ভোলায় কাল ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের উপনির্বাচন কাল শনিবার। নির্বাচনী প্রচার ও গণসংযোগের শেষ দিন গতকাল বৃহস্পতিবারও বিভিন্ন এলাকায় সংঘর্ষ হয়েছে। আহতদের বেশির ভাগই বিএনপির এবং লালমোহনের বদরপুর, কালমা ও ধলিগৌরনগর ইউনিয়নের বাসিন্দা।বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ দাবি করেন, গতকাল তাঁর অন্তত ৫০ জন কর্মীকে কুপিয়ে-পিটিয়ে আহত করা হয়েছে। তবে তিনি নির্বাচন পেছানোর যে দাবি করেছিলেন, তা থেকে পিছিয়ে এসেছেন। গতকাল তিনি সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে আমরা থাকব। ভোটাররা কেন্দ্রে আসতে পারলে আমরাই জিতব।’তবে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচন সমন্বয়কারী তোফায়েল আহমেদ অভিযোগ করেন, বিএনপি তাদের সুস্থ লোককে ব্যান্ডেজ লাগিয়ে আহত সাজিয়ে সাংবাদিকদের দেখাচ্ছে।এ ছাড়া আওয়ামী লীগের প্রার্থী নূরনবী চৌধুরীর পক্ষে প্রচারে অংশ নেওয়া ভোলা-৪ আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল তাঁদের দলেরও অন্তত ১০ জন আহত হয়েছেন বিএনপির হামলায়।পুলিশ সূত্রে জানা গেছে, ২৯ মার্চ থেকে গতকাল পর্যন্ত লালমোহন উপজেলায় তিনজন ও তজুমদ্দিন উপজেলায় ১১ জনকে আটক করা হয়েছে। এদের অধিকাংশই মামলার আসামি। তবে মারামারির ঘটনায় গ্রেপ্তার নেই বললেই চলে। এদিকে এ উপনির্বাচনে নির্বাচন কমিশন ও স্থানীয় পুলিশ দুই উপজেলার ৩৯টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এগুলোর মধ্যে লালমোহনে ১৯ ও তজুমদ্দিনে ১৮টি। স্থানীয়দের আশঙ্কা, ঝুঁকিপূর্ণ অনেক কেন্দ্রে ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবেন না। অনেকে বলছেন, কেন্দ্রে নিরাপত্তা থাকলেও বাড়িতে তো কেউ নিরাপত্তা দিচ্ছে না। এ দুই উপজেলায় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত বিভিন্ন কেন্দ্র এলাকায় ঘুরে দেখা গেছে, বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে আতঙ্ক বেশি কাজ করছে।তজুমদ্দিনের দক্ষিণ শুম্ভপুর ইউনিয়নের বাসিন্দা আবুল বাশার বলেন, ‘আওয়ামী লীগের লোকজন এসে বলেছে ভোটকেন্দ্রে তাদের সামনে সিল মারতে।’অবশ্য লালমোহনের লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের নজির আহমেদ বলেন, ওই ইউনিয়নের অন্নদা প্রসাদ গ্রামে ২০০১ সালের নির্বাচনের পর বিএনপির লোকজন একাধিক ধর্ষণ ও সংর্ঘষের ঘটনা ঘটিয়েছে। সে তুলনায় আওয়ামী লীগ কিছুই করছে না। সেখানকার আকতার উল্লাহ বলেন, তাঁর ভয়, আবারও না সংঘর্ষ হয়।আতঙ্ক তিন ইউনিয়নে: চর জহিরউদ্দিনের পাঁচটি ভোটকেন্দ্রের সবগুলোকেই সবচেয়ে ঝুঁকিপূর্ণ ইউনিয়ন হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় এখানে জলদস্যুদের উৎপাতও রয়েছে। চর জহিরউদ্দিনে ভোটার রয়েছে প্রায় ১৪ হাজার। অতীতের প্রায় প্রত্যেক নির্বাচনে এই ইউনিয়নে মারামারি হয়েছে।আহত: সরেজমিনে গিয়ে গতকাল বিকেল সাড়ে চারটা পর্যন্ত ১৩ জনকে আহত অবস্থায় হাফিজউদ্দিনের বাসায় নিয়ে আসতে দেখা গেছে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে অনেককে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কালমার চর ছকিনার ফুলগাজী বাড়ির আহত বৃদ্ধা আমেনা সাংবাদিকদের বলেন, ‘সন্ত্রাসীরা আমার ছেলেকে বাড়ি থেকে ধরে নিয়ে তরুল্লা এলাকায় নিয়ে দুই পায়ের রগ কেটে দিয়েছে। আমি বাঁচাতে গেলে আমাকেও দা দিয়ে কুপায়।’