ভোলা ও চরফ্যাশনে আগুন, আহত ১৬
ভোলা সদর ও চরফ্যাশনে গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে পৃথক দুটি অগ্নিকাণ্ডে ২৮টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ১৬ জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা শহরের প্রধান বিপণিবিতান জিয়া সুপার মার্কেটে রাত ১২টার দিকে আগুন লেগে জুয়েলারির দুটি, কাপড়ের দুটি ও প্রসাধনীর দুটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। ভোলা ও বোরহানউদ্দিন উপজেলার ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীরা দাবি করেন, আগুনে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।আগুন নেভাতে গিয়ে ছয়জন দোকান কর্মচারী আহত হয়েছেন। ভোলা ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, শটসার্কিট থেকে এখানে আগুনের সূত্রপাত। অন্যদিকে রাত দুইটার দিকে ভোলার চরফ্যাশন উপজেলা শহরের শরিফপাড়ার নুরুজ্জামান সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে ২২টি দোকান পুড়েছে। এতে চার কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করে ব্যবসায়ীরা জানান, আগুন নেভাতে গিয়ে ১০ জন আহত হয়েছেন। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ রায়চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।