ভোলাহাটে ছাত্রলীগের নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিএনপি-জামায়াতের সমর্থকদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের কর্মীদের সংঘর্ষে আবদুর রহমান (২২) নামের একজন ছাত্রলীগ-নেতা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পোল্লাডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। এ সময় ওই বাজারের দুটি দোকান ও সামনের রাস্তায় রাখা দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন বিএনপি-জামায়াতের সমর্থকেরা। এ ছাড়া, চার-পাঁচটি দোকান ভাঙচুর করা হয়।নিহত আবদুর রহমান পোল্লাডাঙ্গা গ্রামের দাউদ আলীর ছেলে। ভোলাহাট ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ প্রথম আলো ডটকমকে জানান, আবদুর রহমান দলদলী ইউনিয়ন শাখা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিএনপি-জামায়াতের সমর্থকেরা আজ সকালে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে পোল্লাডাঙ্গা বাজারে যান। হরতালকারীরা বাজারে অবস্থিত আবদুর রহমানের দোকানে গিয়ে তাঁকে দোকান বন্ধ করতে বলেন। এতে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সেখানে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আবদুর রহমান। আহত আবদুর রহমানকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ সোহরাওয়ার্দী প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।