ভোলা-৩ উপনির্বাচন ছাড়তে চায় না বিএনপি: দেলোয়ার
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, বিএনপি ভোলা-৩ উপনির্বাচন ছাড়তে চায় না। তিনি অভিযোগ করেন, সরকারের একেবারেই জনপ্রিয়তা নেই। আর এ কারণেই সরকার নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে উপনির্বাচনে জিতে জনপ্রিয়তা প্রমাণের চেষ্টা চালাচ্ছে। সরকারের এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও তিনি জানান।ভোলা-৩ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গতকাল বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদের প্রধান নির্বাচন সমন্বয়কারী সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলমসহ বেশ কয়েকজন আহত হন। অপরদিকে উপনির্বাচনে পরাজয় আঁচ করতে পেরে বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা তোফায়েল আহমেদ। এ ঘটনার প্রতিবাদে বিএনপি আজ শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেই সংবাদ সম্মেলনেই বিএনপির মহাসচিব এসব অভিযোগ তুলে ধরেন। খোন্দকার দেলোয়ার অভিযোগ করেন, আওয়ামী লীগ নির্বাচনের আচরণবিধি মানছে না। আওয়ামী লীগের কর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এলাকার লোকজন ভোটকেন্দ্রে যেতে পারবে না বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি প্রধান নির্বাচন কমিশনার ও দুই নির্বাচন কমিশনারকে ভোলা গিয়ে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো চিহ্নিত করার আহ্বান জানান। নির্বাচন কমিশনকে উদ্দেশ করে খোন্দকার দেলোয়ার বলেন, সেনাবাহিনী নামানোর ক্ষমতা আপনাদের আছে। সেই ক্ষমতা কেন বাক্সবন্দী করে রেখেছেন? আর এই সুযোগে সন্ত্রাসীরা ওই এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। তিনি এই নির্বাচনটিকে ‘টেস্ট কেস’ উল্লেখ করে বলেন, ‘এটা সরকার, নির্বাচন কমিশন ও আমাদের জন্য “টেস্ট কেস”। তাই “ফেয়ার টেস্ট” হতে দিন। দেশ-বিদেশ থেকে পর্যবেক্ষক আসতে দিন।’ তিনি বিএনপির আমলে অনুষ্ঠিত মাগুরা উপনির্বাচনকে সুষ্ঠু ও অবাধ নির্বাচন উল্লেখ করে বলেন, ‘এমন একটি নির্বাচনের পরও একে ইস্যু করে আওয়ামী লীগ সংসদ বর্জন ও সংসদ থেকে পদত্যাগ করেছিল।’ আর এবারের নির্বাচনের আগে সরকার ভীতিকর পরিবেশ সৃষ্টি করার পরও বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে।সর্বশেষ সংসদ নির্বাচনে সেনাবাহিনী সঠিক ভূমিকা পালন করেনি বলেই বিএনপি নির্বাচনে হেরেছে; বিএনপির পক্ষ থেকে এমন কথা বলা হলেও এই নির্বাচনে কেন সেনাবাহিনী মোতায়েনের দাবি করছেন?—এমন প্রশ্নের জবাবে খোন্দকার দেলোয়ার বলেন, ‘সেনাবাহিনী যদি এখনো আগের মতো চরিত্র ধরে রাখে তাহলে জনগণের কিছু করার নেই।’