ভোলার সেই বিচারককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত
রাজধানীর ইডেন কলেজের সামনে থেকে ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়া ভোলার জ্যেষ্ঠ সহকারী জজ মো. জাবেদ ইমামকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।আজ রোববার এ বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টে পাঠানো ওই প্রস্তাবে বলা হয়েছে, একজন বিচার বিভাগীয় কর্মকর্তার এ ধরনের অনৈতিক কার্যকলাপ গুরুতর অসদাচরণের শামিল। এছাড়াও কোন সরকারি কর্মচারী গ্রেপ্তার হলে তিনি সঙ্গে সঙ্গে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন বলে গণ্য হওয়ার বিধান আছে। এই পরিপ্রেক্ষিতে সরকার ভোলার জ্যেষ্ঠ সহকারী জজ মো. জাভেদ ইমামকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরসহ সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর ইডেন কলেজের সামনে থেকে ৩৪২ বোতল ফেনসিডিলসহ জ্যেষ্ঠ সহকারী জজ জাবেদ ইমামকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ এ ঘটনায় একটি মাইক্রোবাস ও একটি পিস্তল জব্দ করেছে।