ভোলার জনগণ উপযুক্ত জবাব দিয়েছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোলা-৩ আসনের নির্বাচন নিয়ে বিরোধীদলীয় নেত্রী অনেক কথা বলেছেন। ভোলার জনগণ তাঁর উপযুক্ত জবাব দিয়েছে। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরে আওয়ামী লীগের প্রার্থী এ আসনে যত ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর চেয়ে এবার আওয়ামী লীগের প্রার্থী অনেক বেশি ভোট পেয়েছেন। আজ রোববার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘২০২১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা অর্থনৈতিকভাবে সাবলম্বী করব। কারণ, ওই সময় আমরা বাংলাদেশের সুবর্ণজয়ন্তী পালন করব। ইতিমধ্যে আমরা দেশের প্রত্যন্ত উপজেলা ও এলাকায় ডিজিটাল সুবিধা পৌঁছে দিচ্ছি। ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা হবে।’প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেত্রীকে উদ্দেশ করে বলেন, তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদের বাঁচানোর জন্য বহুবার চেষ্টা করেছিলেন। কিন্তু ব্যর্থ হয়েছেন। এখন আবার আন্দোলনের ডাক দিয়ে যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন।প্রধানমন্ত্রী চাঁদপুরবাসীর উদ্দেশে বলেন, চাঁদপুরে টেকনোলজি ইনস্টিটিউট তৈরি করা হবে। এ ছাড়া চাঁদপুরে বিশ্ববিদ্যালয় স্থাপন, বিনোদনের জন্য শিশুপার্ক নির্মাণ, চাঁদপুর প্রেসক্লাবের উন্নতির জন্য ব্যবস্থা গ্রহণ, চাঁদপুর-শরীয়তপুর রুটে উন্নত ধরনের ফেরি চলাচলের ব্যবস্থা এবং নদীভাঙনের হাত থেকে রক্ষার জন্য নদীতে ড্রেজিংয়ের ব্যবস্থাও করা হবে।প্রধানমন্ত্রী আরও বলেন, ‘চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে জনগণ আমাদের চারটি সংসদীয় আসন উপহার দিয়েছে। আমরা চাঁদপুরের পাঁচটি আসনেই কাজ করে যাব। এ জন্য আমরা স্থানীয় সংসদ সদস্যদের এলাকার উন্নতিকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ দিয়েছি।’জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল হক ভূঁইয়ার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাংসদ মহীউদ্দীন খান আলমগীর, এম রফিকুল ইসলাম, সুবিদ আলী ভূঁইয়া, বাহাউদ্দিন বাহার প্রমুখ।