ভোলা-৩ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েন করা হবে না
ভোলা-৩ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করবে না নির্বাচন কমিশন। তবে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের ব্যবস্থা নেবে কমিশন।আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আজ বৃহস্পতিবার সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন এ কথা জানান। তিনি বলেন, নবম সংসদ নির্বাচনের পর যে আসনগুলোতে উপনির্বাচন হয়েছে, সেখানে সেনা মোতায়েন করা হয়নি। তাই এ নির্বাচনেও সেনা মোতায়েন করা হবে না।সম্প্রতি বিএনপির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাত্ করে ভোলা-৩ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানায়। এরই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেছিলেন, সেনা মোতায়েনের বিষয়টি কমিশন ভেবে দেখবে।আজ সাখাওয়াত হোসেন সেনাবাহিনী মোতায়েন না করার বিষয়টি জানিয়ে দেন। তিনি নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচন কমিশন কেবল নির্বাচনের আয়োজন করবে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের।নির্বাচন কমিশনার জানান, এই আসনের উপনির্বাচনের জন্য প্রশাসনিক কর্মকর্তাদের রদবদলের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য খুব শিগগিরই সরকারকে চিঠি দেওয়া হবে।উল্লেখ্য, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পাঁচ বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া যায় না। কিন্তু ওই পদে আওয়ামী লীগের নেতা মেজর (অব.) জসিম উদ্দিন অবসর নেওয়ার মেয়াদ পাঁচ বছর হওয়ার আগেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিজয়ী হন। জসিম উদ্দিন ২০০৪ সালের ৩১ আগস্ট সরকারি চাকরি থেকে অবসর নেন।পরে নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগে আদালত তাঁর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন এবং গত ৭ ফেব্রুয়ারি স্পিকার ওই আসনটি শূন্য ঘোষণা করেন।