ভোলায় আজও ১৩টি রুটে যান চলাচল বন্ধ
ভোলা জেলায় ১৩টি রুটে আজ সোমবার দ্বিতীয় দিনের মতো সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া দেওয়া নিয়ে ভোলা সরকারি কলেজের শিক্ষার্থী ও বাসশ্রমিকদের সংঘর্ষের জেরে একজন বাসশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গতকাল দুপুর থেকে সড়ক অবরোধ করে রেখেছে ভোলা বাস মালিক সমিতি। এতে আজও রুটগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাসে অর্ধেক ভাড়া দেওয়াকে কেন্দ্র করে গতকাল ভোলা সরকারি কলেজের ছাত্রদের সঙ্গে বাসশ্রমিকদের সংঘর্ষ হয়। এর জের ধরে মমিন (১২) নামের এক বাসশ্রমিক নিহত হয়। আহত হয় অন্তত ৬১ জন। এ ঘটনার প্রতিবাদে ভোলা-চরফ্যাশন আন্তমহাসড়কে আড়াআড়িভাবে কয়েকটি বাস ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে ভোলার ১৩টি রুটে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় বাস মালিক সমিতি। এসব সড়ক পথ ব্যবহার করে কোনো গাড়ি যেতে চাইলে বাসশ্রমিকেরা চালকদের মারধর করে বলেও অভিযোগ পাওয়া গেছে। আজ সকাল থেকে ভোলা সরকারি কলেজের ছাত্র-শিক্ষকদের কটূক্তি করে শ্রমিক হত্যার বিচার চেয়ে দফায় দফায় বিক্ষোভ করছেন বাসশ্রমিকেরা। একই দাবিতে ওই কলেজ অভিমুখে হামলা করতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এদিকে সকাল থেকে ওই কলেজের ছাত্র-শিক্ষকেরা কয়েকটি দলে ভাগ হয়ে কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে বাস মালিক সমিতি ও শ্রমিকদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন।ভোলা কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি তৈয়বুর রহমান অভিযোগ করেন, ‘সারা দেশে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া রাখা হয়। কিন্তু ভোলায় অর্ধেক ভাড়া দিতে গেলে বাস মালিক সমিতির লেলিয়ে দেওয়া শ্রমিকেরা কারণে-অকারণে শিক্ষার্থীদের মারধর করে। শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর-লুটপাট চালায়।’প্রথম আলো ডটকমকে ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ পারভীন আখতারের দেওয়া ভাষ্যমতে, গত রোববার রাতে বাসশ্রমিকেরা বাসায় ও মেসে ঢুকে ছাত্রদের মারধর করে। বাসের তলায় ফেলে ছাত্রদের হত্যা করতে গিয়ে নিজেদের শ্রমিককে হত্যা করে। এখন তাঁরা ছাত্রদের ফাঁসানোর চেষ্টা করছেন। শ্রমিকেরা কলেজে হামলা চালিয়ে ১০ লাখ টাকার সম্পদের ক্ষতি করেছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালামের ভাষ্য, ‘বাস ভাঙচুর, শ্রমিক হত্যা, শ্রমিক নির্যাতনের সুষ্ঠু বিচার ও অবৈধ যান অপসারণ না করা পর্যন্ত আমাদের অবরোধ চলবে।’ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আলী প্রথম আলো ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় ব্যাপক পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে কোনো পক্ষই এখনো মামলা করেনি।