গতকাল বদরপুর ইউনিয়নের চরটিটিয়া গ্রামের বিএনপির কর্মী মাহবুব আলম হাওলাদার ও মো. হারুন গতকাল লালমোহন বাজারে প্রথম আলোকে বলেন, তাঁদের দুজনকেসহ বদরপুরের বিএনপির কর্মীকে বাড়ি যেতে দেওয়া হচ্ছে না।এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, মারামারি বা হুমকির ঘটনায় এ পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।আওয়ামী লীগের স্থানীয় নেতারা অভিযোগ করেন, ২০০১ সালের নির্বাচনে কালমাতে বিএনপির হামলায় আওয়ামী লীগের এক কর্মী খুন হন। তবে এই উপনির্বাচনে কালমার সব কটি কেন্দ্রেই আওয়ামী লীগের আধিপত্য। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক দায়িত্বশীল নেতা বলেন, কালমা ও বদরপুরের অনেক কেন্দ্রে বিএনপি এজেন্ট দিতে পারবে না। অন্যদিকে বিএনপি অধ্যুষিত রমাগঞ্জের দুই একটা কেন্দ্রে আওয়ামী লীগের এজেন্ট দিতে হিমশিম খেতে হবে। কালমা ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা সাড়ে ২১ হাজার। রমাগঞ্জে ভোটার রয়েছেন প্রায় ১৪ হাজার এবং লর্ড হার্ডিঞ্জে ভোটার ১৫ হাজারের ওপরে। বদরপুরে ভোটার আছেন প্রায় ২০ হাজার।কাশেম নিয়ে দু দলের টানাটানি: গতকাল গুরুতর আহত লালমোহন সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফুলবাগিচা গ্রামের আবুল কাশেমকে (২৬) বিএনপি ও আওয়ামী লীগ দু দলই নিজেদের কর্মী বলে দাবি করছে। লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আবুল কাশেম তখনো সংজ্ঞাহীন ছিরেন। তাঁর বাবা কালা মিয়া প্রথম আলোকে বলেন, কাশেম যুবলীগের কর্মী। তিনি গতকাল বিকেলে সাড়ে চারটার দিকে বাড়ি থেকে লালমোহন শহরে আসার পথে নয়নী গ্রামের সিদ্দিকের দোকানের সামনে তাঁকে বিএনপির কর্মীরা মারধর করে। এরপর বিএনপির প্রার্থী হাফিজউদ্দিনের বাসায় নিয়ে যায়।এর আগে গতকাল বিকেল চারটার দিকে হাফিজউদ্দিনের বাসায় সংবাদ সম্মেলন চলাকালে বিএনপির কর্মীরা সেখানে আহত আবুল কাশেমকে অজ্ঞান অবস্থায় নিয়ে আসে। তখন হাফিজউদ্দিন দাবি করেন, কাশেম তাঁর দলের কর্মী।সন্ধ্যায় তাঁকে হাসপাতালে কাশেমকে দেখতে যান আওয়ামী লীগের প্রার্থী নূরন্নবী চৌধুরী।ঝুঁকিপূর্ণ আরও কেন্দ্র: ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোর মধ্যে লালমোহনের বদরপুর ইউনিয়নে তিনটি, কালমায় দুটি, লর্ড হার্ডিঞ্জে ধলীগৌরনগরে চারটি, চরভুতায় একটি, ফরাশগঞ্জে তিনটি, পশ্চিম চর উমেদপুরে দুটি, রমাগঞ্জ ও লর্ড হার্ডিঞ্জে একটি করে কেন্দ্র রয়েছে।এসব কেন্দ্রে গত এক সপ্তাহে কয়েক দফা পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।