ভোলা হালিমা খাতুন কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান উপজেলার বাংলাবাজার হালিমা খাতুন কলেজের অধ্যক্ষ মো. নুরে আলমের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এর মধ্যে অর্থের বিনিময়ে ডিগ্রি শাখায় গোপনে শিক্ষক নিয়োগ, রেজুলেশনে স্বাক্ষর নেওয়ার পরও শিক্ষকদের টিউশন ফি না দেওয়া, ছাত্রীদের মারধর, কার্যকরী কমিটিতে প্রতিষ্ঠাতা সদস্য না রাখাসহ নানা অভিযোগ রয়েছে। শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠাতা সূত্রে জানা যায়, হালিমা খাতুন কলেজের অধ্যক্ষ মো. নুরে আলম ডিগ্রি শাখায় শিক্ষক নিয়োগের জন্য ২০০৮ সালের ২১ ডিসেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি দেন। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রায় এক বছর পর ২১ জানুয়ারি গোপনে নিয়োগ পরীক্ষার আয়োজন করেন। বিজ্ঞপ্তি প্রকাশের তিন মাসের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শেষ করার নিয়ম থাকলেও বিশেষ কারণে অধ্যক্ষ তা এক বছর পর শুরু করেন। এদিকে ডিগ্রি শাখা চালু করার জন্য যেসব প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, তাও করা হয়নি। এর আগেই নিয়ম করে আহসান হাবিব নামের এক প্রভাষককে উপাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। লিখিত অভিযোগে আরও বলা হয়, বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে ডিগ্রি শাখার ১২ জন শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শেষ করেছেন। কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি খালেদা খানম ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক লিখিত অভিযোগে উল্লেখ করেন, তিন বছর ধরে রেজুলেশন বইয়ে শিক্ষকদের অগ্রিম স্বাক্ষর নিলেও তাঁদের টিউশন ফি দেওয়া হচ্ছে না। আয়-ব্যয়ের হিসাব কলেজের সাধারণ হিসাব নম্বরে না করে অধ্যক্ষের ব্যক্তিগত ব্যাংক হিসাবে লেনদেন করা হচ্ছে। এ বিষয়ে কোনো স্বচ্ছ হিসাব দেওয়া হচ্ছে না। গত দুই বছর ধরে প্রতিষ্ঠাতা সদস্য ছাড়াই কমিটি গঠন করে কলেজ পরিচালনা করা হচ্ছে। অভিযোগে আরও বলা হয়, কলেজের টাকা আত্মসাতের দায়ে এর আগে অধ্যক্ষ নুরে আলমকে ২০০৫ সালে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তিনি ব্যাংকের পাওনা মিটিয়ে আদালতে হাজিরা দিয়ে অধ্যক্ষ পদে আবার বহাল হন। এদিকে স্থানীয় সাংসদ তোফায়েল আহমেদ ১২ জানুয়ারি কলেজ প্রতিষ্ঠাতা সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিমের বোন খালেদা খানমকে সভাপতি করার জন্য ডিও লেটার দেন। যা বরিশাল শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে অধ্যক্ষ নুরে আলম প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। ডিগ্রি শাখায় ১২ জন শিক্ষক নিয়োগের জন্য পুনঃ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে শিক্ষকদের টিউশন ফি না দেওয়া ও হিসাব পরিচালনার বিষয়ে আমি কিছু বলতে চাই না। কলেজটি হাফিজ ইব্রাহিম তাঁর মায়ের নামে প্রতিষ্ঠা করেছেন সত্য, কিন্তু সেই মর্মে কলেজে কোনো প্রমাণপত্র ও জরুরি কিছু কাগজপত্র আমাকে দেয়নি। ফলে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হয়েও আমি প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে কাউকে কমিটিতে রাখিনি। স্থানীয় সাংসদ তোফায়েল আহমেদের পাঠানো কোনো কাগজ আমি পাইনি।’এ বিষয়ে কলেজের সভাপতি ও দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘নিয়োগপ্রক্রিয়া নিয়ম অনুযায়ী না হওয়ায় তা বন্ধ রাখা হয়েছে।’