ভোলা উপনির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে: তোফায়েল আহমেদ
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী নূরনবী চৌধুরীর প্রধান নির্বাচনী সমন্বয়ক তোফায়েল আহমেদ বলেছেন ভোলার উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। তোফায়েল আহমেদ আজ রোববার ভোলায় নির্বাচন-পরবর্তী এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি আরও বলেন, চারদলীয় জোট সরকারের আমলে মেজর হাফিজের অত্যাচার-নির্যাতনের জবাব জনগণ ব্যালটের মাধ্যমে ২০০৮-এর নির্বাচনেও দিয়েছিল, শনিবারের উপনির্বাচনেও দিয়েছে। আওয়ামী লীগ নির্বাচনে জেতার পর কোনো প্রকার সহিংসতায় বিশ্বাস করে না উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ২০০১-এর নির্বাচন-পরবর্তী সহিংসতার বিভীষিকা ভোলার জনগণ এখনো ভুলে যায়নি।বিএনপির প্রার্থী মেজর হাফিজের নির্বাচনে অনিয়মের অভিযোগ খণ্ডন করে তোফায়েল আহমেদ বলেন, মেজর হাফিজ আগেই জানতেন নির্বাচনে তাঁর বিপর্যয় হবে। সে কারণে তিনি নির্বাচন সাত দিন পেছানোর দাবি করেছিলেন। কিন্তু বিএনপির হাইকমান্ড তাতে রাজি না হয়ে মেজর হাফিজের পরাজয়কে পুঁজি করতে চেয়েছে। তাঁর আইনের আশ্রয় নেওয়া নাগরিকের অধিকার হিসেবে উল্লেখ করেন। তোফায়েল আহমেদ ভোলার নির্বাচনে পরাজয়কে ইস্যু করে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায় উল্লেখ করে তোফায়েল বলেন, সহিংসতা নয়, বিএনপির অন্দোলনের হুমকি-ধামকিকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে চায় আওয়ামী লীগ।