শাহবাগের গণজাগরণ মঞ্চ সরিয়ে ফেলা হয়েছে। গতকাল সোমবার ভোরে পুলিশ গণজাগরণ মঞ্চ সরিয়ে নেয়। মঞ্চ সরানোর পর খুলে দেওয়া হয়েছে টিএসসি থেকে শাহবাগ অভিমুখী সড়ক।গণজাগরণ মঞ্চ সরানোর প্রতিবাদ করেছেন এই মঞ্চের সংগঠক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এদিকে গতকাল বগুড়ায় গণজাগরণ মঞ্চ সরিয়ে নিয়েছেন এর উদ্যোক্তারা।গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের নেতা কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণার প্রতিবাদে গণজাগরণ মঞ্চ গঠিত হয়।ভোরে গণজাগরণ মঞ্চ সরিয়ে নেওয়ার সময় মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসূল সেখানে উপস্থিত ছিলেন। তিনি জানান, ভোর পাঁচটার একটু পর প্রায় আড়াই শ পুলিশ মৎস্য ভবনের দিক থেকে আসে। তারা এসেই পুরো এলাকায় বৃত্ত তৈরি করে। এ সময় মিডিয়া সেন্টারে থাকা গণজাগরণকর্মীদের বৃত্তের বাইরে চলে যেতে বলা হয়। কর্মীরা বাইরে চলে গেলে পুলিশ প্রথমে মিডিয়া সেন্টারটি ভেঙে ফেলে। এরপর একের পর এক বিভিন্ন সংগঠনের অস্থায়ী কেন্দ্রগুলো খুলে ফেলে ট্রাকে ভরে। একপর্যায়ে অস্থায়ী মঞ্চটিও তুলে ফেলে। এসব কাজের কারণ জিজ্ঞেস করলে পুলিশের পক্ষ থেকে বলা হয়, সরকারের নির্দেশেই এ কাজ করা হচ্ছে। পুলিশের মঞ্চ সরিয়ে নেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘এসব নিয়ে আমাকে কোনো প্রশ্ন করবেন না। আমি কিছুই জানি না। এ বিষয়ে কোনো মন্তব্যও করতে রাজি না।’ প্রতিবাদ: সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলা হয়, গণজাগরণ মঞ্চের কার্যক্রম চলতেই থাকবে।গতকাল মধ্যরাত পর্যন্ত ঢাকা শহরের সর্বত্র মেট্রোপলিটন পুলিশ সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে। এ ঘোষণার প্রতি শ্রদ্ধা জানিয়ে মঞ্চের পক্ষ থেকে কোনো কর্মসূচি রাখা হয়নি বলে গতকালের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। এ সময় সাংস্কৃতিকব্যক্তিত্ব কামাল লোহানী এ মঞ্চ বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এই মঞ্চ মানুষের চেতনার অংশ, কোনো নির্দিষ্ট এলাকা থেকে সরিয়ে নিলেও এর কাজ বন্ধ করা যাবে না।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি তুরিন আফরোজ প্রমুখ। বগুড়ায়ও সরানো হয়েছে: প্রথম আলোর বগুড়া প্রতিনিধি জানান, ঢাকার মঞ্চ সরিয়ে নেওয়ার পরপরই গতকাল সকাল ১০টার দিকে বগুড়া শহরের সাতমাথার বীরশ্রেষ্ঠ চত্বরে থাকা গণজাগরণ মঞ্চ সরিয়ে ফেলেন এর সংগঠকেরা। মঞ্চের আহ্বায়ক মাসুদার রহমান অভিযোগ করেন, পুলিশের বারবার চাপের মুখে মঞ্চটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, যেহেতু ঢাকার মঞ্চ সরিয়ে নেওয়া হয়েছে, সে ক্ষেত্রে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঞ্চের আয়োজকদের অনুরোধ করা হয়।