ভোলা-৩ আসনে দেশি-বিদেশি পর্যবেক্ষক নিয়ে যাওয়ার দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ আসনে উপনির্বাচনে দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও সংবাদমাধ্যমের কর্মীদের নিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘আমাদের দাবি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এখনো জনপ্রিয়তা আছে, এটা প্রমাণ করতে সরকার যদি নির্বাচনে কারচুপির আশ্রয় নেয়, তাহলে বিষয়টি অনেক দূর যাবে।’আজ বৃহস্পতিবার রাজধানীর আরমানিটোলায় নিজ বাসভবনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনেরও দাবি জানান। নির্বাচনে কারচুপির আশঙ্কা করে তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা করছি।’ তিনি বলেন, যেখানে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিএনপি সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছে, সেখানে নির্বাচন কমিশনার কেন সেনা মোতায়েন করবে না? এটা এখন জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সরকারের জনপ্রিয়তা অনেক কমে গেছে বলেও দাবি করেন তিনি।খোন্দকার দেলোয়ার বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার আগে বিএনপির প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছে। আমরা সেনা মোতায়েন চাই, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা চাই।’অন্য নির্বাচনী এলাকা থেকে প্রশাসনিক লোক দিয়ে নির্বাচন পরিচালনারও দাবি জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, পুলিশের কাছে অভিযোগ করলে তারা কোনো ব্যবস্থা নেয় না। তাতে আশঙ্কা দেখা দিয়েছে নির্বাচন সুষ্ঠু হবে কি না। নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, অতীতে তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারেনি। এবার কলঙ্ক মোচনের সুযোগ যেন তারা হাতছাড়া না করে। এ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করে তারা অতীতের কলঙ্ক অনেকটাই মোচন করতে পারবে।যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপানোর চেষ্টা চলছে। তিনি আরও বলেন, ‘অসত্ উদ্দেশ্য চরিতার্থ করতে সরকারের মন্ত্রীরা আবোল-তাবোল বক্তব্য দিয়ে যাচ্ছেন। আমরা এ বিচারের বিপক্ষে নই, সত্যিকার অপরাধের সুষ্ঠু তদন্ত করে বিচারের ব্যবস্থা করতে হবে। তা না হলে ন্যায়বিচার নিয়ে জনমনে সন্দেহ দেখা দেবে।’