ভোলা ও আখাউড়ায় দুপুর ১২টায় হরতাল প্রত্যাহার
বিএনপির আহ্বানে সারা দেশে গতকাল রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হলেও ভোলা ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। ‘স্থানীয় মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে’ দুপুর ১২টার দিকে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। ভোলা সদর রোডের যুবদল কার্যালয়ের সামনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পথসভা হয়। এখানে বক্তব্য দেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহান, বিএনপির জেলা সভাপতি গোলাম নবী আলমগীর, সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া প্রমুখ।জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন সমিতির ব্যবসায়ী ও পেশাজীবী মানুষের কথা চিন্তা করে আমরা ভোলায় অর্ধদিবস হরতাল পালনের সিদ্ধান্ত নিয়েছি। এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত নয়।’দুপুর সাড়ে ১২টার পর ভোলা আবার সরগরম হয়ে ওঠে। কর্মীরা ফিরে যান নিজ নিজ ঠিকানায়।এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের প্রথম আলোকে বলেন, ‘সাধারণ খেটে খাওয়া মানুষ হরতাল ভেঙে রাস্তায় নেমে আসার প্রস্তুতি নিচ্ছিল, এটা বুঝতে পেরেই বিএনপি হরতাল প্রত্যাহার করে নিয়েছে।’আখাউড়া শহরের বেশির ভাগ দোকানপাট ১২টা পর্যন্ত বন্ধ ছিল। রিকশা ছাড়া অন্য কোনো যানবাহন চলেনি। স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও পূর্বাঞ্চলের বৃহৎ রেল জংশন আখাউড়া দিয়ে ট্রেন চলাচলও ছিল স্বাভাবিক। তবে রপ্তানিপণ্য খালাস শেষে শতাধিক ট্রাক আখাউড়া স্থলবন্দরে আটকা পড়ে।দুপুর ১২টার দিকে বিএনপি শহরের মোটরস্ট্যান্ডে সমাবেশ করে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এন এম হাসান খান প্রথম আলোকে বলেন, আখাউড়া একটি উপজেলা শহর। মানুষের অসুবিধার কথা চিন্তা করেই দুপুর ১২টায় হরতাল তুলে নেওয়া হয়।হরতাল তুলে নেওয়ার ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহানউদ্দিন গতকাল রাতে প্রথম আলোকে জানান, বিএনপি আখাউড়ায় হরতাল করতে ব্যর্থ হয়েছে। এ কারণে তারা প্রত্যাহার করে নিয়েছে।