আগামীকাল রোববার ফজরের নামাজের আগেই রাজধানী ঢাকার সব কটি প্রবেশপথে অবস্থান নিয়ে ‘ঢাকা অবরোধ’ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের কর্মী-সমর্থকদের জায়নামাজ, তসবিহ, মিসওয়াক ও শুকনো খাবার নিয়ে কর্মসূচিতে যোগ দিতে বলা হয়েছে।গতকাল শুক্রবার সকালে ঢাকার লালবাগ মাদ্রাসায় হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মী-সমর্থকদের প্রতি এ নির্দেশনা দেওয়া হয়। এর পাশাপাশি অবরোধকারীদের অভ্যর্থনা ও আপ্যায়নে এগিয়ে আসতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছে কওমি মাদ্রাসাকেন্দ্রিক ধর্মভিত্তিক এ সংগঠন।এদিকে অবরোধ কর্মসূচিতে অংশ নিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীসহ চট্টগ্রামকেন্দ্রিক এ সংগঠনের কেন্দ্রীয় নেতারা গতকালই ঢাকায় এসে গেছেন।হেফাজতের নেতারা দাবি করেন, বাইরের জেলা থেকে সড়কপথে রাজধানীর ছয়টি প্রবেশপথ যাত্রাবাড়ী থেকে কাঁচপুর সেতু, যাত্রাবাড়ী থেকে ডেমরা সেতু, পোস্তগোলা বুড়িগঙ্গা সেতু, পুরান ঢাকার বাবুবাজার সেতু, আব্দুল্লাহপুর-টঙ্গী ব্রিজ এবং আমিনবাজারের বলিয়ারপুরে অবরোধ করার সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারা দেশ থেকে আজ শনিবার তাদের কর্মী-সমর্থকেরা রওনা হবেন এবং রাতের মধ্যে ঢাকায় এসে পৌঁছাবেন।গতকাল লালবাগ মাদ্রাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমী জানান, রোববার ঢাকার ভেতরে সংগঠনটির একটি সমাবেশ করার পরিকল্পনা আছে। তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। কথিত নাস্তিক ব্লগারদের শাস্তি, ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস করাসহ ১৩ দফা দাবিতে গত ৯ মার্চ থেকে আন্দোলনে নামে হেফাজতে ইসলাম। এ দাবিতে ৬ এপ্রিল ঢাকা অভিমুখে লংমার্চ ও মতিঝিলে মহাসমাবেশ করে তারা। সেখান থেকে ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি দেওয়া হয়। এর আগে একই দাবিতে এক মাস ধরে দেশের বিভিন্ন স্থানে সমাবেশ করে আসছে সংগঠনটি। গতকাল জুমার নামাজের পর রাজধানীর তেজগাঁও মিমি চকলেট কারখানার ফটকে, কামরাঙ্গীরচর মাদ্রাসা মাঠ, বাসাবো খেলার মাঠ ও মুন্সিগঞ্জ কুচিয়ামরা কলেজ মাঠে সমাবেশ করে হেফাজতে ইসলাম। এ ছাড়া জুমার নামাজের পর লালবাগ শাহি মসজিদ, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও মিরপুর ১ নম্বর গোলচত্বর থেকে মিছিল বের করে হেফাজত।বাধা দেওয়ার অভিযোগ: নূর হোসাইন কাসেমী গতকাল সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ৫ মের শান্তিপূর্ণ ঢাকা অবরোধ কর্মসূচি বানচাল করার জন্য সরকার ও তাদের দলীয় ক্যাডার এবং প্রশাসন নানা ষড়যন্ত্র ও অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সরকার ইতিমধ্যেই দেশব্যাপী পরিবহন সংস্থাগুলোকে গাড়ি না চালানোর নির্দেশ দিয়েছে। কর্মসূচিতে অংশ না নিতে সরকারদলীয় ক্যাডাররা নানাভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। তিনি বলেন, ‘আমরা জ্বালাও-পোড়াও-ভাঙচুরে বিশ্বাসী নই। সরকারের পক্ষ থেকে যত বাধাই দেওয়া হোক, গণজাগরণের মুখে সব বাধাই উড়ে যাবে।’ সারা দেশ থেকে হেফাজতের কর্মীরা আজ ঢাকায় আসার পর কাল ৫ মে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখতে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন মাওলানা কাসেমী। একই সঙ্গে অবরোধের সাফল্য কামনা করে কাল রোববার নারীদের রোজা রেখে দোয়া করতে বলেন তিনি।সংবাদ সম্মেলনে হেফাজতের নেতা মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, আবদুল লতিফ নেজামী, মুফতি ফয়জুল্লাহ, মঈনুদ্দীন রুহী, আজিজুল হক ইসলামাবাদী, আবদুর রব ইউসুফী, জুনায়েদ আল হাবীব, জাফরুল্লাহ খান, আবুল হাসানাত আমিনী, মাহফুজুল হক, মঞ্জুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।গাড়ি পাচ্ছে না হেফাজত: চট্টগ্রাম থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, চট্টগ্রামে হেফাজতে ইসলামের নেতারা অভিযোগ করেন, সরকারের বাধার কারণে তাঁরা ঢাকায় যাওয়ার জন্য বাস ও লঞ্চ ভাড়া পাচ্ছেন না।অবশ্য হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী দাবি করেন, ‘সরকারের বাধা সত্ত্বেও ইতিমধ্যে সাড়ে ৩০০ বাসে চড়ে আমাদের নেতা-কর্মীরা ঢাকায় পৌঁছেছেন।’গত ৬ মার্চ ঢাকায় লংমার্চে বাধা পেয়ে চট্টগ্রামের হেফাজতের কর্মীরা নগরের ওয়াসা মোড়ে টানা দুই দিন অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। এবারও ঢাকায় যেতে না পারলে ওয়াসা মোড়েই তাঁরা অবস্থান নেবেন বলে নেতারা জানিয়েছেন। তবে চট্টগ্রাম মহানগর পুলিশ বলেছে, এবার জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ কিংবা ওয়াসা মোড়ে হেফাজতের কর্মীদের সমাবেশের অনুমতি দেওয়া হবে না। কারণ, গত ২৬ এপ্রিল রেসালত সম্মেলন করার সময় জমিয়াতুল ফালাহ মসজিদের খতিবকে লাঞ্ছিত করেন হেফাজতের সমর্থকেরা। কুমিল্লায় সমাবেশ: কুমিল্লা থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, গতকাল জুমার নামাজের পর কুমিল্লার কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম। এতে কাসেমুল উলুম মাদ্রাসা ও রানীর বাজার মাদ্রাসার শিক্ষার্থীরা মাথায় জাতীয় পতাকার ফিতা ও জাতীয় পতাকা হাতে নিয়ে অংশ নেন।সমাবেশে বক্তারা বলেন, ‘ঢাকা অবরোধ কর্মসূচিতে সরকার বাধা সৃষ্টি করলে পায়ে হেঁটে আমরা ঢাকায় যাব।’ হেফাজতের কুমিল্লা মহানগর কমিটির আহ্বায়ক মনির হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদস্যসচিব আবদুল কুদ্দুস, মহানগর নেতা মুফতি জিলানী, জালাল আহমেদ, জানে আলম প্রমুখ।