ভোলাকে রাজনৈতিক অস্ত্র বানাতে দেবে না সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ আসনের উপনির্বাচনের পরিবেশ নষ্ট হয়, এমন কোনো কর্মকাণ্ডে না জড়াতে দায়িত্বপ্রাপ্ত নেতাদের সতর্ক করেছে আওয়ামী লীগ। বিরোধী দল উসকানি দিলেও দলীয় নেতা-কর্মীদের ধৈর্য ধরার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের একাধিক নীতিনির্ধারকের সঙ্গে কথা বলে জানা যায়, সরকার ভোলাকে মাগুরা বানাতে চায় না। অহেতুক বাড়াবাড়ি করে বিরোধী দলের হাতে কোনো রাজনৈতিক অস্ত্র তুলে দিতেও চায় না সরকার। উপনির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে সব রকম সহায়তা দিতে দল এবং সরকার নীতিগত অবস্থান নিয়েছে। একাধিক মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বললে তাঁরা জানান, ভোলায় জনমতের প্রতিফলন ঘটুক—এটাই সরকারের অবস্থান। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করে রায় বিপক্ষে গেলেও সরকারের হারানোর কিছু নেই। জবরদস্তি করা হলেই বরং সরকারের পরাজয় হবে বলে তাঁরা মনে করেন। জানতে চাইলে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সরকার নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করবে না। জনগণের রায় আমরা মেনে নেব। বর্তমান সরকারের অধীনে এর আগেও উপনির্বাচন হয়েছে, কোনো সমস্যা হয়নি। এবারও হবে না।’ আওয়ামী লীগ ও সরকারের নীতিনির্ধারকদের মতে, বিরোধী দল বিএনপি ভোলার উপনির্বাচনকে রাজনৈতিক ইস্যু বানাতে চায়। তারা সেখানে মাগুরার পরিবেশ সৃষ্টি করতে চায়। কিন্তু সরকার সে সুযোগ দেবে না। নাম প্রকাশ না করার শর্তে সরকারের একজন জ্যেষ্ঠ মন্ত্রী প্রথম আলোকে বলেন, এ উপনির্বাচনে হারলেও সরকারের কিছু হবে না। কিন্তু জোর করে বিজয়ী হলে সরকার হেরে যাবে। তাই সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে উপনির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নেতাদের বাড়াবাড়ি না করার জন্য বলে দেওয়া হয়েছে। জনগণ যে রায় দেবে—তাই মেনে নেওয়া হবে। আওয়ামী লীগের নেতারা জানান, অতীতে কোনো উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হয়নি। বিএনপি ভোলার উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছে। আওয়ামী লীগের অবস্থান হলো, এ ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মেনে নেওয়া। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশনকে প্রশাসন সহায়তা করছে। কমিশনের নির্দেশে পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি দুই দলের প্রার্থীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, জয়-পরাজয় আছে। সবাইকে গণতান্ত্রিক আচরণ করতে হবে, সহনশীলতার পরিচয় দিতে হবে।