ভোলায় কেন্দ্র দখল, সংঘর্ষ, অন্যত্র শান্তিপূর্ণ ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম পর্যায়ের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় দিনে গতকাল বৃহস্পতিবার দেশের আট জেলার ১৫ উপজেলার ১২৭টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। তবে ভোলার বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলার বেশ কিছু ভোটকেন্দ্র দখল, দখলের চেষ্টা, ব্যালট ছিনতাই, জাল ভোট প্রদান এবং এ নিয়ে ইউপি চেয়ারম্যান ও সদস্যপ্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও পুলিশের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।গতকাল বরিশাল জেলা সদর, বাকেরগঞ্জ ও বাবুগঞ্জ উপজেলার ২৯ ইউপি, সাতক্ষীরার শ্যামনগর ও কালীগঞ্জের ২৪ ইউপি, ভোলার বোরহানউদ্দিন ও লালমোহনের ১৭ ইউপি, বরগুনার সদর ও বেতাগীর ১৭ ইউপি, বাগেরহাটের ফকিরহাট ও মোল্লারহাটের ১৫ ইউপি, পটুয়াখালীর মির্জাগঞ্জ ও দুমকির নয় ইউপি, ঝালকাঠি সদরের নয় ইউপি এবং পিরোজপুরের ভান্ডারিয়ার সাত ইউপিতে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এর মধ্যে ভোলা ছাড়া অন্য সব জায়গায় বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচারের জন্য প্রতি উপজেলায় একজন করে বিচারিক ও নির্বাহী হাকিম নিয়োজিত ছিলেন।ভোলায় কেন্দ্র দখল, সংঘর্ষ: পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের তোরাবগঞ্জ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখল নিয়ে গতকাল বেলা আড়াইটার দিকে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আক্তার হোসেন ও আক্তার হোসেন ঝন্টুর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। দুই পক্ষের ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। বেলা তিনটার দিকে একই উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব রমাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউপি সদস্য আবদুস শহিদ ও মো. জাফর নয়বাওয়ার সমর্থকদের মধ্যে জাল ভোট দেওয়া নিয়ে ব্যাপক সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ ও বোমাবাজি হয়েছে। এ সময় প্রিসাইডিং কর্মকর্তা মোজাম্মেল হোসেনের নির্দেশে পুলিশ চারটি ফাঁকা গুলি ছোড়ে। ইটের আঘাতে পুলিশ হাবিলদার খোকন চক্রবর্তীসহ দুই পক্ষের ১৫ জন আহত হন। দুপুর সাড়ে ১২টার দিকে লালমোহন ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী নুরুল আমিনের সমর্থকেরা লালমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করতে গেলে সিদ্দিকের সমর্থকেরা বাধা দেন। সংঘর্ষে আহত হন ২০ জন। একই সময় ফরাজগঞ্জ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সাতানী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদপ্রার্থী ফয়জুুল্লাহ খোকন ও ফরহাদ হোসেনের সমর্থকদের সংঘর্ষে পাঁচজন আহত হন। বোরহানউদ্দিনের বড় মানিকা ইউনিয়নের পাঁচ নম্বর উত্তর-পূর্ব বাটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টার দিকে চেয়ারম্যান পদপ্রার্থী জহিরউদ্দিনের সমর্থক নুরুল ইসলামের নেতৃত্বে তিনটি ব্যালট ছিনতাই হয়। ওই সময় ইউপি সদস্য পদপ্রার্থী রফিকুল ইসলাম ও জাহাঙ্গীর ফরাজীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হন ১০ জন। এর আগে সকাল নয়টার দিকে চেয়ারম্যান পদপ্রার্থী আল এমরান খোকন ও জহিরউদ্দিনের সমর্থকদের মধ্যে সকাল নয়টায় পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। সকাল সাড়ে আটটার দিকে ওই ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড কেন্দ্রে ইউপি সদস্য পদপ্রার্থী সোলায়মান ও মো. জাফরের সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে ১০ জন আহত হন।