ভোলায় আগুনে পুড়ে গেছে ২৫ দোকান, আহত ১৫
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন বাজারে গতকাল বুধবার দিবাগত রাতে আগুনে পুড়ে গেছে ২৫টি দোকান। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে ১৫ জন। দোকান-মালিকদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নুরে আলম পাটওয়ারী জানান, গতকাল রাত সাড়ে ১১টার দিকে মো. ফিরোজ বুলাইয়ের সুতার দোকানে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দমকল বাহিনীর সদস্যরা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত দুইটার দিকে আগুন নেভাতে সক্ষম হন। আগুন নেভাতে গিয়ে ১৫ জন আহত হন। আহত ব্যক্তিরা স্থানীয় হাসপাতালে চিকিত্সা নিয়েছে।নুরে আলম আরও জানান, তাঁর আটটি দোকানসহ ২৫টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এগুলোর মধ্যে জুয়েলারি, সার, ওষুধ, জ্বালানি তেল, সুতা, মুঠোফোন ও মুদির দোকান রয়েছে।ভোলা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম ফকির ও ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবাশ্বের আলী আগুন লাগার ঘটনাটি নিশ্চিত করেছেন।