ভোলায় আ.লীগ ও বিএনপির সংঘর্ষ, আহত ৭০
ভোলার দৌলতখান উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে গতকাল সোমবার দেড় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ ৭০ জন আহত হয়েছে। ভাঙচুর করা হয় বিএনপি ও বঙ্গবন্ধু পরিষদের কার্যালয়।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, স্বেচ্ছাসেবক দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সকাল নয়টা থেকে মিছিল নিয়ে দৌলতখান বাজারে দলীয় কার্যালয়ে আসতে থাকেন। পৌনে ১০টার দিকে আওয়ামী লীগের কর্মী ও মাছ ব্যবসায়ী আবদুল হাইয়ের নেতৃত্বে ২০০-৩০০ কর্মীর একটি মিছিল বাজার প্রদক্ষিণ করেন। একপর্যায়ে তাঁরা বিএনপির নেতা-কর্মীদের মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করলে দুই পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বাধে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলা সংঘর্ষে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের দৌলতখান শাখার ৫০ জন নেতা-কর্মী, আওয়ামী লীগের ১৫ জন, চার পুলিশ সদস্য ও এক সাংবাদিক আহত হন। তাঁরা ভোলা সদর হাসপাতাল, দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।সংঘর্ষের একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা বঙ্গবন্ধু পরিষদ এবং আওয়ামী লীগের কর্মীরা বিএনপির কার্যালয় ভাঙচুর করেন। বিপুলসংখ্যক পুলিশ নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ও দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুল হক মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।দৈনিক খবরপত্র -এর দৌলতখান প্রতিনিধি মামুনুর রহমান ও দিনকাল-এর প্রতিনিধি কাজী জামাল দাবি করেন, সংঘর্ষের ছবি তুলতে গেলে আওয়ামী লীগের কর্মীরা তাঁদের ক্যামেরা ও মুঠোফোন ছিনিয়ে নেন।স্বেচ্ছাসেবক দলের দৌলতখান উপজেলা শাখার সাধারণ সম্পাদক মহসিন রাশেদ প্রথম আলোকে বলেন, ‘স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার অনুমতি নিয়েছিলাম। পুলিশ আমাদের পাহারা দিচ্ছিল। এ সময় দৌলতখান পৌরসভার মেয়র আলী আজম মুকুলের নির্দেশে আওয়ামী লীগের নেতা আবদুল হাইয়ের নেতৃত্বে ২০০-৩০০ নেতা-কর্মী অতর্কিত হামলা চালিয়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পন্ড করে দেয়।’অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের দৌলতখান শাখার নির্বাহী সদস্য ও পৌরসভার মেয়র আলী আজম বলেন, ‘জাতীয় শোক দিবস উপলক্ষে ২১ আগস্ট পর্যন্ত কর্মসূচি নিয়েছি। তারই অংশ হিসেবে শান্তিপূর্ণ মিছিল বের করলে ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপির নেতা-কর্মীরা।’যোগাযোগ করা হলে দৌলতখান থানার ওসি মুজিবুল হক বলেন, ‘কোন পক্ষ আগে হামলা করেছে বলতে পারব না। সংঘর্ষের মধ্যে পড়ে আমার একজন এসআই, একজন এএসআই ও দুই কনস্টেবল আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।’