আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম আহমেদের মৃত্যুর ঘটনায় সরকারদলীয় সাংসদ নুরুন্নবী চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে অবশেষে হত্যা মামলা হয়েছে। গতকাল বুধবার ইব্রাহিমের ভাই মাসুম আহমেদ বাদী হয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, এ ঘটনায় প্রথমে থানা মামলা নেয়নি।মামলার অন্য আসামিরা হলেন নুরুন্নবীর গাড়িচালক কামাল হোসেন, দেহরক্ষী দেলোয়ার হোসেন, যুবলীগের কর্মী মাজহারুল ইসলাম মিঠু, মিঠুর মাইক্রোবাসচালক মিজান, জীবন, রিটন ও আলমসহ অজ্ঞাতনামা ৮-১০ জন।গতকাল দুপুরে মহানগর হাকিম শাহাদত হোসেন বাদীর জবানবন্দি নেন। বিচারক আদেশে উল্লেখ করেন, ইব্রাহিমের মৃত্যু নিয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় অপমৃত্যুর মামলা রয়েছে। এ মামলার তদন্ত প্রতিবেদন না পাওয়ায় নালিশি মামলা নেওয়া হবে কি না, এ বিষয়ে আদালত কোনো আদেশ দেননি।এদিকে এ ঘটনায় দায়ের করা অপমৃত্যুর মামলায় এ পর্যন্ত ছয়জনকে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ। ইব্রাহিমকে খুন করা হয়েছে, নাকি দুর্ঘটনাবশত তিনি নিহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হতে পারেননি গোয়েন্দারা। ঘটনা উদ্ঘাটনে আরও সময় প্রয়োজন বলে মনে করেন তাঁরা।আদালতে দায়ের করা মামলার আরজিতে বলা হয়, যে গাড়ির ভেতরে ইব্রাহিমের মৃত্যু হয়েছে বলে বলা হচ্ছে, আটক গাড়িটি সে গাড়ি কি না, তা স্পষ্ট নয়। এ ছাড়া নিহতের পরিবারকে না জানিয়ে তড়িঘড়ি গোপনে অপমৃত্যু মামলা করাও রহস্যজনক।আরজিতে বলা হয়, পারিপার্শ্বিক ঘটনা ও আনুষঙ্গিক তথ্য প্রমাণ করছে যে আসামিরা পরিকল্পিতভাবে ইব্রাহিমকে খুন করেন। খুনের ঘটনা ভিন্ন খাতে নিতে তাঁরা অপমৃত্যু মামলা করেন। আসামি মিঠুর গাড়িতে করে লাশ ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং সেখানে লাশ ফেলে রেখে তাঁরা পালিয়ে যান। এই অপমৃত্যু মামলাই প্রমাণ করে, আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।আরজিতে বলা হয়, ইব্রাহিম ঢাকা মহানগর ৫৬ নম্বর ওয়ার্ডের দলীয় কাজ করার পাশাপাশি ভোলার তজুমদ্দিন উপজেলার বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। ভোলা-৩ উপনির্বাচনের সময় নুরুন্নবীর সঙ্গে ইব্রাহিমের ঘনিষ্ঠতা হয়। নুরুন্নবী ও ইব্রাহিমের মধ্যে ব্যবসায়িক ও আর্থিক লেনদেন রয়েছে। অপরিচিত মোবাইল ফোন থেকে তাঁকে প্রায়ই হত্যার হুমকি দেওয়া হতো। আরজিতে উল্লেখ করা হয়, ঢাকা সিটি করপোরেশন আসন্ন নির্বাচনে ৫৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিলে সাংসদ নুরুন্নবী এতে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়।অভিযোগ করা হয়, ১৩ আগস্ট রাত আটটার দিকে আসামি দেলোয়ার হোসেন মোবাইলে ইব্রাহিমের বিষয়ে জানতে পারেন এবং হাসপাতালে যান। এ সময় নুরুন্নবী পালিয়ে যান। তাঁর গাড়িচালক কামাল ইব্রাহিম হত্যার বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করেন।ডিবির তদন্ত: গত মঙ্গলবার থেকে শেরেবাংলা নগর থানায় দায়ের করা অপমৃত্যু মামলার তদন্ত শুরু করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। দুই দিনের তদন্তের পর গোয়েন্দারা মনে করছে, সংসদ ভবন এলাকাতেই ইব্রাহিম নিহত হয়েছেন। তবে এটা দুর্ঘটনা না খুন, তা নিশ্চিত হয়নি পুলিশ।গত মঙ্গলবার চালক কামাল, মিঠু ও মিজানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর গতকাল জিজ্ঞাসাবাদ করা হয় সাংসদের সহকারী ব্যক্তিগত সচিব সোহেল, তাঁর দেহরক্ষী দেলোয়ার ও শিমুলকে।গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাহবুবর রহমান প্রথম আলোকে বলেন, ‘দুই দিনের তদন্তে আমরা প্রাথমিকভাবে মনে করছি, অপমৃত্যুর মামলার এজাহারে যে ঘটনাস্থলের কথা বলা হয়েছে, সেটা ঠিক। তবে এটা দুর্ঘটনা না হত্যা, তা বলার মতো সময় এখনো আসেনি। আরও তদন্তের পর তা জানা যাবে। আর আজ সাংসদ নুরুন্নবীর গাড়িটি পরীক্ষা করা হবে।গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মনিরুজ্জামান বলেন, এ পর্যন্ত ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে।১৩ আগস্ট রাতে আওয়ামী লীগের কর্মী ইব্রাহিমের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ফেলে পালিয়ে যান কয়েকজন। ওই রাতেই ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরীর গাড়িচালক কামাল হোসেনের অভিযোগের ভিত্তিতে অপমৃত্যু মামলা নেয় শেরেবাংলা নগর থ ানা।সাংসদ নুরুন্নবীর বাড়ি ভোলার লালমোহনে। এলাকায় তাঁর পরিবার বিএনপিঘেঁষা বলে পরিচিত। তবে তিনি ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতি করতেন। ঢাকার সিদ্ধেশ্বরী কলেজ ছাত্রসংসদের ভিপি ছিলেন। তিনি ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) সাধারণ সম্পাদক হন। এক সময় তিনি ঢাকা সিটি করপোরেশন এবং সড়ক ও জনপথের (সওজ) ঠিকাদারি নিয়ন্ত্রণ করতেন। সওজের বড় বড় ঠিকাদারি কাজের সমঝোতার কাজ তিনি করতেন বলে অভিযোগ আছে।