ভোলা শহরেও যানজট
ভোলা শহরে প্রায় প্রতিদিন ছয়-সাতবার এক থেকে দেড় কিলোমিটার যানজট লাগছে। প্রতিদিনই ঘটছে ছোটখাট দুর্ঘটনা। যানজট ও দুর্ঘটনার প্রধান কারণ হলো ভোলা শহরের সরু সড়ক, সড়কের মধ্যে খাম্বা, সড়কের একপাশে ১০-১২ ইঞ্চি গর্ত, বাইপাস সড়ক না থাকা এবং অতিরিক্ত রিকশা, অটো টেক্সি, টেম্পু, বাস-ট্রাক, নসিমন-করিমন-ট্রলি ও ক্যাকরা ট্রলির অবস্থান এবং যত্রতত্র টেম্পু স্ট্যান্ড গড়ে ওঠা।ভোলা পৌরসভা সূত্রে জানা যায়, ভোলা পৌরসভায় ২০০৬ সালে যে পরিমাণ টেম্পু-রিকশা ও মোটরসাইকেল ছিল, বর্তমানে তার কয়েক শ গুণ যানবাহন চলছে। শহরে বর্তমানে দুই হাজারের বেশি রিকশা চলছে। অটোরিকশা ও টেম্পু রয়েছে প্রায় দেড় হাজার এবং ব্যাটারিচালিত রিকশা রয়েছে চার শতাধিক। মোটরসাইকেল এখন ঘরে ঘরে। পাওয়ার টিলার, ইঞ্জিনচালিত নসিমন-করিমন ও ক্যাকরা ট্রলি চলছে দুই সহস্রাধিক। ভোলা বরিশাল ও ভোলা-লক্ষ্মীপুর ফেরি চালুর পরে ভোলায় প্রতিদিন কয়েক শ ট্রাক ঢুকছে। এসব ট্রাক ভোলা শহরে এসে অপ্রশস্ত সড়কের পাশে দাঁড় করিয়ে রেখে লোডিং-আনলোডিং করা হয়ে থাকে। কিন্তু শহরের রাস্তাগুলো এত সরু যে একটি ট্রাক দাঁড়ালে পাশ দিয়ে আর কোনো গাড়ি যাওয়ার জায়গা থাকে না। ফলে যানজট লেগেই থাকে।ওবায়দুল হক বাবুল মোল্লা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নওশেদ আলম বলেন, ভোলা শহরের মধ্যে দিয়ে একটি খাল বহমান। এ খালের ওপর তিনটি সেতু রয়েছে। আর তিনটি সেতুই অনেক উঁচু। যানবাহন ওঠানামার ক্ষেত্রে কোনো সতর্কতা অবলম্বন করা হয় না। অথচ এই তিনটি সেতুর আশপাশেই সব শিক্ষাপ্রতিষ্ঠান। বাংলা স্কুল মোড় সেতুর আশপাশেই সরকারি বালিকা বিদ্যালয়, টাউন কমিটি, বালক মাধ্যমিক বিদ্যালয়, ওবায়দুল হক বাবুল মোল্লা মহাবিদ্যালয়, পৌর বালক প্রাথমিক বিদ্যালয়, পৌর বালিকা প্রাথমিক বিদ্যালয়, সূর্যমূখী কিন্ডার গার্টেন, ইউনানী মেডিকেল কলেজ ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল। আরও রয়েছে একাধিক কোচিং সেন্টার। একই অবস্থা হাসপাতাল সেতু ও কাশিশ্বর সেতুর কাছে। সড়কের তুলনায় গাড়ি বেশি হয়ে যাওয়ায় যানজট ও দুর্ঘটনা বাড়ছে।বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মোশারেফ লাবু বলেন, সড়কের মাঝখানে রয়েছে ল্যাম্পপোস্ট। সড়ক দখল করে ইট-বালুর ব্যবসা করছে প্রভাবশালী ব্যক্তিরা। নেই টেম্পু ও রিকশা স্ট্যান্ড।নাট্যকর্মী এস এম বাহাউদ্দিন বলেন, এ শহরে কোনো ফুটপাত নেই। যে যার মতো ফুটপাত দখল করেছে। মার্কেটগুলো অপরিকল্পিতভাবে তৈরি। গাড়ি পার্কিংয়ের স্থান না থাকায় সদর সড়কের অধিকাংশ স্থানজুড়ে ক্রেতারা গাড়ি রাখছেন। ফলে যানজট তৈরি হচ্ছে।বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী বলেন, কর্তৃপক্ষ শহরে সড়কের প্রস্থ না বাড়িয়ে এবং বিকল্প সড়ক নির্মাণ না করে অসংখ্য যানবাহন চলার অনুমতি দিচ্ছে। ফলে যানজট হওয়া স্বাভাবিক।ভোলা পৌরসভার মেয়র গোলাম নবী আলমগীর প্রথম আলোকে বলেন, ‘আমাদের সড়ক প্রশস্ত করার ইচ্ছা থাকা সত্ত্বেও জায়গা না থাকায় তা করতে পারছি না। জমির মালিকদের কেউ জায়গা দিতে চান না। বিকল্প সড়ক নির্মাণের জন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে বলা হয়েছে।ভোলা সওজের নির্বাহী প্রকৌশলী সুশীল কুমার সাহা বলেন, বিদ্যুৎ বিভাগ যখন সড়কের পাশ দিয়ে লাইন টানে, তখন সওজকে জানায় না। পরে সড়ক প্রশস্ত করলেও বিদ্যুৎ বিভাগ খাম্বা সরায় না। এ ব্যাপারে তাদের অনেক চিঠি দেওয়া হয়েছে। অন্যদিকে ভোলা শহরে বাইপাস সড়ক নির্মাণ একান্ত জরুরি হলেও সরকার বিষয়টি আমলে নিচ্ছে না। হয়তো ভবিষ্যতে এ সমস্যার সমাধান হবে।