ভোলায় গেছো বাঘ পিটিয়ে হত্যা
ভোলার ভেদুরিয়ায় একটি গেছো বাঘ পিটিয়ে মেরে ফেলা হয়েছে। বন বিভাগ ময়নাতদন্তের জন্য মৃত বাঘটিকে ভোলা পশু হাসপাতালে পাঠিয়েছে।আজ মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের কুঞ্জপট্টি এলাকার হাঁসের খামারি হজরত আলী বাঘটিকে পিটিয়ে মেরে ফেলেন। বাঘটি দুই ফুট লম্বা এবং সারা শরীরে ডোরা-কাটা দাগ রয়েছে।খবর পেয়ে বন বিভাগের কর্মীরা দুপুরে মৃত বাঘটি উদ্ধার করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।হাঁস খামারি হজরত আলী প্রথম আলোকে বলেন, গত কয়েক দিনে তাঁর খামার থেকে দুই শতাধিক হাঁস খোয়া গেছে। তাই গতকাল সোমবার দিবাগত রাতে তিনি খামারের আশপাশে জাল পেতে রাখেন। এর ফলে বাঘটি জালে আটকে যায়। সকালে এলাকাবাসী বাঘটি পিটিয়ে মেরে ফেলে। তিনি জানান, এটির সঙ্গে আরও একটি বাঘ থাকার সম্ভাবনা রয়েছে।উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবু সাঈদ প্রথম আলোকে বলেন, যে প্রাণীটি মারা হয়েছে, সেটি বিলুপ্তপ্রায় প্রাণী। এরা সব সময় জোড়া বেঁধে থাকে। ধারণা করা হচ্ছে, এর সঙ্গে আরও একটি আছে। এর স্থানীয় নাম বাঘডাসা। তবে এটি গেছো বাঘের প্রজাতি। বন্য প্রাণী মারা বেআইনি। খামারি হজরত আলী বাঘটি মেরে অন্যায় করেছেন। ময়নাতদন্তের পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।