ভোলা-৩ উপনির্বাচন প্রত্যাখ্যান করেছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনের নির্বাচনকে একতরফা, পাতানো ও প্রহসন আখ্যা দিয়ে তা বাতিল করে দ্রুত নতুন নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে তারা প্রধান নির্বাচন কমিশনার ও অন্য দুই কমিশনারের পদত্যাগও দাবি করেছে।নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টা পর ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দলের পক্ষ থেকে বক্তব্য দেন।মির্জা আব্বাস বলেন, এটি ছিল নজিরবিহীন কারচুপি ও প্রতিপক্ষের ওপর সন্ত্রাসী হামলার নির্বাচন। আওয়ামী লীগ আবারও নতুন করে জাতির সামনে নিজেদের ন্যাক্কারজনকভাবে তুলে ধরেছে। ভোট কেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এর কিছুটা করা হয়েছে সরকারি, কিছুটা সন্ত্রাসী কায়দায়। নির্বাচন কমিশন ৩৭ জন এজেন্টকে ভোট কেন্দ্রেই ঢুকতে দেয়নি। আর যাঁরা হুমকির মুখে ভোট কেন্দ্রে ঢুকেছিলেন, তাঁদেরও বের করে দেওয়া হয়েছে।মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি একতরফা, পাতানো, প্রহসনের এই নির্বাচন প্রত্যাখ্যান করছে। আমরা অবিলম্বে এই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানাচ্ছি। একই সঙ্গে পক্ষপাতদুষ্ট ও সরকারের তল্পিবাহক প্রধান নির্বাচন কমিশনার ও অন্য দুই কমিশনারের পদত্যাগ দাবি করছি।’নির্বাচনের ফলাফল তো এখনো পাননি। এখনই কেন নির্বাচন বাতিলের দাবি জানাচ্ছেন—এই প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, ‘কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়ার অর্থ কী? যেখানে একটি পক্ষের এজেন্টই নেই, সেখানে ফলাফল কী হবে, তা তো বুঝতেই পারছি।’বিএনপি কোনো কর্মসূচি ঘোষণা করবে কি না—জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলে এ বিষয়ে তাঁরা সিদ্ধান্ত নেবেন।