নির্বাচন কমিশনের শঙ্কা: নির্বাচনী প্রক্রিয়া, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি—সব মিলিয়ে নির্বাচন কমিশন মনে করে, কেন্দ্র দখল কিংবা ব্যালট বাক্স ছিনতাইয়ের কোনো সুযোগ নেই এই নির্বাচনে। নির্বাচন-সংশ্লিষ্ট অনেক কর্মকর্তার শঙ্কা ভোটারদের ভয়-ভীতি দেখানো হয় কি না। ভোটারদের ভয়-ভীতি দেখানো বন্ধে র‌্যাবকে টহলে রাখার কথা বলা হয়েছে। কিন্তু নির্বাচনী এলাকা অনেক বড় এবং যোগাযোগব্যবস্থাও ভালো নয়, এ অবস্থায় র‌্যাব সব এলাকায় পর্যাপ্ত টহল দিতে পারবে কি না, এ নিয়েও সন্দেহ আছে অনেকের। আর এ সুযোগটা নিতে পারে সন্ত্রাসীরা। প্রচার শেষ: গতকাল রাতেই নির্বাচনী প্রচার শেষ হয়েছে। গতকাল বিকেলে বিএনপি লালমোহন বাজারে গণমিছিল করে। এতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপির প্রার্থী সারা দিনই লালমোহনের সাতানীবাজার, বদরপুর, ফরাশগঞ্জসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। আওয়ামী লীগের প্রার্থী গতকাল তজুমদ্দিন উপজেলার সব নেতার সঙ্গে শশীবাজারে বিকেলে বৈঠক করেন। এ ছাড়া সারা দিনই ওই উপজেলার বিভিন্ন স্থানে ৩০টি মিছিল হয়। তিনি লালমোহনের বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন।আওয়ামী লীগের সংবাদ সম্মেলন: আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী সমন্বয়কারী তোফায়েল আহমেদ গতকাল বিকেল তিনটায় লালমোহনের কলেজপাড়ায় এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, এজেন্টের নামে বহিরাগত এনে বিএনপি নির্বাচন তছনছ করতে চায়। তারা নির্বাচন চায় না, নির্বাচনকে ইস্যু করার জন্য বহিরাগত ছাত্রদলের নেতাদের এজেন্ট বানানোর চেষ্টা চালাচ্ছে। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, বাহাউদ্দিন নাসিম উপস্থিত ছিলেন।হাফিজের সংবাদ সম্মেলন: হাফিজউদ্দিন আহমেদ বিকেল চারটায় নিজ বাসভবনে পাল্টা এক সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচনী আইন মেনেই এজেন্ট নিয়োগ করবেন তিনি। স্থানীয়দের ভয়-ভীতি দেখানোর কারণে লালমোহন-তজুমদ্দিনের বাইরে থেকে পোলিং এজেন্ট নিয়োগ করা হবে। বিএনপির নেতা আমান উল্লাহ আমানকে তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট নিয়োগ করা হয়েছে বলেও জানান। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, আবদুল্লাহ আল নোমান, সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। জানা গেছে, নাজিম উদ্দিন আলমের পরিবর্তে হাফিজ ইব্রাহিমকে নির্বাচনে হাফিজউদ্দিন আহমেদের প্রধান সমন্বয়কারী করা হয়েছে।বিএনপির দাবি: গতকাল বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোলায় রিটার্নিং কর্মকর্তার সঙ্গে বৈঠক করে নির্বাচনে তাদের ৩০ জন কেন্দ্রীয় নেতাকে থাকার অনুমতি দেওয়ার দাবি জানান।আ. লীগের অভিযোগ: উপনির্বাচনে সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার হিসেবে বিএনপি-জামায়াতের লোকদের অন্তত ১৭টি কেন্দ্রে নিয়োগের লিখিত অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ। অভিযুক্ত পোলিং ও প্রিসাইডিং কর্মকর্তার বেশির ভাগই মাদ্রাসার শিক্ষক। অভিযোগে বলা হয়, কালমার ডা. আজহারউদ্দিন রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের অন্তত ১০ জন পোলিং অফিসার জামায়াতের কর্মী।বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন বলেন, নির্বাচনী কর্মকর্তাদের অনেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁরা তালিকা করে নির্বাচন কমিশনে পাঠাবেন।