ভোলার ৯টি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ
বাস ভাঙচুরের ঘটনার প্রতিবাদে ভোলার নয়টি রুটে গতকাল সোমবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাস মালিক সমিতি অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের এ সিদ্ধান্ত নেয়।প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানায়, শ্রীবার্ড নামে যাত্রীবাহী একটি বাস উপজেলার দক্ষিণ আইচা থেকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সন্ধ্যা ছয়টার দিকে বাসটি শহরের বাসস্ট্যান্ডে ঢুকে বাস কাউন্টারের দেয়ালের সঙ্গে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে যায়। আর ওই ধাক্কায় দেয়ালের সঙ্গে আগে থেকে দাঁড়িয়ে থাকা জুলেখা বেগম (৫৫) নামের এক নারী মারা যান। এ ঘটনায় উত্তেজিত জনতা ১৫টি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়।ভোলা বাস মালিক সমিতির সহসভাপতি রুহুল আমিন প্রথম আলোকে বলেন, পরিস্থিতি শান্ত করার জন্য বাস চলাচল বন্ধ আছে। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মল্লিক প্রথম আলোকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। কোনো পক্ষই মামলা করেনি। বাস চলাচলও বন্ধ আছে।চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই আলম প্রথম আলোকে বলেন, বাস চালু করার জন্য তাঁরা চেষ্টা চালাচ্ছেন।