হানাহানির জন্য দুই দলই দায়ী: সিইসি
ভোলা-৩ উপনির্বাচন কেন্দ্রীয় রাজনীতিতে ভোলার উত্তাপ
উপনির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের রাজনৈতিক পরিস্থিতি ততই উত্তপ্ত হয়ে উঠছে। নির্বাচনের প্রচার শুরুর পর থেকে মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে প্রায় প্রতিদিনই সংঘর্ষ হচ্ছে। এর উত্তাপ লাগছে কেন্দ্রীয় রাজনীতিতেও। পাল্টাপাল্টি অভিযোগ ও রাজনৈতিক বিতণ্ডায় মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতারাও যুক্ত হয়েছেন।সরকারের প্রায় দেড় বছর পার হওয়ার প্রেক্ষাপটে এ উপনির্বাচনকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি মর্যাদার লড়াই হিসেবে বিবেচনা করছে। দুই দিন ধরে উভয় দলের কেন্দ্রীয় নেতাদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও বিবৃতি ২৪ এপ্রিলের উপনির্বাচন এখন দেশের প্রধান রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছে। এই অস্থিরতার জন্য প্রধান দুই দলকে দায়ী করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা প্রথম আলোকে বলেছেন, জোরজবরদস্তি করে, অন্যায়ভাবে রায় নিজের পক্ষে নেওয়ার চেষ্টা করা হলে ফলাফল বাতিল করে দেওয়া হবে।বিএনপির একাধিক নেতা প্রথম আলোর কাছে দাবি করেছেন, বিদ্যুৎ, গ্যাস, পানি-সংকট, চাঁদা, টেন্ডারবাজিসহ বিভিন্ন কারণে সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায়। এ সত্য আড়াল করতে উপনির্বাচনে জিততে সরকারি দল সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।আর আওয়ামী লীগের নেতাদের জবাব, ভোলা উদ্বৃত্ত বিদ্যুতের জেলা। সেখানে পানি, গ্যাস-সংকট নেই। সেখানে সরকারের জনপ্রিয়তা এতটুকু কমেনি। তাই ভোলার নির্বাচন নিয়ে আওয়ামী লীগ বেশ আশাবাদী।বিএনপির জন্য শক্তি পরীক্ষা: তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরের বিশেষ পরিস্থিতি এবং জাতীয় সংসদ নির্বাচনে বড় পরাজয়ের কারণে বিপর্যস্ত বিএনপি সাংগঠনিক অবস্থা যাচাই করতে চায় ভোলা-৩ আসনের উপনির্বাচনে। তাই যেকোনো পরিস্থিতিতে দলটি এ উপনির্বাচনে অংশ নেবে বলে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা প্রথম আলোকে জানিয়েছেন। এ নিয়ে বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে আলোচনা করেছেন। ঢাকার ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে বৈঠক শেষে তাঁরা এ আলোচনা করেন বলে জানা গেছে।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আলোচনায় খালেদা জিয়া বলেছেন, সরকার জোর খাটালেও তিনি চান নির্বাচন হোক। তাঁর মতে, এর মধ্য দিয়ে বিএনপির সাংগঠনিক শক্তির একটা পরীক্ষা হবে। পাশাপাশি বিএনপি সম্পর্কে ভোটারদের বর্তমান মনোভাবও বুঝতে চান দলটির শীর্ষ নেতারা।দলের একজন কেন্দ্রীয় নেতা বলেন, তাঁদের নিজস্ব মূল্যায়ন হচ্ছে, ভোলা-৩ আসন বিএনপির ঘাঁটি। সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হারলেও ভোটের ব্যবধান বেশি ছিল না। তাই টুকটাক কারচুপি হলেও বিএনপি এ আসনে জিতবে বলে তাঁরা আশাবাদী। তার পরও সরকারি দল বড় ধরনের কোনো কারচুপি করলে, এ ইস্যুতে সরকারবিরোধী আন্দোলনে নামারও চিন্তাভাবনা আছে বিএনপির। এটাও তাঁদের উপনির্বাচনে অংশ নেওয়ার একটি কারণ। বিএনপির ওই নেতা অভিযোগ করেন, তাঁদের কাছে খবর আছে, তাঁদের ২০ হাজার ভোটারকে টার্গেট করে আওয়ামী লীগ নানা পরিকল্পনা আঁটছে। এসব ভোটার যাতে কেন্দ্রে না যায়, সে জন্য এখন থেকে ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হচ্ছে।এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে এ নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয়ক তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এসব পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। নির্বাচনে পরাজয় টের পেয়ে বিএনপি অদ্ভুত সব অভিযোগ তুলছে। গত বৃহস্পতিবার ঢাকায় সংবাদ সম্মেলন করে ‘বিএনপি নির্বাচন বর্জনের অজুহাত খুঁজছে’ বলে অভিযোগ করেছিলেন তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার রাতেই বিএনপি এ অভিযোগের জবাব দেওয়ার সিদ্ধান্ত নেয়। গতকাল বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সংবাদ সম্মেলন করে বলেছেন, বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়াবে না। জানতে চাইলে খালেদা জিয়ার ঘনিষ্ঠ এক নেতা প্রথম আলোকে বলেন, ‘চেয়ারপারসন নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে। যদি নির্বাচন বর্জনের মতো পরিস্থিতি সৃষ্টিও হয়, তার পরও বিএনপি শেষ পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। বিএনপি নির্বাচন বর্জনের দায় নিজেদের কাঁধে নেবে না। পরিস্থিতি বাধ্য করলেও তা গণমাধ্যমে প্রকাশ করে বিএনপি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, তবে বিএনপি সরকার ও নির্বাচন কমিশনের ওপর চাপ অব্যাহত রাখবে। বিশেষ করে সেনা মোতায়েনের দাবিতে তাঁরা আবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন। জানতে চাইলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, ‘আমরা নির্বাচন করতে চাই, বর্জনের কোনো চিন্তা আমাদের নেই। কারণ সেখানে আমাদের যথেষ্ট জনপ্রিয়তা আছে।’ তিনি বলেন, আওয়ামী লীগ ফলাফল ছিনিয়ে নিতে পারে, এমন লক্ষণ ইতিমধ্যে সেখানে দেখা দিয়েছে। এ অবস্থায় সেখানে সেনাবাহিনী মোতায়েন জরুরি।গতকাল বিএনপির মহাসচিবও সেনা মোতায়েনের দাবি পুনর্ব্যক্ত করেছেন। এর আগের দিন খালেদা জিয়া এ দাবিতে বিবৃতি দিয়েছেন। গত সংসদ নির্বাচনে সেনাবাহিনী সঠিক ভূমিকা পালন করেনি বলেই বিএনপি হেরেছে—দলের পক্ষ থেকে এমন অভিযোগ তোলা হয়েছিল। এখন আবার কেন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি করছেন—গতকাল সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘সেনাবাহিনী যদি এখনো আগের চরিত্র ধরে রাখে, তাহলে জনগণের কিছু করার নেই। গণতন্ত্রের স্বার্থে তারা দায়িত্ব পালন করবে—এই আশা থেকে আমরা সেনা মোতায়েনের দাবি করছি।’সিইসির বক্তব্য: বিএনপির এ দাবির ব্যাপারে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা প্রথম আলোকে বলেন, ‘কথায় কথায় সেনা মোতায়েনের দাবি তোলা হয়। এটা তো গণতন্ত্রের জন্য সুখকর কিছু নয়। তা ছাড়া সেনাবাহিনী দিলেই উনারা ক্ষান্ত হবেন, হানাহানি করবেন না—এর কি কোনো নিশ্চয়তা আছে?’ তিনি বলেন, ওই নির্বাচনী এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে একজন কমিশনার সেখানে অবস্থান করছেন। কয়েক দিন আগে আরেকজন কমিশনার ওই এলাকা ঘুরে এসেছেন। তাঁরা সেনা মোতায়েনের কোনো প্রস্তাব করেননি।আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমরা চাই দীর্ঘ মেয়াদে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে, যাতে সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন হবে, ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করবে। কিন্তু কিছু দুষ্কৃতকারী তা হতে দিচ্ছে না। আমাদের সংগ্রাম এটার বিরুদ্ধে।’ তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য সবাই মিলে কাজ করতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে রকম সহযোগিতা পাওয়ার কথা, ভোলার উপনির্বাচনের ক্ষেত্রে সে রকম পাওয়া যাচ্ছে না। ভোলায় ভোটের আগেই পরিবেশ তিক্ত হওয়ার জন্য উভয় দল দায়ী। সিইসি বলেন, ‘সেখানে পর্যাপ্ত পুলিশ ছাড়াও র্যাবের দুটি কোম্পানি মোতায়েন করা হয়েছে। কেউ যদি ভাবে জোরজবরদস্তি করে, অন্যায়ভাবে মানুষের রায় নিজের পক্ষে নিয়ে যাবে, সেটা হতে দেওয়া হবে না। তেমনটা কেউ করলে আমরা ফলাফল বাতিল করে দেব।’