ভোলায় দুই পক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু
ভোলার সদর উপজেলায় সাইকেল ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত আবদুস শহীদ (৬০) মারা গেছেন। গতকাল শনিবার রাতে তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় ভোলা সদর থানায় করা মামলায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সদর উপজেলার চর সামাইয়্যা ইউনিয়নের সাহেবেরহাট গ্রামের আলমগীর হোসেনের ছেলে রিয়াদ স্কুলে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন যুবক তার সাইকেল ও মোবাইল ছিনিয়ে নেয়। এ নিয়ে গত শুক্রবার সকালে স্থানীয়ভাবে সালিস বসে। সালিস চলাকালে ওই যুবকদের একটি দল আলমগীর হোসেন পক্ষের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আলমগীরের বাবা আবদুস শহীদ গুরুতর আহত হন। তাঁকে প্রথমে ভোলা এবং পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাতে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী জানান, এ ঘটনায় শুক্রবার রাতেই থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আবুল হাসেম (৩৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।