ভোলা-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার
ভোলা-৩ আসন শূন্য ঘোষণা করেছেন স্পিকার আবদুল হামিদ। গতকাল বুধবার বিকেলে সংসদ অধিবেশন শুরু হলে স্পিকার আবদুল হামিদ অধিবেশনের শুরুতেই এ সংক্রান্ত নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনটি সংসদকে অবহিত করেন।বিকেল তিনটায় সংসদ অধিবেশনের সূচনাতে বিষয়টি সংসদকে অবহিত করে স্পিকার বলেন, নির্বাচন কমিশনের পাঠানো গেজেট বিজ্ঞপ্তি অনুসারে ভোলা-৩ আসনটি শূন্য হয়ে গেল।এর আগে গত রোববার নির্বাচন কমিশন ভোলা-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ মো. জসিম উদ্দিনের আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেন। এই গেজেটের অনুলিপি স্পিকারের কাছে পাঠানো হয়।গত বছরের ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট বিএনপিদলীয় প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিনের রিট আবেদনের মামলায় ভোলা-৩ আসনের সাংসদ অবসরপ্রাপ্ত মেজর মো. জসিম উদ্দিনের সদস্যপদ অবৈধ ঘোষণা করেন। পরে রায়ের বিরুদ্ধে জসিম উদ্দিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন জানালে ১৮ অক্টোবর তা খারিজ করে দেন।বর্তমান গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনী আইনের আওতায় সরকারি চাকরি থেকে কোনো ব্যক্তি বাধ্যতামূলক অবসর বা অপসারণ হলে পাঁচ বছর পূর্ণ হওয়ার আগে তিনি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এই আইনের ব্যত্যয় হওয়ায় হাইকোর্ট মো. জসিম উদ্দিনের সদস্যপদ অবৈধ ঘোষণা করেন।মো. জসিম উদ্দিন ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে স্বাভাবিক অবসর দেখালেও মহাজোটের প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন অবসরের তিন বছর পর। তিনি ২০০৬ সালের আগস্টে সেনাবাহিনীর চাকরি থেকে অবসর নেন।প্রসঙ্গত, আসন শূন্য হওয়ায় নির্বাচন কমিশনকে আগামী ৯০ দিনের মধ্যে, অর্থাত্ মে মাসের প্রথম সপ্তাহে এই আসনে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে।