ভোলার বিচারক জাবেদ ইমামের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় জামিন পেলেন ভোলার জ্যেষ্ঠ সহকারী জজ জাবেদ ইমাম (সাময়িক বরখাস্ত)। আজ মঙ্গলবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আনিসুর রহমান তাঁর জামিনের আদেশ দেন। আদালত সূত্র জানায়, আজ আসামি জাবেদের ইমামের জামিনের আবেদন করা হয়। পরে তাঁর অনুপস্থিতিতে জামিনের শুনানি করা হয়। আদালত আসামি অসুস্থ—এ বিবেচনায় অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিষয়ে কোনো ধরনের বিরোধিতা করা হয়নি।গত বছরের ২০ ডিসেম্বর নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জাবেদ ইমামের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগপত্র দেন। এতে বলা হয়, ‘যশোর থেকে নিজেই মাইক্রোবাস চালিয়ে ৩৪২ বোতল ফেনসিডিল নিয়ে ঢাকায় আসেন জাবেদ ইমাম। গত বছরের ১ ডিসেম্বর রাজধানীর ইডেন কলেজের সামনে থেকে ফেনসিডিলসহ তাঁকে আটক করে পুলিশ।’ ওই বিচারককে আটকের পর নিউমার্কেট থানায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে পুলিশ। সেখানে জাবেদ ইমাম ফেনসিডিল বহনের কথা স্বীকার করেন।গত বছরের ২ ডিসেম্বর বিচারক জাবেদ ইমামকে গণমাধ্যমের সামনে হাজির করার ঘটনায় রমনা জোনের সহকারী কমিশনারসহ পাঁচ পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেন আদালত। এর পরিপ্রেক্ষিতে গত ৬ ডিসেম্বর জাবেদ ইমামকে গণমাধ্যমের সামনে হাজির করার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের উপকমিশনারসহ (রমনা) পুলিশের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ অপরাধ বিভাগ থেকে প্রত্যাহারের আদেশ দেন আদালত। পরে এই আদেশ স্থগিত করেন হাইকোর্ট।