ভোলা মাদকে সয়লাব
‘ভোলা জেলা মাদকে সয়লাব হয়ে গেছে। আর এ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ভোলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক এবং রাজনীতিবিদেরা।’ ২০ মে ভোলা সদর থানা চত্বরে ওপেন হাউস ডে-তে এ ধরনের অভিযোগ করে সুশীল সমাজ। অনুষ্ঠানে ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফজলুল কাদের মজনু বলেন, ভোলার ফাস্টফুডের দোকানগুলোয় প্রকাশ্যে মাদক সেবন চলে। ব্যবসায়ী শাহ আহ আলম বলেন, ‘ফাস্টফুডের দোকানে রুটি ও বিভিন্ন সামগ্রীর সঙ্গে মাদক বিক্রি হচ্ছে। সন্ধ্যার পর মাদকের গন্ধে সদর রোড দিয়ে হাঁটা যায় না।’ আইনজীবী নুরনবী বলেন, ‘যুগীরঘোলা এলাকা থেকে শুরু করে ভোলা কলেজ, পিটিআই মোড়, রূপসী সিনেমা হল রোড, বাসস্ট্যান্ড-ঘুইঙ্গার হাট পর্যন্ত মাদক সেবনের বড় আখড়া। আলীনগর, খেয়াঘাট, ভোলা হাসপাতাল এবং আশপাশেও বসে মাদক সেবনের আড্ডা। এখানে হাতে হাতে গাঁজা ও ফেনসিডিল বিক্রি হচ্ছে। কিছু নামধারী ছাত্রনেতা মাদক বিক্রেতাদের আশ্রয় দিচ্ছেন। অনেকে সরাসরি জড়িত।’ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইয়ানুর রহমান বলেন, ‘ভোলার বিভিন্ন নৌরুটে প্রতিদিন গাঁজা ও ফেনসিডিলের বড় চালান আসছে। কিন্তু সে হারে ধরা পড়ছে না। আর যেগুলো ধরা পড়ছে, সাক্ষীর অভাবে ১০-১৫ দিনের মাথায় বের হয়ে আসছে।’ সদর উপজেলা বিএনপির সভাপতি ও উত্তর দীঘলদী ইউপি চেয়ারম্যান রাইসুল আলম বলেন, ‘ভোলায় এখন হেরোইনের মতো মাদক প্রবেশ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চুপ হয়ে আছে। শুনছি তারাই এটাকে শেল্টার দিচ্ছে।’ ভোলা পৌরসভার কাউন্সিলর মো. মোস্তফা কামাল বলেন, ‘বৈদ্যবাড়ি, গরুর হাট, কালীখোলা, প্রেমরোড, কালীনাথ রায়ের বাজার এলাকায় দেদারসে মাদক বিক্রি হচ্ছে। এর সঙ্গে জড়িত মাদক দুলাল নামে এক ব্যবসায়ী বারবার মাদকসহ ধরা পড়ছে। কিন্তু দুই দিন পরে জেল থেকে বের হয়ে আসছে। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতা রয়েছে।’আবু তাহেরসহ একাধিক সাংবাদিক ও সংস্কৃতিকর্মী অভিযোগ করেন, পুলিশের গোয়েন্দা বিভাগের কিছু উপ-পরিদর্শক সরাসরি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বেশ কিছু পুলিশ কর্মকর্তাও মাদক সেবনের সঙ্গে জড়িত। এ ছাড়া মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসটি জীবনেও খোলা হয় না। তাদের কাজও শূন্যের কোটায়। ভোলা পুলিশ সুপার বশির আহাম্মেদ বলেন, ‘পুলিশের কেউ মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকলে কঠোর হস্তে দমন করা হবে। তবে মাদকসেবী ও বিক্রেতাদের ধরলে কোনো রাজনীতিবিদ ছাড়ানোর জন্য অনুরোধ করবেন না।’