ভোলার নির্বাচনে সরকার বা আওয়ামী লীগ হস্তক্ষেপ করেনি: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ভোলা-৩ আসনে উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। এ নির্বাচনে সরকার বা আওয়ামী লীগ কোনো ধরনের হস্তক্ষেপ করেনি। নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটেছে। আজ রোববার ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হানিফ এ কথা বলেন। মাহবুবুল আলম হানিফ নির্বাচনের রায় মেনে নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বিএনপির কাছ থেকে সুষ্ঠু রাজনৈতিক আচরণ প্রত্যাশা করেন। তিনি আরও বলেন, ‘অতীত অপকর্মের জন্য বিএনপি ওই এলাকায় তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। নির্বাচনে তারই প্রতিফলন ঘটেছে।’ তিনি দাবি করেন, অতীতের যেকোনো উপনির্বাচনের চেয়ে এবারের নির্বাচন সুষ্ঠু হয়েছে। কোনো কেন্দ্রই ভোটারশূন্য ছিল না। পথে পথে ভোটারদের বাধা দেওয়ার ঘটনা ঘটেনি বলেও তিনি দাবি করেন।গতকালের মতো আজও হানিফ দাবি করেন, হাফিজ জিতুক, সেটা বিএনপি চায়নি। কারণ, হাফিজ ছিলেন সংস্কারপন্থী। তাঁর অভিযোগ, বিএনপি এটাকে ইস্যু বানাতে চায়। ননইস্যুকে ইস্যু বানিয়ে আন্দোলনের নামে জনজীবন বিপর্যস্ত করলে আওয়ামী লীগ বসে থাকবে না। জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করা হবে।