এ ব্যাপারে বোরহানউদ্দিনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম ও লালমোহনের ইউএনও সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, উপজেলার ইতিহাসে ইউনিয়ন পর্যায়ে এত সুন্দর ও সুষ্ঠু ভোট আর গ্রহণ করা হয়নি। যাঁরা কেন্দ্রে গোলযোগ, ব্যালট ছিনতাই, কেন্দ্র দখল, প্রভাব বিস্তার, জালভোট, সংঘর্ষ-সংঘাতে লিপ্ত হয়েছেন, তাঁদের আটকসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ম্যাজিস্ট্রেট। দুজন পুলিশ আহত: শ্যামনগরের গোবিন্দকাঠি কেন্দ্রে ভোট গণনা শুরুর আগে জনতাকে সরিয়ে দেওয়ার সময় লোকজন পুলিশের ওপর ইট নিক্ষেপ করে। এতে সহকারী উপপরিদর্শক গোলাম মোস্তফা ও কনস্টেবল মো. মোস্তফা আহত হন।বোরকা পাল্টে নারীদের জাল ভোট: লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদ ফোরকানিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের পেছনে একটি টিনের ঘর। সেখানে শত শত নারী। বোরকা পরা নারীরা একবার ভোট দিয়ে ওই টিনের ঘরে চলে যান। পেঁপের কষ দিয়ে আঙুলের কালি মুছে বোরকা পাল্টে আবার ভোট দিতে আসেন। কিন্তু লাইনে সকাল থেকে যাঁরা দাঁড়িয়ে ছিলেন, তাঁরা দুপুর পর্যন্ত দাঁড়িয়ে থাকলেও ভোট দিতে পারেননি। জাল ভোট দিতে সহযোগিতা করেন প্রার্থীদের এজেন্টরা। বিবি রহিমা নামের এক ভোটারের হাতে কালি লাগানো থাকলেও তিনি অস্বীকার করেন। সরেজমিন লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলায় দেখা যায়, প্রতিটি ভোটকেন্দ্রের আশপাশে একটি গোপন ঘরে নারীরা বোরকা পাল্টে বারবার জাল ভোট দিচ্ছেন। বিষয়টি স্বীকার করে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রিসাইডিং কর্মকর্তা জানান, নারীদের মুখ দেখতে চাইলে তাঁরা প্রভাবশালী চেয়ারম্যানের কর্মীদের নিয়ে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে’ বলে অভিযোগ করেন। এ জন্য কিছু বলা যাচ্ছে না। আটক, কারাদণ্ড: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বোরহানউদ্দিন ও লালমোহনে ৩৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে র্যাব, পুলিশ, কোস্টগার্ডের সদস্যরা ৭০ জনকে আটক করেছেন।পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ঝাঁটিবুনিয়া ম ই মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় গতকাল প্রার্থীর পক্ষে প্রচারণার দায়ে হিজাজুল ইসলাম (১৯) নামের একজনকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ওই কেন্দ্র থেকে বিভিন্ন প্রার্থীর তিন এজেন্টকে বহিষ্কার করা হয় ভোটারদের প্রভাবিত করার অভিযোগে। মারামারি করায় মজিদবাড়িয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আবদুল গনি হাওলাদার, সহিদুল ইসলামসহ চারজনকে আটক করা হয়। পটুয়াখালীর ভান্ডারিয়ার তেলিখালী ইউনিয়নের নয় নম্বর হরিণপালা নেছারিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসাকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এজেন্ট জামাল উদ্দিনকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।সাতক্ষীরার শ্যামনগর সদরে বাঁধঘাটা কেন্দ্রের বাইরে উসকানিমূলক কথা বলে বিরোধের অভিযোগে দুই যুবককে আটক করা হয়।আজ ১৩ ইউপিতে ভোট: আজ ১ এপ্রিল বরিশালের হিজলা উপজেলার চার ইউপি, পটুয়াখালীর কলাপাড়ার চার ইউপি এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলার পাঁচটি ইউপিতে ভোট গ্রহণ করা হবে।