ভোলা ও আখাউড়ায় হরতাল প্রত্যাহার
সকাল থেকে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করায় ভোলা ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হরতাল প্রত্যাহার করে নিয়েছে বিএনপি।আজ রোববার সকাল থেকে হরতাল চললেও সাধারণ মানুষের কথা বিবেচনা করে বেলা সাড়ে ১২টায় ভোলায় এবং ১২টায় আখাউড়ায় হরতাল প্রত্যাহার করে নিয়েছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোলা সদর রোডের যুবদলের কার্যালয়ের সামনে সোয়া ১২টার দিকে এক পথসভায় জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন। সব পেশাজীবী মানুষ স্বপ্রণোদিতভাবে হরতাল পালন করায় তাদের ওপর খুশি হয়ে তিনি সাড়ে ১২টা থেকে হরতাল প্রত্যাহার করে নেন। জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর জানান, এটা কোনো কেন্দ্রীয় সিদ্ধান্ত নয়। সাধারণ জনগণের ওপর খুশি হয়েই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে দোকানপাট ও গাড়ি-ঘোড়া চলাচল করছে। ভোলা জেলা পুলিশ সুপার বশির আহমেদ জানান, বিএনপি সাড়ে ১২টায় হরতাল প্রত্যাহার করে নিলেও আমাদের এখনো লিখিতভাবে তা জানায়নি। তাই আমাদের কার্যক্রম চলবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সাধারণ মানুষের কথা বিবেচনা করে দুপুর ১২টার দিকে হরতাল প্রত্যাহার করেছে বিএনপি।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এন এম হাসান খান প্রথম আলোকে বলেন, ‘আমাদের মধ্যে রাজনৈতিক সহ-অবস্থান আছে। আখাউড়া একটি উপজেলা শহর। সাধারণ মানুষের অসুবিধার কথা চিন্তা করেই দুপুর ১২টায় হরতাল তুলে নেওয়া হয়।’