ভোলায় এক হাসপাতাল দুবার উদ্বোধন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা লালমোহন উপজেলায় ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি এ নিয়ে দুবার উদ্বোধন করা হলো। আর উদ্বোধন করলেন ক্ষমতাসীন আওয়ামী লীগেরই দুজন সাংসদ। অথচ হাসপাতালে পর্যাপ্ত চিকিত্সক, সেবিকা এমনকি প্রয়োজনীয় সরঞ্জামাদি নেই। সেসব দিক বিবেচনা না করে সাংসদেরা উদ্বোধন নিয়ে ব্যস্ত। আজ বুধবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে হাসপাতাল ভবনটি দ্বিতীয়বারের মতো উদ্বোধন করেন বর্তমান সাংসদ নূরনবী চৌধুরী শাওন। এ সময় তিনি বলেন, ‘লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে স্বয়ংসম্পূর্ণ করার সর্বাত্মক চেষ্টা থাকবে আমার। কারণ লালমোহনের অধিকাংশ মানুষ নদীভাঙনের শিকার ও দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। তারা যাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সঠিক চিকিত্সা পায়, তার ব্যবস্থা করব।’ একই ভবন ২০০৯ সালের ২৭ আগস্ট উদ্বোধন করেন সাংসদ জসিম উদ্দিন আহাম্মেদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সটি সম্পূর্ণ নির্মিত হওয়ার পর ২০০৯ সালে উদ্বোধন করে এর কার্যক্রম শুরু করেছি। তখনো বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার দায়িত্বে ছিলেন লাবণ্য প্রভা দে। অন্যান্যের মধ্যে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তত্কালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবর আলী মীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নজরুল ইসলাম, উপজেলার ভাইস চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ফকির প্রমুখ।’ সাবেক সাংসদ অভিযোগ করেন, ‘বর্তমান সাংসদ নূরনবী হিংসা ও জেদের বশবর্তী হয়ে আমার উদ্বোধন করা নামফলক ভেঙে একই ভবন পুনরায় উদ্বোধন করলেন। অথচ হাসপাতালে চিকিত্সক নেই, নেই সেবিকা ও চিকিত্সা-সরঞ্জাম। চিকিত্সকের অভাবে গরিব রোগীরা সঠিক চিকিত্সা পাচ্ছে না।’ জবাবে বর্তমান সাংসদ নূরনবী চৌধুরী বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি আমিই প্রথম উদ্বোধন করেছি। এর আগে কেউ এটি উদ্বোধন করেনি।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা লাবণ্য প্রভা দে প্রথম আলোকে বলেন, ‘২০০৮ সালের শেষের দিকে স্বাস্থ্য কমপ্লেক্সটির কার্যক্রম শেষ হয়। এরপর সাবেক সাংসদ জসিম উদ্দিন আহাম্মেদ ২০০৯ সালে একবার উদ্বোধন করেন। তখন স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম শুরু হয়নি। আজ সাংসদ নূরনবী চৌধুরী ভবনের কার্যক্রমের উদ্বোধন করলেন।’