁর সঙ্গে চট্টগ্রামে ১০ টাক অস্ত্র দেখতে যেতে বলেন। আমি তাঁকে বলি, “স্যার, আমার ওখানে যেতে হলে তো মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন লাগবে।” উত্তরে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর অনুমোদন আছে।” ওই দিনই বেলা ১১-১২টার দিকে আমরা চট্টগ্রামের দিকে হেলিকপ্টারযোগে রওনা দিই। চট্টগ্রামে পৌঁছে আমি গাড়িতে উঠে রেজাকে জিজ্ঞেস করি, তিনি আর কী জানেন? উত্তরে তিনি আমাকে জানান, দুটি ট্রলারে করে অস্ত্র-গোলাবারুদ সিইউএফএল জেটিতে আসে। অস্ত্র খালাসের সময় পুলিশ বাধা সৃষ্টি করে। তখন যারা অস্ত্র এনেছিল তারা পালিয়ে যায়। পুলিশ তখন অস্ত্র-গোলাবারুদের ট্রাক আটক করে তাদের হেফাজতে নেয়। কর্নেল রেজা আরও জানায়, শোনা গেছে, এসব অবৈধ অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য আনা হয়েছে।’জবানবন্দিতে রুমি আরও বলেন, ওই দিন চট্টগ্রামের দামপাড়ায় পুলিশ লাইনের অফিসে কর্নেল রেজা তাঁকে জানান, অস্ত্র পাচারের সঙ্গে রেজ্জাকুল হায়দার ও এনএসআইয়ের কিছু কর্মকর্তা জড়িত থাকার কথা জানা যাচ্ছে। এটা নিয়ে আলোচনাসূত্রে তিনি বুঝতে পারেন, এটা কোনো সাধারণের কাজ নয়। সরকারি উচ্চপর্যায়ের লোকজন এবং ডিজিএফআইয়ের উচ্চপর্যায়ের লোকজন অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত। রুমি বলেন, ‘আলোচনার একপর্যায়ে বাবর সাহেব বলেন, উচ্চপর্যায়ের কমিটি দ্বারা তদন্ত করা হবে। আমি ডিজিএফআইয়ের মাধ্যমে জানতে পারি যে এনএসআই ডিরেক্টর আবদুর রহিম, সাহাব উদ্দিন, মেজর লিয়াকত এর সঙ্গে সম্পৃক্ত। ওই দিন বিকেলে আমি ক্যান্টনমেন্টে ফিরে আসি। বাবর ও অন্য সফরসঙ্গীরা ক্যান্টনমেন্টে গিয়ে ফিরে আসেননি। আমরা সবাই হেলিকপ্টারে চড়ে ঢাকায় চলে আসি। ঢাকায় এসে আমি পরদিন সকালে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অস্ত্র পরিদর্শনের বিষয়ে জানাই। এবং প্রধানমন্ত্রী আমাকে জানান, এ ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। আমাকে এ সময় প্রতিনিধি দিতে বলেন। বাবর সাহেব আমাকে ফোন করে বলেন, “আপনার একজন প্রতিনিধি দিতে হবে। আপনি রেজ্জাকুল হায়দারকে মনোনয়ন দেন।” আমি তখন তাঁকে বলি, “স্যার, আমি ওনার নাম চট্টগ্রামে শুনেছি। উনি এতে জড়িত থাকতে পারেন। তাই ওনার নাম দেওয়া ঠিক হবে না।” আমি অন্য কোনো ডিরেক্টরকে মনোনয়ন দিতে বলি। কিন্তু বাবর সাহেব বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আছে, রেজ্জাকুলকেই দিতে হবে।” তখন আমি বলি, “ঠিক আছে। আপনি যখন বলেন, তখন আমি মনোনয়ন দিচ্ছি।” শোনা যাচ্ছে, উলফা ও পরেশ বড়ুয়ার সঙ্গে রেজ্জাকুলের সম্পর্ক আছে। এ কথা আমি বাবর সাহেবকে জানাই। উনি আবারও বলেন, “না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আছে। মেজর জেনারেল রেজ্জাকুল হায়দারকেই মনোনয়ন দিতে হবে।” আমি তাঁর মনোভাব বুঝতে পেরে রাজি হই এবং রেজ্জাকুল হায়দারকে মনোনয়ন দিই।’ রুমি বলেন, তৎকালীন স্বরাষ্ট্রসচিব ওমর ফারুককে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। ব্রিগেডিয়ার জেনারেল এনামুর রহমান, শামসুল ইসলাম, ফারুক আহমেদ চৌধুরী, রেজ্জাকুল হায়দার কমিটিতে ছিলেন। তিনি বলেন, ‘আমি রেজ্জাকুল হায়দারকে যখনই তদন্তের কথা জানাতে বলেছি, ততবারই সে আমাকে বলেছে, “স্যার, টপ সিক্রেট, আপনাকে পরে জানাব।” আমার কাছে তখন মনে হচ্ছিল, সে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাচ্ছে। অন্য কোথাও তথ্য জানাচ্ছে। সত্য লুকাচ্ছে। এ বিষয়ে তাকে মৌখিকভাবে সতর্ক করা হয়। পরে জানতে পারি, উচ্চপর্যায়ের তদন্ত কমিটির রিপোর্টটি দায়সারা গোছের করা হয়েছে। ওই প্রতিবেদনে অস্ত্রের চালান আনার সঙ্গে এনএসআইয়ের মহাপরিচালক আবদুর রহিম, ডিজিএফআইয়ের পরিচালক রেজ্জাকুল হায়দার, এনএসআইয়ের সাহাব উদ্দিন, মেজর লিয়াকত, ফিল্ড অফিসার আকবর হোসেন খান জড়িত থাকার বিষয়টি তদন্ত প্রতিবেদনে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়। উলফার জন্য অস্ত্র আনা হয়েছিল, সেই তথ্যও পুরোপরি উপেক্ষা করা হয়েছিল।’